
প্রথম আলোর গত ২৮ আগস্ট ২০১৫ তারিখের ‘শিল্পসাহিত্য’-এ প্রকাশিত জাকির তালুকদারের গল্প ‘সুতানাগ’ পড়া হলো। জাকির তালুকদারের গল্পের প্রতি অনেক পাঠকের মতো আমারও একধরনের মোহাবিষ্টতা আছে। তাঁর ‘দাস পরম্পরা’ আলোড়িত করার মতো গল্প। কিন্তু ‘সুতানাগ’ নামের গল্পটির বিষয় ও আঙ্গিকের দুর্বলতা আমাকে আহত করেছে। গল্পটি মূলত ঘরবাড়ি হারিয়ে বাঁধের ওপর বসতি গড়া মানুষদের নিয়ে। এখানে আদমশুমারি হয়নি। তাই নেতা বা পাতিনেতারা এদিকে আসেন না। মানুষের সংখ্যা বাড়ার কারণে এ গাঁয়ের নাম এখন বাঁধগাঁ। এখানকার লোকদের একরাম সাঁই লখিন্দরকে দংশনকারী সুতানাগের গল্প শোনায়। বাঁধগাঁয়ে ঢুকে গেছে ক্ষুদ্রঋণের দাদন ব্যবসা। সুতানাগের মতো ঢুকেছে মিনিপ্যাক শ্যাম্পু, হাত ধোয়ার লিকুইড, দাঁত মাজার ব্রাশ আর টুথপেস্ট। বিদ্যুৎবিহীন এলাকাটিতে আধুনিক পুঁজিসভ্যতার অনেক কিছু এখন পাওয়া যায়।
শ্যাম্পু, হাত ধোয়ার লিকুইড, টুথপেস্ট—এসব কিনতে গিয়ে বাঁধগাঁর মানুষের খরচ বেড়ে যায়। তাদের পয়সা জমে না এবং উপার্জিত পয়সায় তারা কুলিয়ে উঠতেও পারে না। ফলে তারা অভ্যস্ত হয়ে পড়ে চুরিতে। এতে সংসার ও সমাজের শান্তি নষ্ট হয়। নষ্ট হয় নৈতিকতা। এই বাস্তবতায় জামিরুল বুড়া হঠাৎ ‘শত্তুর’ খুঁজে পায়। তাদের শত্রু সুতানাগ। গল্পকার এখানে সরাসরিই বলে দেন, এই সুতানাগ হলো রশিদের দোকানের মিনিপ্যাক। তিনি গল্পের শেষে এসে পাঠককে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেন, ‘রশিদ হচ্ছে কোম্পানির হাত। আর কোম্পানির দোকান উচ্ছেদ করা তাদের পক্ষে সম্ভব নয় কোনো দিন।’ পাঠককে বোঝানোর জন্য এতটা সরলীকরণ করলে প্রতীক ব্যবহারের প্রয়োজন হয় না।
বর্তমান বিশ্বায়নের যুগে পুঁজি আর পণ্যের প্রবাহ ছোট পুঁজির মালিক কিংবা করপোরেট নিয়ন্ত্রকদেরও হাতে নেই। এ কথা ঠিক যে বিশ্বায়ন আমাদের মতো দেশগুলোকে সবদিক থেকে শোষণের পথ করে দিয়েছে। আমাদের এমন সব পণ্যে অভ্যস্ত করিয়ে নিচ্ছে যেসব ব্যবহারে অভ্যস্ত হওয়া আমাদের প্রয়োজন ছিল না। অন্যদিকে বিজ্ঞানের কল্যাণে আমাদের এ-ও জানা হয়েছে যে অনেক আধুনিক পণ্যে অভ্যস্ত হওয়া আমাদের জন্য বরং ভালো। পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখার সুযোগ এখন আর নেই। ছাই দিয়ে দাঁত মাজা, পায়খানা করার পর মাটিতে ঘষে হাত পরিষ্কার করা কিংবা লাল মাটি দিয়ে মাথা ধোয়া স্বাস্থ্যসম্মত নয় বলেই বিশেষজ্ঞরা মনে করেন। এগুলোকে ঐতিহ্য হিসেবে দেখার অবকাশ নেই। তবে আমাদের মৌলিক জায়গাগুলো—শত বছরের কৃষি ব্যবস্থাপনা, রাসায়নিক সােরর ওপর অতি নির্ভরতা, কীটনাশক ব্যবহারের ফলে প্রকৃতি ও ইকোসিস্টেম হুমকির মুখে—এগুলো নিয়ে ভাবার প্রয়োজন অবশ্যই আছে।
গল্প থেকে জানা যায়, বাঁধগাঁ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড নয়, আশপাশের গ্রামগুলো থেকে পিছিয়ে থাকা ঘরহারা মানুষের গাঁ। যেখানে পুরো বাংলাদেশই মিনিপ্যাকে সয়লাব, সেখানে দুই–তিন শ ঘরের বাঁধগাঁয়ে তা ঠেকানোর রাস্তা কোথায়? এই এলাকাটিকে সম্পূর্ণ বাংলাদেশের প্রতীক হিসেবে উপস্থাপন করতে পারলে সুতানাগের উপমাটি যুক্তিযুক্ত হতো। বাংলাদেশের একটি অঞ্চলে পুরোনো প্রথাগুলো (যদিও অগ্রহণযোগ্য) টিকে থাকবে, অন্য কোথাও থাকবে না, এ রকম যুক্তি খাটে না। এ কারণে বাঁধগাঁয়ের সঙ্গে লখিন্দরের লোহার বাসরঘরের তুলনা আরোপিত মনে হয়। গল্পের আরেকটি ছোট্ট বিষয় উল্লেখ করা প্রয়োজন: বাংলাদেশে আদমশুমারির সময় কোনো জায়গা বাদ দেওয়া হয় বলে মনে হয় না। তবে আদমশুমারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকতে পারে।
কাদিরাবাদ হাউজিং, কাটাশুর, মোহাম্মদপুর, ঢাকা