জামায়াতের আমির ঠিক বলেননি...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আল–জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কখনো একজন নারী তাঁর দলের প্রধান হতে পারবেন না। কেন? কারণ, নারী ও পুরুষ সমান নন। তাঁদের যাঁর যাঁর ভূমিকা আলাদা। নারীরা সন্তানের জন্ম দেন, পুরুষেরা তা পারেন না। সৃষ্টিকর্তাই এ নিয়ম বেঁধে দিয়েছেন। এর আগে এই দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নারীকে সরকার বা রাষ্ট্রপ্রধান হিসেবে তারা সমর্থন করে না।

এ কথা ভেঙে দেখলে মোদ্দা অর্থ যা দাঁড়ায়, তা হলো নারী পুরুষের সমকক্ষ নন। পুরুষ যা পারেন, নারী তা পারেন না। পুরুষ হবেন দলের, দেশের নেতা। অন্যদিকে নারীরা সবচেয়ে ভালো পারেন সন্তানের জন্ম ও তাদের লালন-পালন করতে। অতএব তাঁদের ঘরে আটকে রাখো, সেটাই তাঁদের প্রকৃষ্ট স্থান। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতসহ অন্তত ৩০টি দল যে ৩০০ আসনের ১টিতেও একজন নারী প্রার্থী দেয়নি, তা থেকেই স্পষ্ট—তাদের চোখে এই নারী-পুরুষের ফারাক কতটা গভীর।

এই মনোভাব যখন রাষ্ট্রীয় বা সরকারি নীতিতে দাঁড়ায়, তার ফল কেমন হয়, তার একটি ভালো ছবি দেখতে পাই আজকের আফগানিস্তানে। সেখানে বিধাতার নিয়মের অজুহাতে মেয়েদের ১২ বছরের পর স্কুলের দরজা বন্ধ করা হয়েছে। অতি সামান্য দু-একটি ক্ষেত্র ছাড়া কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। রাস্তায় একা চলা বন্ধ করা হয়েছে। এমনকি জোরে কথা বলাও শান্তিযোগ্য অপরাধ বলে নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে, যেখানে তার ইতিহাসের একটা বড় সময় ক্ষমতার কেন্দ্রে থেকেছেন দুটি দলের প্রধান দুই নারী, সেখানে নারী দলীয় প্রধান বা সরকারপ্রধান হতে পারবেন না, এ কথা শুধু হাস্যকরই নয়; খুবই সেকেলে। এই দুই নারী প্রধান শুধু দাপিয়ে দেশ শাসন করেছেন, তা–ই নয়। অনেক পুরুষ সহকর্মীরা তাঁদের সঙ্গে কথা বলার আগে ‘স্যার’ যোগ করে সম্ভাষণ করতেন।

একসময় নারী পুরুষের সমকক্ষ ছিল না, অনেক ক্ষেত্রে এখনো নয়। তার কারণ মেয়েদের সমকক্ষ হতে দেওয়া হয় না। শাসন ও অনুশাসন দুটোই পুরুষদের হাতে। অবস্থাটা একদম বদলে যায়, যদি মেয়েদের ঘর থেকে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হয়। অথবা যদি পুরুষের সঙ্গে সমানতালে প্রতিযোগিতার পথটা কিছুটা সমতল করা হয়। সে সুযোগ পেয়েছে বলেই বাংলাদেশের মেয়েরা এখন ফুটবলে শিরোপা জিতছে। হিমালয়ের শৃঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে। দেশের নারী পুলিশ সদস্যরা হাইতির মতো যুদ্ধবিধ্বস্ত দেশে যোগ্যতার সঙ্গে শান্তি রক্ষার দায়িত্ব পালন করেছেন।

মেয়েদের সামনে অনেক বাধা, অনেক দেয়াল। সে দেয়াল ভেঙে বাইরে বেরোতে পারলে মেয়েরা কেমন ফল দেখাতে পারেন, তার এক চমৎকার উদাহরণ শিক্ষাক্ষেত্রে মেয়েদের সাফল্য। বাংলাদেশে ছেলেদের তুলনায় এখন অধিক সংখ্যায় মেয়েরা শিক্ষার সুযোগ গ্রহণ করছেন। ২০২৪ সালের হিসাবে প্রাথমিক পর্যায়ে ছেলেদের ভর্তির হার যেখানে ছিল ৯০ শতাংশ, সেখানে মেয়েদের ৯৮ শতাংশ।

জামায়াত মুখে মেয়েদের সমানাধিকারের কথা বলে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি এমন কথাও বলছে, সন্তান পালনে যাতে সুবিধা হয়, তাই তারা নারী কর্মচারীদের আট ঘণ্টার বদলে পাঁচ ঘণ্টা শ্রমদিবসের ব্যবস্থা করবে। সমস্যা হলো, শুধু নারীরাই যে সন্তান লালন-পালন করে তা নয়, অনেক ক্ষেত্রে পুরুষদেরও সে কাজ করতে হয়। সমস্যা চাকরি নয়, শিশু পরিচর্যা বা চাইল্ড কেয়ারের। এই সাধারণ সত্যের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি প্রতিটি পরিবারের জন্য সরকারি খরচে শিশু পরিচর্যাব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।

সাম্প্রতিক সময়ে হাইস্কুল পর্যায়ে প্রতিটি শীর্ষ পরীক্ষার ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে গেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে ৮ শতাংশ বেশি—৬২ শতাংশ বনাম ৫৪ শতাংশ। এর পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ে পারিবারিক-সামাজিক বাধার কারণে মেয়েরা সমানতালে এগোতে পারেন না, কিন্তু যেসব দেশে সেই বাধা তুলনামূলকভাবে কম, সেখানে মেয়েরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ে ছেলেদের চেয়ে অনেক ভালো করছেন। যেমন যুক্তরাজ্যে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট পর্যায়ে যুক্তরাজ্যে পুরুষদের পাসের হার যেখানে ৮১ শতাংশ, সেখানে মেয়েদের হার ৮৬ শতাংশ। ১৯ বছর বয়সী এমন মেয়েদের ৫৬ শতাংশ যেখানে কলেজে প্রবেশে করছেন, সেখানে একই বয়সী ছেলেদের সংখ্যা মাত্র ৪০ শতাংশ।

মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়া এতটা ভীতিকর হয়ে উঠেছে যে যুক্তরাজ্যের হায়ার এডুকেশন অ্যান্ড পলিসি ইনস্টিটিউট প্রস্তাব রেখেছে, ছেলেদের এগিয়ে নিতে সাহায্য করতে নতুন রণকৌশল প্রণয়নের পাশাপাশি একজন জুনিয়র মন্ত্রীকে নিয়োগ দেওয়া হোক। ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ ‘মিনিস্টার ফর বয়েজ’ এই নামে একটি পদ সৃষ্টির প্রস্তাব পর্যন্ত করেছেন।

বস্তুত আধুনিক বিজ্ঞান এ কথা প্রমাণ করেছে যে মেয়েরা পুরুষের তুলনায় কোনো ক্ষেত্রেই অধম নয়, বরং উল্টো। বুদ্ধিমত্তা সূচক বা আইকিউর ক্ষেত্রে নারী-পুরুষ সমান হলেও মেয়েদের পক্ষে একই সঙ্গে সফলভাবে একাধিক কাজ করা সম্ভব (মাল্টিটাস্কিং)। একইভাবে মেয়েদের স্মৃতি ধারণক্ষমতা বেশি। কারণ, মেয়েদের মস্তিষ্কে বাঁ ও ডান অর্ধগোলকের মধ্যে যোগাযোগ তুলনামূলকভাবে বেশি কার্যকর।

আরও পড়ুন

সোজা কথায়, শারীরিক বা বুদ্ধিবৃত্তিকভাবে মেয়েদের কমন খামতি নেই। তাঁরা যে জামায়াতের মতো দলের নেতৃত্ব পান না, তার কারণ জেন্ডার বা লিঙ্গ নয়। তাঁদের সে সুযোগ দেওয়া হয় না তাই। জামায়াতের আমির মেয়েদের সন্তানধারণের যুক্তি দিয়েছেন। সে ক্ষমতা ‘বায়োলজিক্যাল’ বা জৈবিক প্রক্রিয়া। এর সঙ্গে লিডারশিপ বা নেতৃত্ব প্রদানের কোনো সম্পর্ক নেই। নেতৃত্ব প্রদানের জন্য প্রয়োজন কৌশলগত বুদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা ও জটিল সময়ে ঠান্ডা মাথায় দলকে বা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষমতা। এর প্রতিটি ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারী মোটেই কম দক্ষ নয়।

একাত্তরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা ভাবুন। আরেকটি উদাহরণ দিয়েছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯৭৪-এ বাংলাদেশে দুর্ভিক্ষের ওপর তাঁর উপাত্তভিত্তিক গবেষণায় তিনি দেখিয়েছেন, সেই প্রবল দুর্যোগের সময় অনেক পরিবার টিকে ছিল প্রধানত সংসারের হাল মেয়েদের হাতে ছিল বলেই। অপ্রতুল খাদ্য ব্যবহারের আগাম পরিকল্পনা, সংরক্ষণ, যথাযথ বণ্টন ও লম্বা টিকে থাকার পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে তাঁরা সন্তান, স্বামী ও স্বজনদের আগলে রেখেছেন। আজকের গাজা অথবা যুদ্ধবিধ্বস্ত সুদানের কথা ভাবুন। এসব অঞ্চলে অনেকেই হয়তো ভেসে যাবেন, ধুঁকে ধুঁকে মরবেন কিন্তু যাঁরা বেঁচে যাবেন, তা অনেক ক্ষেত্রেই তাঁদের সংসারের নারীদের যোগ্য নেতৃত্বের কারণে।

জামায়াতের আমির বা তাঁর মতো অন্য অনেকে নারীদের কেন নেতৃত্ব থেকে বাইরে রাখতে হবে, তার যুক্তি হিসেবে ধর্মের কথা বলেন। অথচ ইসলামের মহানবী (সা.)–এর সময় থেকেই নারীদের আমরা সিদ্ধান্ত গ্রহণ ভূমিকায় দেখি। যুদ্ধক্ষেত্রে সমরনায়কের ভূমিকায় দেখি। তাঁদের কথা আমাদের চেয়ে জামায়াতের আমিরের বেশি জানার কথা।

সমান বা অনেক ক্ষেত্রে অধিক দক্ষ হওয়া সত্ত্বেও নারীদের কেন বাদ দেওয়া হয়, তার কারণ হায়ারার্কি বা সামাজিক স্তরবিন্যাস। প্রায় এক হাজার বছর আগে সে কথা জানিয়ে গেছেন বিখ্যাত ইসলামি পণ্ডিত আবু রুশদ। প্লেটোর রিপাবলিকান গ্রন্থের আরবি অনুবাদের ভূমিকায় তিনি লিখেছেন, জ্ঞান, পুণ্য বা নেতৃত্বের যোগ্যতায় নারী-পুরুষের কোনো ভেদ নেই। তবু যে নারীদের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়, তার কারণ সামাজিক নিয়মাবলি, প্রাকৃতিক বা দৈব নির্ধারিত কোনো নিয়ম নয়।

সেই কথার এক হাজার বছর পর এক বাঙালি নারী ঠিক সে কথাই বলে গেছেন। তাঁর নাম বেগম রোকেয়া। সুলতানার স্বপ্ন গ্রন্থে তিনি গল্পচ্ছলে দেখিয়েছেন, নারীদের যে নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়, তার কারণ ধর্মীয় অনুশাসন বা নারীর জৈবিক প্রকৃতি নয়, স্রেফ নিজের সুবিধার জন্য পুরুষের বানানো নিয়মকানুন।

জামায়াত মুখে মেয়েদের সমানাধিকারের কথা বলে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি এমন কথাও বলছে, সন্তান পালনে যাতে সুবিধা হয়, তাই তারা নারী কর্মচারীদের আট ঘণ্টার বদলে পাঁচ ঘণ্টা শ্রমদিবসের ব্যবস্থা করবে। সমস্যা হলো, শুধু নারীরাই যে সন্তান লালন-পালন করে তা নয়, অনেক ক্ষেত্রে পুরুষদেরও সে কাজ করতে হয়। সমস্যা চাকরি নয়, শিশু পরিচর্যা বা চাইল্ড কেয়ারের। এই সাধারণ সত্যের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি প্রতিটি পরিবারের জন্য সরকারি খরচে শিশু পরিচর্যাব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।

চাইলে এই বুদ্ধি বাংলাদেশের জামায়াতও গ্রহণ করতে পারে, কিন্তু করবে কি?

  • হাসান ফেরদৌস প্রাবন্ধিক ও কলাম লেখক

    মতামত লেখকের নিজস্ব