কুমিল্লার খাদিশিল্প কেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি পোশাক বরাবরই জনপ্রিয়
ফাইল ছবি: প্রথম আলো

কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ খাদিশিল্প। কুমিল্লার খাদির সুনাম বিশ্বময়। বেশির ভাগ মানুষের মতে, খাদ থেকে তৈরি করা হয় বলে কাপড়ের নাম হয়েছে খাদি। অনেকের ধারণা, ব্রিটিশবিরোধী আন্দোলনে কিংবা মহাত্মা গান্ধীর বিলেতি পণ্য বর্জন আন্দোলনের সময় খাদিশিল্পের জন্ম, এটি একেবারেই অমূলক ভ্রান্ত ধারণা।

খাদিশিল্পের ইতিহাস কয়েক হাজার বছরের। আগে থেকেই কুমিল্লা বস্ত্রশিল্পের জন্য প্রসিদ্ধ ছিল। তবে তখন এর নাম খাদি ছিল না। দেশি কাপড় হিসেবে এ ধরনের কাপড়ের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় কাজের সুবিধার্থে পায়ে চালিত প্যাডেলের নিচে মাটিতে খাদ বা গর্ত করা হতো। তখন এর নামকরণ হয় খাদি। বর্তমানে এ–জাতীয় কাপড় মেশিনে হয়; কিন্তু নাম খাদিই রয়ে গেছে। সপ্তদশ শতাব্দীর দিকে ত্রিপুরার প্রচুর লোক খাদি কাপড় বোনাকে তাঁদের পেশা হিসেবে নিয়েছিলেন।

আরও পড়ুন

কুমিল্লায় তখন খাদি কাপড়ের জন্য ময়নামতি, চান্দিনা, গৌরীপুরসহ বেশ কিছু জায়গা বিখ্যাত ছিল। ময়নামতিতে তখন রঙিন খাদি কাপড়ের লুঙ্গি, শাড়ি, গামছা প্রস্তুত হতো। মার্কোপোলোর লেখায়ও খাদির জৌলুশ ফুটে উঠেছে। তিনি লিখেছেন, বাংলার খাদি মাকড়সার মতো মিহি। রোমানরাও বাংলার খাদি ও মসলিনের ব্যাপক ভক্ত ছিল।
খাদির প্রথম জোয়ার এল ১৯২০ সালে, যখন মহাত্মা গান্ধী স্বদেশি আন্দোলনে বিলেতি পণ্য বর্জনের ডাক দিলেন।

এ সময় তিনি খাদি কাপড়ের গুরুত্ব তুলে ধরেন। মহাত্মা গান্ধীর চেতনাটি ছিল স্বরাজ প্রতিষ্ঠার জন্য স্বদেশি পণ্যকে প্রতিষ্ঠা করতে হবে এবং খাদি হতে পারে তার বড় উদাহরণ। ১৯২১ সালে তিনি কুমিল্লার চান্দিনায় আসেন এবং স্বহস্তে চরকায় খাদি কাপড়ের বুনন সম্পর্কে প্রশিক্ষণ দেন। ঠিক এ সময়েই কুমিল্লা শহরে স্বদেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে অভয়াশ্রম প্রতিষ্ঠিত হয়।

১৯২৬-২৭ সালে যখন একটি ৮ হাত লম্বা ধুতি বিক্রি হতো পাঁচ সিকে দামে, সে বছর অভয়াশ্রম কর্তৃপক্ষ ৯ লাখ টাকার খাদি কাপড় বিক্রি করেছিল। তা–ও সবাইকে চাহিদা মোতাবেক কাপড় সরবরাহ করা যায়নি। এ থেকেই আমরা বুঝতে পারি, তখন খাদি কাপড়ের কী পরিমাণ চাহিদা ছিল

এই অভয়াশ্রম থেকেই মূলত খাদি ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। এই সময় ‘ভারত তন্তুবায় সমিতি’ গঠিত হয়। সমিতিটি কুমিল্লার খাদিকে ভারতের বিভিন্ন শহরে রপ্তানি করতে ব্যাপক ভূমিকা পালন করে। এ ছাড়া তখন চট্টগ্রামে প্রবর্তক সংঘ, নোয়াখালীর গান্ধী আশ্রমেও খাদি কাপড় বোনা হতো। এর বাইরেও পরিবারভিত্তিক কারিগরেরা তো ছিলেনই।

অভয়াশ্রমের নিবেদিতপ্রাণ সংগঠক পরিমল দত্তের একটি লেখা থেকে জানা যায়, ১৯২৬-২৭ সালে যখন একটি ৮ হাত লম্বা ধুতি বিক্রি হতো পাঁচ সিকে দামে, সে বছর অভয়াশ্রম কর্তৃপক্ষ ৯ লাখ টাকার খাদি কাপড় বিক্রি করেছিল। তা–ও সবাইকে চাহিদা মোতাবেক কাপড় সরবরাহ করা যায়নি। এ থেকেই আমরা বুঝতে পারি, তখন খাদি কাপড়ের কী পরিমাণ চাহিদা ছিল। খাদিশিল্পের ওপর প্রথম আঘাত এল সাতচল্লিশের দেশভাগের পর। এ সময় কিছু লোক খাদিকে কংগ্রেসিদের পোশাক বলে অপপ্রচার চালাতে থাকে। তবে তখন এর বিরুদ্ধে এগিয়ে এলেন বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। তিনি তৎকালীন গভর্নর ফিরোজ খান নুনের সহযোগিতায় প্রতিষ্ঠা করলেন ‘দ্য খাদি অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’। এর হাল ধরলেন চান্দিনার শৈলেন গুহ এবং তাঁর ছেলে বিজয় গুহ।

আরও পড়ুন

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলে খাদিশিল্পে জোয়ার আসে। অধিকাংশ বস্ত্রকল তখন যুদ্ধবিধ্বস্ত। ফলে হস্তচালিত তাঁতের কাপড়ের ওপর ব্যাপক চাপ পড়ে। দেশের চাহিদার তুলনায় কম হলেও চান্দিনাসহ কুমিল্লার বিভিন্ন স্থানের কারিগরেরা এ সময় বিপুলভাবে খাদি কাপড় উৎপাদন করা শুরু করেন। স্বাধীনতার আগে থেকেই কুমিল্লার খাদি কাপড়ের শীতবস্ত্রের প্রচুর চাহিদা ছিল।

এটি আরও বৃদ্ধি পায়। কিন্তু সর্বনাশের শুরুটাও এ সময়েই শুরু হয়। জনগণ যাতে দ্রুত উপকরণগুলো পেতে পারে, সে জন্য সরকার কিছু লোককে সুতা, রং ইত্যাদির লাইসেন্স প্রদান করে। তাদের ওপর দায়িত্ব ছিল কারিগরদের কাছে সুলভ মূল্যে এসব উপকরণ দ্রুত পৌঁছে দেওয়া। কিন্তু তারা অর্পিত দায়িত্ব পালন না করে আত্মপ্রকাশ করল মধ্যস্বত্বভোগী বেনিয়া হিসেবে। সুলভ মূল্যে সুতা, তুলা, রঙের অভাবে এ সময় অনেক তাঁতি তাঁত বন্ধ করে দিতে বাধ্য হন। অথচ একসময় আখতার হামিদ খানের প্রচেষ্টায় ভালো মানের তুলা পাওয়া যেত। উৎকৃষ্ট মানের তুলার অভাবে উন্নত মানের খাদি প্রস্তুত অসম্ভব হয়ে পড়ে। এর ফাঁকে দেশের বাজার দখল করে নেয় আমদানি করা বিদেশি কাপড়। খাদি কিংবা দেশীয় বস্ত্রকে রক্ষা করার জন্য কার্যকর কোনো রাষ্ট্রীয় উদ্যোগ বিগত দিনগুলোতে পরিলক্ষিত হয়নি।

কী বিপুল সম্ভাবনার প্রত্যাশা নিয়ে খাদিশিল্প বিকশিত হয়েছিল! বিলেতি পণ্য বর্জনের সেই দ্রোহকালে যখন খাদিশিল্পের উত্থান ঘটে, একই সময়ে কিন্তু বোম্বের বস্ত্রশিল্পেরও বিকাশ। কিন্তু আজকের বাস্তবতা হলো, বোম্বের কাপড় ভারতবর্ষের সীমা ছাড়িয়ে পৃথিবীময় আর খাদিশিল্প তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যাপৃত। যুগের সঙ্গে তাল মেলানোর জন্য খাদিকে নিয়ে ব্যাপক কোনো গবেষণা বা সংস্কার হয়নি। উন্নতমানের তুলা ও সুতার অভাবে খাদির আদি রূপটি আর ধরে রাখা যাচ্ছে না।

তদুপরি সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুলভ মূল্যে প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় বাজারের অন্যান্য কাপড়ের মূল্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে খাদি। অধিকন্তু খাদির সঙ্গে কিছু অসাধু প্রকৃতির লোকও যুক্ত হয়ে গেছেন।

সব মিলিয়ে খাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খাদির হৃত গৌরব ফিরিয়ে আনতে হলে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। খাদি বোর্ড গঠন করে এর মাধ্যমে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান, সুলভ মূল্যে সুতা, তুলা, রংসহ অন্যান্য সামগ্রীর প্রাপ্যতা সহজলভ্য করা, স্বল্প সুদে ঋণ প্রদান, গবেষণা করা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করলে এখনো খাদির রয়েছে অফুরন্ত সম্ভাবনা। এই দুঃসময়ে খাদি হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস। আর ব্যর্থ হলে খাদিশিল্প ঐতিহ্য আর কাগুজে দেশপ্রেমের প্রতীক হয়েই টিকে থাকবে। মসলিনের মতোই একদিন খাদির ঠাঁই হবে বইপুস্তকে আর জাদুঘরে।

  • আহসানুল কবীর ঐতিহ্য-ইতিহাসবিষয়ক লেখক ও সংগঠক
    ই–মেইল: [email protected]