ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?

ভেনেজুয়েলার লা গুয়াইরায় ভূমিকম্পে বিধ্বস্ত কয়েকটি ভবনরয়টার্স ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক বিপর্যয় বলেকয়ে আসে না। তবে প্রাযুক্তিক উন্নয়নের হাত ধরে প্রকৃতির রোষের অনেকটুকুই আগাম আঁচ করা যায় এখন। ঘূর্ণিঝড় বলুন কি জলোচ্ছ্বাস, খরা বলুন কি মহাপ্লাবন, কিছুটা হলেও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে বিজ্ঞান। আমাদের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তৎপর। জাতি ও রাষ্ট্রও দুর্যোগ প্রস্তুতির চেষ্টা করে। তবে প্রকৃতির উষ্মার যে রূপটি আজও বিজ্ঞানের কাছে প্রায় অজানা, তা হলো ভূমিকম্পের আগাম জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও বিজ্ঞান এই ভূকম্পনের স্পন্দন জানতে বড্ড বেশি দেরি করে ফেলে।

তবু, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিজ্ঞানমুখী রাষ্ট্রগুলোতে, ভূমিকম্প চলাকালীন, সময়মাত্রার বিপরীতে কম্পনজনিত ত্বরণের উপাত্ত ধারণ করা হয়ে থাকে। পাঠকের প্রশ্ন থাকতে পারে, ভূমিকম্পের পূর্বাভাস যদি নাই দিতে পারে বিজ্ঞান, তবে এই উপাত্ত ধারণের গুরুত্ব কতটুকু? বাংলাদেশ কি এ কারণেই ত্বরণ পরিমাপ ও এই উপাত্ত সংগ্রহ করে না? দেশে কি তবে ত্বরণ পরিমাপক যন্ত্র নেই? যদি থেকে থাকে তবে ভূমিকম্পের সময় ত্বরণ কি নথিবদ্ধ হচ্ছে? আর না হলেই বা কী? ভবিষ্যতের মহাকম্পনের জন্য এই তথ্য-উপাত্ত কি আমাদের আদৌ প্রস্তুত করবে?

পাঠক হয়তো ভাবছেন যে জগৎময় প্রতিটি ভূমিকম্পনের মাত্রা তো পরিমাপ করে হয়েই থাকে। এই যেমন ধরা যাক অক্টোবর মাসের শেষ দিনে, সিলেটের ৫০ কিলোমিটার দূরে, রিখটার স্কেলে পরিমিত ভূমিকম্পন ছিল ২ দশমিক ৯। লেখক তবে কোন উপাত্তহীনতার কথা বলছেন? রিখটার স্কেলে পরিমিত কম্পনের মাত্রা নির্গত মোট শক্তির পরিমাণ বলে দেয়। শক্তির এই পরিমাপ স্থানীয়ভাবে কম্পনের কোনো তথ্য আমাদের দেয় না।

আরও পড়ুন

তবে, কম্পনজনিত ত্বরণ যদি পরিমাপ করা যায়, তা ভূকম্পন থেকে অনুভূত ঝাঁকুনির তীব্রতা বলে দিতে পারে একটি নির্দিষ্ট এলাকাতে। এলাকাভেদে, একই ভূমিকম্পের সময়ে, এই তীব্রতা ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ ঢাকা মহানগর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে ভূমিকম্প হলে, নগরের কোন এলাকায় কতটুকু কম্পনজনিত বল অনুভূত হবে, অর্থাৎ কোন এলাকার বাড়িঘর, দালানকোঠা, রাজপথ, সেতু কতটুকু কম্পন অনুভব করবে তা এক হবে না কখনোই।

কম্পনের তীব্রতা কতটুকু সঞ্চালিত হবে তা নির্ভর করে দূরত্ব, ভূতাত্ত্বিক গঠন, মাটির গুণাগুণ, ভূগর্ভস্থ জলসীমার অবস্থান, এবং দালানকোঠার ঘনত্বের ওপর। আর এ কারণেই, শুধু রিখটার স্কেলের মাত্রা স্থানীয় কম্পনের কোনো তথ্য আমাদের জানায় না। যদি শহরের কোনায় কোনায় ভূমিকম্পের তরঙ্গমাপক যন্ত্র বা একসিলারোমিটার বসানো যেত, তবে সংগৃহীত উপাত্ত যে কেবল ভূকম্পনজনিত ঝুঁকি নিরূপণে ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কাজে লাগত তা নয়, এই উপাত্তকে কাজে লাগিয়ে ভূমিকম্পের আগাম জানানও হয়তো দেওয়া সম্ভব হতো। এমনটিই করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভূমিকম্প খুবই পরিচিত একটি দুর্যোগ। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেস শহর থেকে ২০ কিলোমিটার দূরে, নর্থরিজ এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এ কম্পনের ফলে ৭২ জনের মৃত্যু ঘটে, আহত হয় ৯ সহস্রাধিক, ক্ষতি হয় কোটি টাকার সম্পদ। এরপর ২০১৫ থেকে ২০২৩ সালের ভেতর, লস অ্যাঞ্জেলেস শহরের কোনায় কোনায় প্রায় ১২০০-এর বেশি একসিলারোমিটার বসানো হয়।

ভূমিকম্প

এই যন্ত্রগুলো থেকে সংগৃহীত উপাত্তের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়, যা নিরবচ্ছিন্নভাবে ভূত্বরণ পরিমাপ করে চলে, এবং স্থানীয়ভাবে বহুতল ভবনের কম্পনের তথ্য নথিভুক্ত করে। এতে একদিকে যেমন শহরটিতে তৈরি হওয়া অবকাঠামো কম্পনের ত্বরণ থেকে কম্পন বল পরিমাপ সম্পর্কে জেনে নির্মিত হতে পারে, অন্যদিকে ভূকম্পন অনুভূত হলে, এই নেটওয়ার্ক স্থানীয়দের মুঠোফোনের মাধ্যমে সতর্ক করতে পারে তার অধিবাসীদের। নগরবাসীরা অন্তত কিছুটা সময় বেশি হাতে পায়, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত করতে। লস অ্যাঞ্জেলেস শহরের এই নেটওয়ার্কটির নাম সেকঅ্যালার্ট।

প্রশ্ন হচ্ছে, এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে কি বিপুল অর্থের প্রয়োজন? বাংলাদেশের কি এই সামর্থ্য রয়েছে? এর উত্তর দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তাহমীদ মালিক আল-হুসাইনী এবং তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ বাতেন। বিগত বছরগুলোর গবেষণায় তাঁরা মাইক্রোইলেকট্রনিক মেকানিক্যাল সিস্টেমস বা মেমস–ভিত্তিক একসিলারোমিটার দেশেই তৈরি করেছেন, যা নিখুঁতভাবে কম্পনজনিত ত্বরণ পরিমাপ করতে সক্ষম।

আরও পড়ুন
আরও পড়ুন

অধ্যাপক আল-হুসাইনী এবং অধ্যাপক বাতেনের নেতৃত্বে বুয়েটের গবেষকদল প্রাথমিকভাবে তা তৈরি করেন ২০ হাজার টাকার চেয়েও কম খরচে। তুলনামূলক কম খরচে, এই মেমস প্রযুক্তি ব্যবহার করে, ঢাকা বা দেশের অন্যান্য শহরগুলোর জন্য ভূকম্পন পরিমাপের নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। প্রশ্ন উঠতে পারে, দেশে কি বর্তমানে একসিলারোমিটার নেই? আর বিদেশের একসিলারোমিটার ক্রয় করলেই বা ক্ষতি কিসে?

বাংলাদেশে বিগত তিন দশকে বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বিদেশি একসিলারোমিটার স্থাপিত হয়েছিল। তবে লেখকের জানামতে, এগুলো বর্তমানে কার্যকর নেই। আমাদের দুর্ভাগ্য যে ২০২৫ সালের ২১ নভেম্বর ঘটে যাওয়া ভীতিজাগানো ৫ দশমিক ৪ মাত্রার নরসিংদী ভূমিকম্পের কোনো ত্বরণ-উপাত্ত আমাদের হাতে নেই। এর কারণ হতে পারে বিবিধ। তবে একসিলারোমিটার অকার্যকর হওয়ার পর এর মেরামতের জন্য যে বিদেশি কারিগরের জন্য অপেক্ষা ও বিশাল ব্যয় এর পেছনের অন্যতম কারণ, এ বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না।

বাংলাদেশের প্রকৌশলীরা নিজ উদ্যোগে এমন জরুরি সতর্কীকরণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। এটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। তবে রাষ্ট্রীয়ভাবে এই একসিলারোমিটার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া এখনই জরুরি। গত দেড় শতকে বাংলাদেশ ও তার নিকটবর্তী এলাকা পাঁচটি বৃহৎ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। প্রতিটি ভূমিকম্প ছিল ৭ মাত্রা বা তার অধিক। এমন আরেকটি কম্পন কবে ঘটবে তা বলা শক্ত।

অথচ বুয়েটের এই গবেষক দল বুয়েটের অনুদানে এবং নিজস্ব অর্থায়নে দেশের পাঁচটি স্থানে সাতটি একসিলারোমিটার ইতিমধ্যেই স্থাপন করে ফেলেছে, যা বর্তমানে কম্পনজনিত ত্বরণের উপাত্ত সংগ্রহ করছে। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—এই পাঁচটি জায়গাতে বসানো হয়েছে একসিলারোমিটার। সুবিধা হচ্ছে, বৈদেশিক একসিলারোমিটারের মতো কোনো যান্ত্রিক ত্রুটি সারাবার জন্য চড়া মূল্যে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভর করতে হয় না।

বুয়েটের প্রকৌশলীদের তৈরি যন্ত্র বুয়েটেই মেরামত করা সম্ভব। শুধু তা–ই নয়, বুয়েটের এই গবেষক দল কম্পনের কারণে দালান কতটুকু হেলে পড়বে তা পরিমাপের জন্য টিল্টমিটারও তৈরি করেছে। একসিলারোমিটার যেন ঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে একটি সেক-টেবিলও নির্মাণ করা হয়েছে। শুধু তা–ই নয়, সংস্থাপিত একসিলারোমিটারগুলো কর্তৃক সংগৃহীত উপাত্তের সমন্বয়ের জন্য একটি ভূকম্পন নেটওয়ার্ক (বুয়েট লো-কস্ট সিসমিক নেটওয়ার্ক) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকায় বসে সিলেট বা ময়মনসিংহের কম্পনের উপাত্ত পর্যবেক্ষণ করা যাবে সহজেই।

ভূমিকম্প হলে কী করতে হবে, সে বিষয়ে ছাত্রদের সচেতনতামূলক মহড়া দেয় ফায়ার সার্ভিস
ছবি: জুয়েল শীল

বুয়েটের গবেষক দল বলছে যে তাদের একসিলারোমিটার পরীক্ষিত এবং কম্পনজনিত ত্বরণ পরিমাপে তা দক্ষ। এ বছর, অর্থাৎ ২০২৬ সালে, আইইইই ট্রানজেকশন অন ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট জার্নালে এই যন্ত্রের দক্ষতা উপস্থাপিত হয়েছে। এই যন্ত্র আমাদের দেশে স্বল্প মূল্যে তৈরি হয়েছে। আর এ কারণে এর নির্মাণ, পরিচালনা ও পরিচর্যা দেশেই সম্ভব। একসিলারোমিটারের একটি বিস্তৃত নেটওয়ার্ক যদি দেশে তৈরি করা যায়, তবে ভূমিকম্পজনিত বল–সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে, যা স্থানীয়ভাবে দালান তৈরির নকশায় সহায়তা দেবে।

সবচেয়ে আশার কথা হলো, এই নেটওয়ার্ক থেকে জানা তথ্য হয়তো শিগগির আমাদের মুঠোফোনে কম্পনের আগাম বার্তা জানাতে পারবে। বাঁচাতে পারবে লাখো জীবন। এই আগাম বার্তা সঞ্চালন করার লক্ষ্যে গবেষণা চলমান রয়েছে। দীর্ঘমেয়াদি গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবিত নেটওয়ার্ক, দেশের ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

বাংলাদেশের প্রকৌশলীরা নিজ উদ্যোগে এমন জরুরি সতর্কীকরণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। এটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। তবে রাষ্ট্রীয়ভাবে এই একসিলারোমিটার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া এখনই জরুরি। গত দেড় শতকে বাংলাদেশ ও তার নিকটবর্তী এলাকা পাঁচটি বৃহৎ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। প্রতিটি ভূমিকম্প ছিল ৭ মাত্রা বা তার অধিক। এমন আরেকটি কম্পন কবে ঘটবে তা বলা শক্ত।

তবে বুয়েটের গবেষকদের তৈরি একসিলারোমিটারের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা গেলে আগামী ভূমিকম্প যেদিন ঘটবে অন্তত সেই দিন আমাদের মুঠোফোনে বেজে উঠবে সতর্কসংকেত। নিজেকে ও নিজের পরিবারকে হয়তো নিরাপদে সরিয়ে নিতে পারব আমরা অনেকেই। বিজ্ঞানমুখী আজকের বাংলাদেশের কাছে এটুকু প্রত্যাশা করা যেতেই পারে।

  • নাভিদ সালেহ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন-এ পুর, স্থাপত্য ও পরিবেশ কৌশল অনুষদের অধ্যাপক।