রাজা রামমোহন ‘রাজা’ ছিলেন না। বাংলার রেনেসাঁর এই অগ্রদূত ছিলেন সমাজ সংস্কারের রাজা। আর আমাদের এই বাংলাদেশের রংপুরে তাঁর পরিচয় ছিল একজন সরকারি কর্মকর্তা। নেই নেই করে এখনো রংপুর শহরে টিকে আছে রাজা রামমোহন রায়ের কিছু স্মৃতি। রংপুরে তত্কালীন ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিসের একজন কর্মচারী ছিলেন রামমোহন। তিনি ১৮০৯ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ‘দেওয়ান’ পদে চাকরি করেছেন এখানে। রামমোহন রায় একটি জেলায় পাঁচটি বছর কাটাবেন, আর সেখানে সমাজ সংস্কারে হাত দেবেন না; তা তো হয় না! নানামুখী সমাজ সংস্কারের কাজ করেছেন এই শহরে। কিছু কিছু সামাজিক আন্দোলন গড়ে তোলারও উদাহরণ পাওয়া যায়। শহরের ভেতর ‘রংপুর পৌরবাজার’টি রাজা রামমোহনের উদ্যোগেই শুরু হয়েছিল বলে জানা যায়। এখন শহরের সবচেয়ে বড় বাজার কিন্তু ওই পৌরবাজারটিই। সমাজ সংস্কারের অংশ হিসেবে রামমোহন রায় তখন ধর্ম সংস্কারেও হাত দিয়েছেন। দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে মিলে ব্রাহ্ম ধর্মচর্চা শুরু করেছেন। এই ধারাবাহিকতায় রংপুর শহরেও একটি ব্রাহ্ম মন্দির স্থাপন করেছিলেন। কালের ছোবলে ওই মন্দির আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। রংপুরে এত দিন ‘দেওয়ান’ রামমোহন রায়ের স্মৃতি ধরে রাখার কাজটি করছিল দেওয়ানটুলি এলাকা। শহরের মাহিগঞ্জের (আদি রংপুর শহর) যে জায়গায় রামমোহন রায় বসবাস করতেন, ওই জায়গারই নাম রাখা হয়েছিল দেওয়ানটুলি। তাঁর আরেকটি স্মৃতি টিকে ছিল শহরে ‘রামমোহন মার্কেট’ নামে তিনতলা একটি আধুনিক মার্কেটে। এত দিন পর গত বছরের ২৫ আগস্ট ওই মার্কেটে রামমোহন রায়ের একটি ম্যুরাল স্থাপনের ভেতর দিয়ে এই সমাজসংস্কারককে ধরে রাখার তত্পরতা শুরু হলো জোরেশোরে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া উদ্বোধন করলেন এই ম্যুরাল। ‘আন্তর্জাতিক বাঙালি সংগঠন’-এর লন্ডন শাখা ও ‘রাজা রামমোহন ক্লাব’-এর যৌথ উদ্যোগে এই ম্যুরাল স্থাপন করা হলো। রাজা রামমোহন মার্কেটের দেয়ালে সাত ফুট বাই পাঁচ ফুটের এই ম্যুরালটি তৈরি করেছেন রংপুরেরই ভাস্কর অনিক রেজা। অনিক রাজা রামমোহনকে দেখেননি। কিন্তু বিরাট মাপের এ মানুষটির ম্যুরাল তৈরি করতে গিয়ে যেন রামমোহনকে উপলব্ধি করতে পেরেছেন, ‘এত বড় মাপের একজন সমাজসংস্কারক ছিলেন। এ কাজে আমি জড়িয়ে থাকব, এটা তো বিরাট ব্যাপার।’