অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রায় ৪০০ পৃষ্ঠার শ্বেতপত্র জমা দেয়। শেখ হাসিনা আমলের ‘প্রাতিষ্ঠানিক চুরির’ ধারণা পাওয়ার জন্য এটি এখনো গুরুত্বপূর্ণ।
সেখানে দেখানো হয় বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার বিদেশে পাচার, উন্নয়ন প্রকল্পের ব্যয়ের ২৩ থেকে ৪০ শতাংশ আত্মসাৎ, ১৮ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝার মধ্যে জিডিপি, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের পরিসংখ্যানে কারসাজি করে কীভাবে প্রবৃদ্ধির একটি ফাঁপানো গল্প তৈরি হয়েছিল।
এই কারসাজিকে আমি বলি ‘হাসিনোমিকস’। কী ঘটেছে, তা সেই শ্বেতপত্রে থাকলেও কীভাবে ঘটেছিল, তা বোঝা আমাদের ভবিষ্যতের সংকট ঠেকানোর জন্য দরকার।
হাসিনোমিকসের অন্তর্গত কাঠামো
প্রথমত, চলমান সহস্রাব্দের প্রথম দশকের পর অবকাঠামো, দক্ষতা ও বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতায় অর্থনীতি আটকে যাচ্ছিল। শাসকগোষ্ঠী দক্ষতা বা বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নজর না দিয়ে বেছে নিল অবকাঠামো নির্মাণের জোয়ার।
সমস্যাটা অর্থের ছিল না, ছিল রাজনৈতিক অর্থনীতির। উঠতি অলিগার্কদের সামনে রাখা হলো ফেরানো যায় না এমন এক প্রস্তাব—সরকারের রাজনৈতিক খেলায় পাশে থাকো, বিনিময়ে কোনো তদারকি ছাড়াই পাবে মেগা প্রকল্প আর ব্যবসার সুযোগ। এর ফল কী দাঁড়াল?
দৃশ্যমান কিছু ফল থাকলেও মেগা প্রকল্পগুলো যদি সত্যিই গোটা অর্থনীতিতে সুফল ছড়াত, তাহলে উৎপাদনশীলতার হিসাবে তার ছাপ পড়ত। কিন্তু তা হয়নি। দেশটি তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানির বাইরে যেতেই পারেনি।
অর্থনীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার নামের প্রতিই সুবিচার করেছে। তারা কেবল জরুরি পরিস্থিতি সামাল দিয়েছে, আর কাঠামোগত সংস্কারের ভার তুলে রেখেছে নির্বাচিত সরকারের জন্য।
অর্থনীতির আকারের তুলনায় আমদানি বা বিদেশি বিনিয়োগ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশের চেয়ে অনেক কম। তাই প্রশ্ন ওঠে, সক্রিয় শিল্পনীতির কি সুযোগ ছিল না? নাকি অলিগার্ক আর শাসকের দর–কষাকষিই সেই নীতি আটকে দিয়েছিল?
দ্বিতীয়ত, রয়েছে আরও অস্বস্তিকর বিষয়। দুর্বল রাজস্ব, বিদ্যুৎ ক্রয় চুক্তির আর্থিক ঝুঁকি আর ব্যাংক খাতের দুর্দশাকে সাধারণত আলাদা সমস্যা হিসেবে দেখা হয়। কিন্তু হুন্ডির সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, বিশাল অনানুষ্ঠানিক খাত হাসিনোমিকসের কোনো দুর্ঘটনা ছিল না; বরং এটি ছিল তার কাঠামোরই অংশ।
শুরু করা যাক কর দিয়ে। রাজনৈতিক দর–কষাকষির কারণে শাসকগোষ্ঠী ধনীদের ওপর কর বসাতে পারত না, আবার রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয়ে সাধারণ মানুষের ওপরও বেশি কর চাপাতে পারত না। তাই কর-রাজস্ব কম থাকাই ছিল নিয়তি। অন্যদিকে দুর্বল তদারকির ব্যাংক খাত অলিগার্কদের সঙ্গে ‘ক্রোনি বোঝাপড়ার’ জন্য ছিল অপরিহার্য।
সেই অর্থের একটি অংশ আনুষ্ঠানিক হিসাবের বাইরে দিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। আর এই লেনদেনের উল্টো পিঠ ছিল অনানুষ্ঠানিক রেমিট্যান্স, যা দেশের ভেতরে ভোগব্যয় চাঙা রেখেছিল। এই অর্থে হাসিনা আমলে কাঠামোগত রূপান্তর অসম্ভব ছিল। কারণ, রূপান্তর মানে অনানুষ্ঠানিকতার অবসান, আর অনানুষ্ঠানিকতাই ছিল হাসিনোমিকসের বুননের সুতো।
জুলাই গণ–অভ্যুত্থান না ঘটলে এই মডেলের পরিণতি কতটা ভয়াবহ হতো, তা নিশ্চিত বলা কঠিন। তবে অনুমান করা যায়। চলতি হিসাবের স্থায়ী ঘাটতি একসময় দেশীয় সঞ্চয় বাড়াতে বাধ্য করত। বিদ্যুতের বিল একদিন শোধ করতেই হতো, ব্যাংকের সংকট আরও ঘনীভূত হতো—যাকে সামাল না দেওয়ার কোনো পথ থাকত না।
বাজেটের সীমা চেপে ধরলে সামাজিক সুরক্ষা ব্যয় কমত। ক্রোনি পুঁজি আর অনানুষ্ঠানিক শ্রম বাড়িয়ে প্রবৃদ্ধির সম্ভাবনা একসময় ফুরিয়ে যেত, আর বাংলাদেশ আটকে যেত নিম্নমধ্যম আয়ের ফাঁদে, আরও ভীষণ রকম বৈষম্য নিয়ে। দুর্ভাগ্যের কথা, হাসিনা সরকারের পতনের পরও এই পরিণতি এখনো যথেষ্ট সম্ভাব্য।
পরিকল্পনা আছে, বাস্তবায়ন কোথায়
অন্তর্বর্তী সরকার সমস্যাটি জানত। অর্থনীতির শ্বেতপত্র ছিল পেছনে ফিরে তাকানোর দলিল; আর সামনে তাকানোর পথ খুঁজতে ড. কে এ এস মুর্শিদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রায় ৫৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়। বড় বড় পঞ্চবার্ষিক পরিকল্পনার বদলে তারা দ্রুত বাস্তবায়নযোগ্য কিছু পদক্ষেপে জোর দিয়েছিল, যেমন নিয়ন্ত্রক সংস্কার কমিশন, এনবিআরের তদারকি কমিটি গঠন, বিআরটিএ ঢেলে সাজানো, লোকসানি বিমানের বদলে স্বাধীনভাবে পরিচালিত নতুন আকাশযান সংস্থা তৈরি এবং পলিটেকনিকগুলোকে দুই বছরের প্রযুক্তি স্নাতক ডিগ্রি দেওয়ার সুযোগ করে দেওয়া।
কিন্তু এর প্রায় কোনোটিই আলোর মুখ দেখেনি। কারণটা সম্ভবত খুবই সরল—অর্থনীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার নামের প্রতিই সুবিচার করেছে। তারা কেবল জরুরি পরিস্থিতি সামাল দিয়েছে, আর কাঠামোগত সংস্কারের ভার তুলে রেখেছে নির্বাচিত সরকারের জন্য।
নির্বাচিত বিএনপি সরকার দীর্ঘমেয়াদি দৃষ্টি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে পরিকল্পনা কমিশনের পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো ‘ভঙ্গুরতা থেকে সমৃদ্ধি’ স্লোগান নিয়ে এসেছে। এটি প্রতিবছর পর্যালোচনাযোগ্য একটি ‘জীবন্ত দলিল’, যার ভিত্তি পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠনের তিন ধাপের কৌশল।
ব্যাংক সংস্কার হোক, জ্বালানি হোক বা রাজস্বের টানাটানি—সরকারকে শিগগিরই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেখানে রুগ্ণ ও ভগ্ন দেশীয় অর্থনীতির পাশাপাশি বহির্বিশ্ব থেকেও ঝুঁকি বাড়ছে। যে গণতন্ত্র শুধু নির্বাচনে থেমে থাকে না, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষত সারায়, সে গণতন্ত্রই বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক নীতির পথ খুলে দিতে পারে। জুলাইয়ের রক্তের প্রতিশ্রুতি রক্ষার অর্থনৈতিক শর্ত সম্ভবত সেটিই।
লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, আর বিদেশি বিনিয়োগ জিডিপির শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে তোলা। সামাজিক সুরক্ষা, শিক্ষা-স্বাস্থ্য, জ্বালানি ও শিল্পায়ন, সুশাসন আর সামাজিক সম্প্রীতি—এই পাঁচ স্তম্ভে সাজানো কাঠামোয় বাণিজ্য উদারীকরণ, রপ্তানি বহুমুখীকরণ আর একটি স্থিতিশীলতা তহবিলের কথাও আছে।
তিনটি দলিলই স্বীকার করে যে হাসিনার আমলের এই কারসাজি গভীর ক্ষত রেখে গেছে। তবে ওপরে শিল্পনীতি নিয়ে যে প্রশ্নগুলো করা হলো, সেগুলো কি সত্যিই অতীতের? নাকি গণতান্ত্রিক সরকারের জন্যও একই প্রশ্ন অপেক্ষা করছে?
সংকটের ঝড় সামলানোর রাজনীতি
জুলাইয়ের উত্তাল দিনগুলোয় ঢাকার দেয়ালে রাজনৈতিক গ্রাফিতির পাশাপাশি আঁকা হয়েছিল জাপানি মাঙ্গা ‘ওয়ান পিস’-এর ছবি। পরবর্তী সময়ে এই প্রতীক ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন আর মাদাগাস্কারের জেন-জি আন্দোলনেও।
গল্পের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ওই পতাকা ছিল স্বাধীনতার প্রতীক। কিন্তু যে তীব্র ক্ষোভ থেকে তরুণেরা দেয়ালে রং ছুড়েছিল, রাজপথে নিজেদের রক্ত ঢেলে দিয়েছিল, তার অর্থনৈতিক উৎসগুলো, যেমন ধীর প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি আর অটেকসই ঋণের বোঝা থেকে মুক্তির পথ এখনো দৃশ্যমান নয়। ব্যাংক, জ্বালানি, মূল্যস্ফীতি, রাজস্ব আর বৈদেশিক লেনদেনের যে বহুমুখী সংকট পলাতক শাসনামলে শিকড় গেড়ে বসেছে, তা যেকোনো সময় যেকোনো দীর্ঘমেয়াদি কৌশলকেই পথচ্যুত করতে পারে।
অন্য দেশের অভিজ্ঞতাও সতর্ক হওয়ার যথেষ্ট কারণ জোগায়। বাংলাদেশের ক্যাম্পাসে যখন আন্দোলন দানা বাঁধছিল, প্রায় একই সময়ে কেনিয়ার জেন-জি বিক্ষোভকারীরা সংসদে ঢুকে পড়েছিল একটি অর্থ বিলের বিরুদ্ধে, যেখানে কর বাড়ানো আর সেবা কাটছাঁটের প্রস্তাব ছিল। বিলটি এনেছিল এমন এক সরকার, যারা দুর্নীতিগ্রস্ত পূর্বসূরির রেখে যাওয়া আর্থিক বিপর্যয়ের পর সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সংস্কার কঠিন; আর সেই কাঠিন্যই সরকারকে কঠিন সিদ্ধান্ত এড়াতে, এমনকি পুরোনো অভ্যাসে ফিরতে প্রলুব্ধ করে।
কিন্তু সেই পথও নিরাপদ নয়। ১৯৯০ সালে অর্থনীতিবিদ রুডিগার ডর্নবুশ ও সেবাস্তিয়ান এডওয়ার্ডস দেখিয়েছিলেন, স্থিতিশীলতা আর বৈদেশিক সীমাবদ্ধতা উপেক্ষা করে প্রবৃদ্ধি ও বণ্টনে জোর দেওয়া সামষ্টিক অর্থনৈতিক জনতুষ্টিবাদ শেষ পর্যন্ত সংকটে গড়ায়। অন্যদিকে নোবেল বিজয়ী তুর্কি-মার্কিন অর্থনীতিবিদ ড্যারন আসেমোগলু ও সহকর্মীদের গবেষণা বলে, গণতন্ত্রায়ণ দীর্ঘ মেয়াদে মাথাপিছু আয় প্রায় এক-পঞ্চমাংশ বাড়ায়। আরেক তুর্কি-মার্কিন অর্থনীতিবিদ দানি রদ্রিকের ১৯৯৯ সালের গবেষণা দেখায়, যে দেশ সামাজিক দ্বন্দ্ব ভালোভাবে সামলাতে পারে, সে দেশ বাইরের ধাক্কাও সামলাতে পারে দারুণভাবে।
ব্যাংক সংস্কার হোক, জ্বালানি হোক বা রাজস্বের টানাটানি—সরকারকে শিগগিরই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেখানে রুগ্ণ ও ভগ্ন দেশীয় অর্থনীতির পাশাপাশি বহির্বিশ্ব থেকেও ঝুঁকি বাড়ছে। যে গণতন্ত্র শুধু নির্বাচনে থেমে থাকে না, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষত সারায়, সে গণতন্ত্রই বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক নীতির পথ খুলে দিতে পারে। জুলাইয়ের রক্তের প্রতিশ্রুতি রক্ষার অর্থনৈতিক শর্ত সম্ভবত সেটিই।
● জ্যোতি রাহমান পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন এবং অ্যাপ্লায়েড ম্যাক্রোইকোনমিস্ট
* মতামত লেখকের নিজস্ব