
গত ২৮ আগস্ট জাকির তালুকদারের গল্প ‘সুতানাগ’ পড়লাম প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায়। গল্পটি আমার ভালো লেগেছে। তার অবশ্য কারণ আছে। ‘সুতানাগ’ গল্পে লেখক ‘বাঁধগাঁ’য়ের যে ছবি আঁকেন, সেখানে দুই শ ঘরের বাঁধগাঁ হয়ে ওঠে পুরো বাংলাদেশ। তবে এ গল্পটি নিয়ে অমাকে লিখতে হলো ‘সুতানাগ নিয়ে দু-চার কথা’ শিরোনামে অনন্ত মাহফুজের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে।
৪ সেপ্টেম্বর ‘শিল্পসাহিত্য’ পাতায় অনন্ত মাহফুজের প্রতিক্রিয়াটি পড়ে যারপরনাই হতাশ হয়েছি। তিনি এই গল্পকে পুরোনো প্রথা আঁকড়ে থাকার বয়ান হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করেছেন। আমার মনে হয়েছে, ‘সুতানাগ’-এর মূল দর্শন ধরতে ব্যর্থ হয়েছেন অনন্ত মাহফুজ। তাই চটজলদি তিনি মন্তব্য করলেন, ‘“সুতানাগ” নামের গল্পটির বিষয় ও আঙ্গিকের দুর্বলতা আমাকে আহত করেছে।’ অন্যদিকে, জাকির তালুকদারের লেখাটি যখন প্রতিবেদন থেকে গল্প হয়ে ওঠে, তখন অনন্ত মাহফুজ লেখেন, ‘বাঁধগাঁয়ের সঙ্গে লখিন্দরের লোহার বাসরঘরের তুলনা আরোপিত মনে হয়।’
দ্রুত বদলে যাচ্ছে গ্রামীণজীবন। যে জীবন একদিন কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে তুলেছিল তার মধ্যে দেখা দিয়েছে বড় পরিবর্তন। এমনকি গ্রামীণ জীবনের সাদামাটা জীবনকাঠামো বদলে যেতে শুরু করেছে। পুঁজি হচ্ছে এক কঠিন চক্র, যা মানুষকে পণ্য বানিয়ে ফেলে। মানুষের পরস্পরের প্রতি ভালোবাসায় আঘাত হানে, তৈরি করে অবিশ্বাস, সম্পর্কগুলো ভাঙতে থাকে। সেই প্রেক্ষাপটে অচেনা হয়ে যাচ্ছে আমাদের অতিচেনা জীবন। আর তাই ‘সুতানাগ’ গল্পে যখন লেখা হয়, বাঁধগাঁয়ের ‘কেউ বুঝতে পারে না যে তাদের খরচ বেড়ে গেছে, কিন্তু উপার্জন আছে আগের মতোই। গাঁয়ের মধ্যে কোনো চুরি-চামারি ছিল না। এখন গাঁয়ে তো চুরি হচ্ছেই, আশপাশের গ্রামগুলোতে ছিঁচকে চুরি করতে গিয়ে ধরা পড়ছে বাঁধগাঁয়ের মানুষ।’ তখন মনে হয় এ তো বাস্তবের প্রতিরূপ।
আবার গল্পটি শেষ হয় এভাবে, ‘রশিদ আসলে রশিদ নয়। রশিদ হচ্ছে কোম্পানির হাত।’—পুঁজির হাত আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাদের। এই সত্য-উচ্চারণের মধ্য দিয়ে ‘সুতানাগ’ যেনবা হয়ে ওঠে আমাদের জীবনের গল্প।