‘দক্ষ মানবসম্পদ’ শব্দবন্ধে ‘দক্ষ’ শব্দটি ঠিক সাধারণ দক্ষতাকে বোঝায় না। একজন মানুষ সাধারণ অর্থে শুধু দক্ষ হলে তিনি যে মানবসমাজের জন্য কল্যাণকর হবেন, তার কোনো নিশ্চয়তা নেই। অথচ বেশির ভাগ দেশের শিক্ষাব্যবস্থায় যখন দক্ষ মানবসম্পদ গড়ার কথা বলা হয়, তখন দক্ষতা বলতে কার্যত সাধারণ দক্ষতাকেই বোঝায়। খেয়াল করা হয় না যে এ ধরনের দক্ষ মানবসম্পদ গড়ে তুললে হিতে বিপরীত হতে পারে। এবং তা যে হয়, তা একটু ভালো করে লক্ষ করলে আমরা আমাদের চারপাশেই দেখতে পাব। এখানে বড় মাপের কিছু ঘটনা উল্লেখ করা যাক।
১৮৮০ সালে জন্ম নেওয়া কার্ল নর্ডন বলে একজন খুব ধার্মিক সুইস আমেরিকান ভদ্রলোকের ধ্যানজ্ঞান ছিল বোম্বসাইট তৈরি করা। বোম্বসাইট হচ্ছে একধরনের ডিভাইস, যা দিয়ে বোমারুরা প্লেন থেকে একেবারে ঠিক জায়গায় বোমা ফেলার চেষ্টা করত। কার্ল নর্ডন দেখলেন, বোমারুরা যে বোমা ফেলে, সেটা সাধারণত লক্ষ্যবস্তুর এক মাইল বা তার চেয়েও দূরে গিয়ে পড়ে। তাতে প্রচুর জানমালের ক্ষতি হয়। একজন ধার্মিক মানুষ হিসেবে এই অকারণ ক্ষতির হাত থেকে তিনি মানবজাতিকে রক্ষা করতে চাইলেন। ঠিক করলেন এমন বোম্বসাইট বানাতে হবে, যাতে ২০ হাজার ফুট ওপর থেকে একটা ছোট ব্যারেলকে লক্ষ্য করে বোমা ফেললেও সেটা যেন ব্যারেলের ভেতরেই পড়ে। সে রকম একটা বোম্বসাইট তিনি বানিয়েও ফেললেন। কিন্তু তাঁর আশা পুরোপুরি সফল হল না। কারণ, তাঁর বোম্বসাইটটা তখনই আশানুরূপ কাজ করতে পারে যখন প্লেন একটা নির্দিষ্ট উচ্চতায় এবং একটা নির্দিষ্ট গতিতে ওড়ে, যখন আকাশে মেঘ থাকে না, বাতাসের গতি থাকে স্বাভাবিক, আর বোমারু যখন পরিষ্কার তার লক্ষ্যবস্তুকে দেখতে পায় তখন। এগুলো সব একসঙ্গে ঘটে না বলে তাঁর ৫০ পাউন্ড ওজনের ‘মার্ক ১৫ বোম্বসাইট’ ব্যবহার করে সব সময় ঠিক জায়গায় বোমা ফেলা যেত না।
১৯৪৫ সালের ৬ আগস্ট। ‘এনোলা গে’ নামের একটি বি-১৯ বিমান হিরোশিমায় উড়ে এসে একটি থার্মোনিউক্লিয়ার ডিভাইসের ওপর ৩ বিলিয়ন ডলারের একটা বোমা ফেলার চেষ্টা করে। বরাবরের মতো এখানেও দেড় বিলিয়ন ডলার দামের বোম্বসাইটটার একটু ভুল হয়। বোমাটা লক্ষ্যস্থলের ৮০০ ফুট দূরে গিয়ে পড়ে। তাতে অবশ্য কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। কারণ, সেদিন শুধু জাপানের নয়, পুরো মানবজাতির যে ক্ষতি হয়েছে, তা বাড়ানোর আর কোনো উপায় ছিল না।
সেই সময়কার সবচেয়ে উন্নত এই বোম্বসাইটের সাফল্যকে এখনকার চোখ দিয়ে দেখলে হাসি পাবে। ১৯৪৪ সালে জার্মানির লিউনা শহরে ৭৫৭ একরের ওপর নির্মিত একটি কেমিক্যাল প্লান্টে বোমা ফেলার সময় নর্ডন বোম্বসাইট ব্যবহার করা হয়। ২২টি বোম্বিং মিশনে মিত্রশক্তি সেখানে ৮৫ হাজার বোমা ফেলে। কিন্তু তার মাত্র ১০ শতাংশ বোমা ওই ৭৫৭ একরের মধ্যে গিয়ে পড়ে, তা-ও আবার তার ১৬ শতাংশ বোমা বিস্ফোরিত হয় না।
যা-ই হোক, কার্ল নর্ডনের আশা ছিল বোমা যত সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে, জানমালের ক্ষতি তত কম হবে। কিন্তু তাঁর বানানো বোম্বসাইটটি সময়ের তুলনায় অনেক উন্নত হলেও জানমালের ক্ষতি কমাতে পারল না। এমনকি পরে, যুক্তরাষ্ট্র যখন ইরাকে বা আফগানিস্তানে আরও অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে বোমা ফেলল, তখনো অবস্থার তেমন হেরফের হলো না।
ইরাকে যুদ্ধে স্কাড মিসাইল লঞ্চার ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের দুই স্কোয়াড্রন ‘এফ-১৫ ফাইটার ইগল’ হামলা চালায়। তাদের সঙ্গে ছিল ৫ মিলিয়ন ডলারের ক্যামেরা। তারা দিনে-রাতে হাজার হাজার বোমা ফেলে। যুদ্ধের পর কয়টা ‘স্কাড মিসাইল লঞ্চার’ ধ্বংস হয়েছে, তা হিসাব করতে গিয়ে দেখা গেল যে একটাও হয়নি। নিশানার কোনো সমস্যা ছিল না। সমস্যাটা ছিল আরও মৌলিক। আসলে ‘স্কাড মিসাইল লঞ্চার’ বলে ওখানে কিছু ছিলই না। ফলে সেই না থাকা লঞ্চার বেঁচে গেল ঠিকই, কিন্তু এদিকে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেল।
আফগান যুদ্ধেও তা-ই। আফগান যুদ্ধে সিগনেচার অস্ত্র ছিল ড্রোন যা ‘মার্ক ১৫ বোম্বসাইট’-এর চেয়ে অনেক উন্নত, ৯৫ শতাংশ অব্যর্থ নিশানা। এই যুদ্ধে আমেরিকানরা এটা দিয়ে ২ হাজার মানুষকে হত্যা করে। অর্থাৎ শুধু কাঙ্ক্ষিত ব্যক্তিদের ওপরই এই হত্যাযজ্ঞ চলে। কিন্তু তাতে সমস্যা না কমে বরং বেড়ে যায়। আমেরিকানরা যখন এই আক্রমণ চালাচ্ছিল, তখন তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তালেবানদের ঘৃণা—সেই সময় আমেরিকানদের ওপর সুইসাইড হামলাসহ আরও নানা রকম হামলা প্রায় ১০ গুণ বেড়ে যায়। শেষ বিচারে যুদ্ধাস্ত্র প্রয়োগে আমেরিকানদের এই দক্ষতা অর্জন কোনো সাফল্য নয় বরং একধরনের ব্যর্থতার সমার্থক হয়ে দাঁড়ায়।
মার্ক ১৫ বোম্বসাইট দিয়ে আরেকবার বোমা ফেলা হয়েছিল।
১৯৪৫ সালের ৬ আগস্ট। ‘এনোলা গে’ নামের একটি বি-১৯ বিমান হিরোশিমায় উড়ে এসে একটি থার্মোনিউক্লিয়ার ডিভাইসের ওপর ৩ বিলিয়ন ডলারের একটা বোমা ফেলার চেষ্টা করে। বরাবরের মতো এখানেও দেড় বিলিয়ন ডলার দামের বোম্বসাইটটার একটু ভুল হয়। বোমাটা লক্ষ্যস্থলের ৮০০ ফুট দূরে গিয়ে পড়ে। তাতে অবশ্য কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। কারণ, সেদিন শুধু জাপানের নয়, পুরো মানবজাতির যে ক্ষতি হয়েছে, তা বাড়ানোর আর কোনো উপায় ছিল না। তাঁর বোম্বসাইট ব্যবহার করে বোমা ফেলার এ ঘটনার কথা সেদিন কার্ল নর্ডনকে কেউ জানায়নি। ধার্মিক মানুষটি সেদিন জানতে পারেননি যুদ্ধের ভয়াবহতা কমানোর জন্য তিনি এত কষ্ট করে যে বোম্বসাইটটি তৈরি করেছিলেন, সেটাই পৃথিবীর বৃহত্তম ধংসযজ্ঞে ব্যবহৃত হয়েছে।
শিক্ষাব্যবস্থায় যদি শুধু দক্ষতার দিকেই নজর দেওয়া হয়, তাহলে এ রকম ঘটনাই ঘটতে থাকবে। আমাদের দেশে আমরা এত দিন সাধারণ দক্ষতার দিকেও তেমন নজর দিইনি। এখন যেহেতু দেওয়া শুরু করছি তার সঙ্গে জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকেও সমান গুরুত্ব দিতে হবে। না হলে কাঙ্ক্ষিত দক্ষ জনশক্তি সত্যিকার অর্থে ‘দক্ষ’ হবে না।
সৈয়দ মো. গোলাম ফারুক মাউশি ও নায়েমের সাবেক মহাপরিচালক