‘লেখালেখির প্রেরণা পেয়েছি মায়ের কাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদোষে প্রাকৃতজন-খ্যাত ঔপন্যাসিক শওকত আলী বাংলা সাহিত্যে কিংবদন্তিতুল্য। তাঁর সাহিত্যে ভূমিহীন প্রাকৃত মানুষের গল্প যেমন এসেছে, তেমনি ফুটে উঠেছে মধ্যবিত্তের যাপিত জীবন। সাক্ষাৎকার নিয়েছেন মাসউদ আহমাদপ্রশ্ন: একজন সৃজনশীল লেখক হিসেবে মানুষ ও প্রকৃতি পর্যবেক্ষণে কবে থেকে নিমগ্ন হলেন?উত্তর: খুব ছোটবেলা থেকেই এটা শুরু হয়েছিল বলা যায়। যেখানে আমার জন্ম হয়েছিল, যদিও সেটা তখন ছিল একটা থানাশহর—রায়গঞ্জ; সেখানে আমাদের বাড়িতে পাকা দালান ছিল, মাটির ঘর ছিল, আর পুকুর-সবজিখেত-বাঁশবাগান এবং বাড়ির চারদিকে ঝিল ছিল। ফলে, প্রকৃতির সঙ্গে জীবনটা একেবারে মেশামেশি ছিল। নতুন বৃষ্টি হলে তার অন্য রকম একটা স্বাদ পেতাম। হাডুডু, দাঁড়িয়াবান্ধা খেলার পাশাপাশি গাছে ওঠা, আম পাড়া, কুল পাড়া এগুলো তখনই শিখেছি। প্রশ্ন: এক জোতদার পরিবারে আপনার জন্ম হলেও বাড়িতে প্রচুর বই ও পত্রপত্রিকা ছিল। লেখক হয়ে ওঠার পেছনে সেই পরিবেশ বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন?উত্তর: ধনী লোক হিসেবেই গণ্য হতো আমাদের পরিবারটি। কিন্তু পরবর্তীকালে সেটা আর ওইভাবে থাকেনি। আমাদের বাড়িতে প্রায় সবার মধ্যেই লেখাপড়ার ঝোঁকটা ছিল। পড়া ও লেখার প্রেরণা পেয়েছিলাম মায়ের কাছে। মা পাঠশালায় কিছুদিন পড়েছিলেন বটে, কিন্তু সেটা বেশিদূর এগোয়নি। অল্প বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। ওই সময়ের তুলনায় তিনি ভালোই পড়াশোনা শিখেছিলেন। ইংরেজিও শিখেছিলেন। হুগলি থেকে ডিপ্লোমা কোর্স করেন। আর আমি সঙ্গে সঙ্গে তো লেখক হতে চাইনি। তবে ছড়া, কবিতা, গল্প-উপন্যাস পড়তে শুরু করেছিলাম তখন থেকেই। আমি যখন সেভেন-এইটে পড়ি, তখন মা মারা যান। বই পড়ার ঝোঁকটা তখনই গড়ে ওঠে। বাবাও খুব বই পড়তেন। বাড়িতে প্রচুর বইও ছিল। আমার লেখক হয়ে ওঠার পেছনে এসব নিশ্চয়ই একটা ভূমিকা রেখেছে।প্রশ্ন: প্রদোষে প্রাকৃতজন আপনার উল্লেখযোগ্য উপন্যাস। এই উপন্যাসে দেশের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাচীন নিদর্শনের সমাবেশ ঘটেছে। এ প্রসঙ্গে কিছু বলুন।উত্তর: এটা সম্পর্কে বলার তেমন কিছু নেই। তবে যখন আমি শিক্ষকতা করি, তার আগে থেকেই ইতিহাসের প্রতি আমার বিশেষ ঝোঁক ছিল, কৌতূহল ছিল। একসময় আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ে আমার আগ্রহ জন্মে। যেমন ধানচাষ, কিংবা শাকসবজির আবাদ যেটা হয়—এটা কে শিখিয়েছে এদের? এটা কি বাইরে থেকে এসে আর্যরা শিখিয়ে গেছে? আর একটা বিষয় ছিল, ইতিহাস বইয়ে আছে, নবাব বাহাদুর, ইংরেজরা মুসলমানদের শাসন করেছে। ১৯৪৭ সালে দেশভাগ কেন হলো? এ অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি কেন? এসব প্রশ্ন আমার মনে এসেছে। বাংলা অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি, গোটা বাংলা প্রদেশেই। তুর্কি বলি বা পাঠানরা, মোগলরা এরা সব তো উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ হয়ে এদিকে এসেছে, তলোয়ার ঘোরাতে ঘোরাতে। রাজ্য দখল করেছে। রাজ্য শাসন করেছে। সীমান্ত অতিক্রম করেছে। দিল্লি থেকে মুসলমানেরা ভারত শাসন করেছে, অথচ ওখানে নয়, এই বাংলা অঞ্চলে মুসলমানের সংখ্যা বেশি? এসব নিয়ে অনেক ভেবেছি, চিন্তা করেছি। প্রশ্ন: ইতিহাস বা বিশেষ ঘটনা অবলম্বনে উপন্যাস লেখার ক্ষেত্রে একজন সাহিত্যিকের সামনে, আপনার মতে, প্রধান ঝুঁকি কোনটি?উত্তর: প্রথমত হচ্ছে যে ইতিহাস তুমি লিখছ, সময়ের পরিমণ্ডলটাকে তো দেখা যায় না, এটা কল্পনা করতে হয়। কল্পনা কিন্তু আলগা কল্পনা হয় না। সেটার কিছু উপাদান ও নিদর্শন লাগে। ঐতিহাসিক নিদর্শন মসজিদ-মন্দির-মূর্তি-স্থাপনা এসব লাগে। পথ ছিল কি না, তাদের জীবনধারা কেমন ছিল, প্রাচীন কাব্যধারা এসব জানতে হয়। ইতিহাসের বই পড়তে হয়। ইতিহাসের কোনো ইঙ্গিতবহ নিদর্শন পাওয়া যায় কি না, সেসব খোঁজ নিতে হয়। কৌতূহল ছিল। ইতিহাসে তো রাজা-মহারাজার কথা থাকে, কিন্তু প্রাকৃতজনও তো ছিল, তার উপাদানও পাওয়া যায় সেই সময়ের বিভিন্ন শিল্পকর্মের মধ্যে। আমি এই প্রাকৃতজনের কথা লিখতে চেয়েছি।ঝুঁকির কথা বলছ, সেটা অবশ্যই থাকে। বাস্তবতার বিভিন্ন রূপ আছে। মানুষ স্বপ্ন যে দেখে সেটা তো বাস্তবের অবলম্বনেই। এটা স্বপ্ন-বাস্তবতা। একেবারে কঠোর বাস্তবতা যেটা—চোখের সামনে দেখা যায়, মানুষের দৃষ্টিশক্তি দিয়ে, অনুভূতি দিয়ে, স্পর্শ করে এই বাস্তবতা দেখা যায়। আর অতীতের সঙ্গে বর্তমানের বাস্তবতাকে মেলাতে হয়। বর্তমানকে মেলাতে হয়। না হলে বাস্তবতাটা সেভাবে গ্রাহ্য হয় না। বিশ্বাস হয় না। ইতিহাস যেটা সেটাকে মিলিয়ে যদি কাহিনির মধ্যে ঢোকানো যায়, সেটা একটা কিছু দাঁড়াবে। সেই চেষ্টাটাই হয়েছে এখানে। প্রশ্ন: আপনি ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সে কারণে আপনার জেলে যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে। একজন লেখকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অবস্থান যদি সরাসরি তাঁর সাহিত্যে প্রতিফলিত হয় তাহলে সার্বিকভাবে মানুষ ও সমাজকে দেখার ক্ষেত্রে কোনো ব্যত্যয় কি ঘটতে পারে?উত্তর: সামগ্রিকভাবে কেউ যদি রাজনীতিকে পরিত্যাগ করে সাহিত্যের উপাদান সংগ্রহ করে, বিশেষ করে কথাসাহিত্য—গল্প-উপন্যাসে, সেটা ঠিক হয় না। জীবনকে পুরোপুরি তোলা যাবে না। জীবনের একটা সামান্য অংশই এখানে পাওয়া যাবে। সে জন্য আমার মনে হয়, ওই দুটোরই দরকার আছে। প্রকৃতিলগ্ন যে মানুষ, তাদের জীবনযাপন, তাদের চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা এগুলো যেমন উঠে আসা দরকার, তেমনি যারা বিলাসী জীবনযাপন করছে, নগর সভ্যতার মধ্যে বসবাস করে, শাসন-শোষণের মধ্যে যাদের অস্তিত্ব নির্ভর করছে, তাদের কাহিনিটাও বলতে হবে। সেটা যদি পুরোটা আমি না দেখি, গোটা জীবনকে উপলব্ধি করব কীভাবে? রাজা-মহারাজারা যে সবাই অত্যাচারী তা তো নয়। প্রশ্ন: প্রদোষে প্রাকৃতজন কথাটির মধ্যে আপনি আসলে কোন সময়ের ইঙ্গিত দিয়েছেন? উত্তর: সন্ধ্যাবেলায় দিন যখন ফুরিয়ে যাচ্ছে, তখন যেমন প্রদোষকাল আর নতুন সূর্য ওঠার পর দিন শুরু হচ্ছে, সেটাও প্রদোষকাল। একটা কাল শেষ হয়ে যাচ্ছে, নতুন কালের আরম্ভ হচ্ছে—এর মধ্যবর্তী সময়টাকেই বলা হচ্ছে প্রদোষকাল। আমি যেটা বুঝিয়েছি যখন এই অঞ্চলে নতুন ধর্ম আসছে, নতুন চিন্তা ও শাসকদের আবির্ভাব ঘটছে। সেই সময়টার প্রাকৃত মানুষদের ধরতে চেয়েছি।প্রশ্ন: একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আখতারুজ্জামান ইলিয়াস আপনার বন্ধু ছিলেন, জগন্নাথ কলেজে একসঙ্গে শিক্ষকতাও করেছেন। তাঁর কথা মনে পড়ে? উত্তর: খুব মনে পড়ে। অনেক দিন একসঙ্গে শিক্ষকতা করেছি। তাঁর চিলেকোঠার সেপাই-এর তুলনায় খোয়াবনামাকে আমার খুব গভীর এবং জীবনঘনিষ্ঠ বলে মনে হয়েছে। খোয়াবনামা তো বিশ্বসাহিত্যে বিবেচিত হওয়ার মতো যোগ্য একখানি উপন্যাস। এটা আমার মনে হয়। লিখেছিও। আর গল্পে তিনি জীবন বাস্তবতাকে ধরার চেষ্টা করেছেন। মানুষের সংগ্রামকে তিনি খুব গুরুত্ব দিতেন এবং কিছু লেখায় তা এসেছে। তবে ফর্মাল বা অনুকরণ-ধরনের নয়, তার মধ্যে শক্ত বাস্তবতা মিলে গিয়েছে এমনভাবে, খুব উঁচু দরের শিল্পকর্মই মনে হয়েছে। প্রশ্ন: আপনার গল্পে নিম্নবর্গীয় মানুষের প্রতিদিনের যাপিত জীবনের মানচিত্র উঠে এসেছে নিপুণভাবে। আপনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন নগরে, কিন্তু নগরজীবনকেন্দ্রিক গল্প খুব কম। কেন? উত্তর: নগরে বেশির ভাগ জীবন কাটিয়েছি বটে, কিন্তু আমার ভাবনায় ছিল সাধারণ মানুষ। আর কিছু সুযোগ হয়েছে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার, কিছু কৌতূহলও ছিল। গ্রামীণ জীবনের দিকে টান থাকার কারণে স্কুলে চাকরি করেছি কিছুদিন এম এ পাস করার পরে, ঠাকুরগাঁও অঞ্চলে। পরে সেখানে যখন প্রথম কলেজ হলো, সেই কলেজে চাকরি নিলাম। সেই অঞ্চলের উত্তরে যে আদিবাসীরা ছিল তাদের সঙ্গে মেলামেশার সুযোগ হয়েছিল। প্রশ্ন: মানুষ ক্রমেই সংকীর্ণ আর ক্ষুদ্রগণ্ডিতে আবদ্ধ হচ্ছে। আগে বড় বড় বাড়ি-দালানকোঠা, বড় সংসার-জিনিসপত্র ছিল। এখন আসবাবপত্র-ঘরবাড়ি সমস্ত কিছু ছোট হয়ে যাচ্ছে। হয়তো মানুষের মনও। একজন লেখক হিসেবে এসব কীভাবে মূল্যায়ন করেন? উত্তর: লেখক হিসেবে এটা মূল্যায়ন করার দরকার পড়ে না আমার। আমি একজন সাধারণ মানুষের হয়ে সাধারণ বুদ্ধি দিয়ে এটা বিবেচনা করি। সেটা হচ্ছে এই—জনসংখ্যা বেড়েছে। জায়গা কমেছে, ক্রমাগত কমে চলেছে। আগে যে প্রাসাদ হতো অনেকখানি জায়গাজুড়ে, এখন সেখানে বিশাল উঁচু দালান— দশতলা বা কুড়িতলা। এখন জমিদারি নেই। চাষাবাদ কমে যাচ্ছে। যে পরিবর্তনটা এসেছে, এটা কাদের আঘাত করছে? যে লোকটি গাছের নিচে টুকটুক করে কাজ করছে, তাকে জিজ্ঞেস করো, দুই পুরুষ বা তিন পুরুষ আগে তাদের জায়গাজমি ছিল। ভালো চাষাবাদ ছিল। সেসব তারা রাখতে পারেনি। বিশ্বটা পুঁজিবাদীদের অধিকারে চলে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। প্রশ্ন: এই সময়ে কীভাবে দিন যাপন করছেন? উত্তর: লেখালেখি তো কিছু হচ্ছে না। এখন আমি স্মৃতি-বিস্মৃতির ঘোরের মধ্যে আছি। আমার হার্টের অসুখ। ব্রেন ঠিকমতো কাজ করছে না। একটা কাজের মেয়ে আছে। রান্না করে দেয়। দুই দিন হলো আসছে না। আমি নিজেই রান্না করছি। প্রশ্ন: দেশে কী হচ্ছে তার খোঁজখবর রাখেন? উত্তর: পত্রিকা পড়ি। প্রথম আলোটা রাখি বাসায়। এই কাগজটা আমি রেগুলার পড়ি। ওরা হয়তো জানেও না। প্রশ্ন: এখন তাহলে কোনো লেখালেখির মধ্যে আপনি নেই? উত্তর: সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখি মাঝেমধ্যে। তোমাকে একটা শোনাই। নাম দিয়েছি ‘নতুন রাজা’: চটাচট গুলি ভরে/ ফটাফট মারে। এভাবে দিনেরাতে কাজকর্ম সারে/ মোটাসোটা হলে পরে এটা ওটা নেয়/ ওইভাবে নিতে নিতে দেশে হাত দেয়। দেশে হাত দিয়ে বলে আমি এখন রাজা/ তারপর হেঁকে বলে খাট তোরা সাজা...।