রাজনৈতিক দুর্যোগের সতর্কবার্তা কি সরকার শুনতে পাচ্ছে

লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন’ ঘোষণাটিকে এখন আর আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বলার সুযোগ নেই। এটি একটি টেক্সট। সাবটেক্সটও এখন প্রতিষ্ঠিত। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ককটেলের বিস্ফোরণ, পার্ক করা বাসে আগুন, ভোরের সড়ক অবরোধ, আর নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল এখন নিত্যদিনের ঘটনা।

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মরেছেন বাসচালক কালাচাঁদ শেখ। নেত্রকোনায় ট্রেনের বগিতে আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার। গোপালগঞ্জে পুলিশের গাড়ি উল্টে পুড়েছে। এগুলো সবই মূল টেক্সটের সাবটেক্সট। পাঠোদ্ধার করলে মর্মকথা—একটি রাজনৈতিক দুর্যোগ আসন্ন। এই সময়ে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা খুবই দরকার।

আরও পড়ুন
আরও পড়ুন

তৃতীয় কোনো পক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা যাচাই করছে না তো?

‘টেস্ট কেস’ ধারণাটি মাথায় রাখা দরকার। রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামরিক শাসন ও বিদ্রোহ-বিষয়ক আলাপে ‘প্রোবিং’ এবং ‘রিকনেসান্স বাই ফায়ার’ (রেকি করা) ধরনের কয়েকটি ধারণা রয়েছে। এগুলোর অর্থ—বড় আঘাতের আগে ছোট আঘাত, বড় খরচের আগে কম খরচ, বড় বিনিয়োগের আগে ছোট বিনিয়োগ দিয়ে প্রতিপক্ষের প্রতিক্রিয়া মেপে নিতে হয়। অনেকটা তরকারির লবণ দেখা, বা ভাত টিপে বোঝার মতোই।

রেকির উদ্দেশ্য ক্ষয়ক্ষতি নয়, তথ্য সংগ্রহ। পুলিশ কত মিনিটে পৌঁছাল? কোন জেলায় বাহিনী দুর্বল? গোয়েন্দারা আগাম খবর পায় কি না? গ্রেপ্তার কারা হয়, পরিকল্পনাকারী না ভাড়াটে? সরকার কি অতিপ্রতিক্রিয়া দেখায়, নাকি নিস্পৃহ? সরকার কতটা সামলাতে সক্ষম? টক শোতে বিষয়টি কতটা সরব? পত্রপত্রিকায় কতটা সাড়া ফেলছে ঘটনাগুলো? জনগণ কতটা ভীতসন্ত্রস্ত, কতটা নির্বিকার?  

ধরা যাক, কোনো জাতীয় বা আন্তর্জাতিক পক্ষ কোনো নির্দিষ্ট দেশে গৃহযুদ্ধ লাগাতে তৎপর। আগে তারা সম্ভাবনা নির্ধারণ করবে। যাদের দিয়ে শুরুর কাজটি করবে, তাদের প্রতি জনগণের ক্ষোভকে পক্ষটি আমলেই নেবে না। পক্ষটির একটিই উদ্দেশ্য—রাষ্ট্রের সক্ষমতা মাপা। দেখা যে কত দ্রুত ও নিখুঁতভাবে রাষ্ট্র সহিংসতা শনাক্ত ও দমনে সক্ষম। এই অভিজ্ঞানটি আমার নয়, রাষ্ট্রবিজ্ঞানী জেমস ফিয়ারন ও ডেভিড লেইটিনের। তাঁদের মতে—যেকোনো সুসংগঠিত সহিংস প্রকল্পের যৌক্তিক ধাপ প্রতিপক্ষের সক্ষমতা যাচাই।

মজুরি বৃদ্ধির আন্দোলনে রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়
ছবি: প্রথম আলো

১৯৭৫ সালের এপ্রিলে আইন আল-রুম্মানেহর বাস হামলাকে লেবাননের গৃহযুদ্ধের সূচনা ধরা হয়। কিন্তু তার আগের মাসগুলোতে বিভিন্ন গোষ্ঠী বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা ও বিভক্তির ধরন পরখ করে নিয়েছিল। রুয়ান্ডায়ও গণহত্যার মাস তিনেক আগে, ছোট ছোট সহিংসতা ও রেডিও প্রচারণা দিয়ে প্রতিক্রিয়া মাপা হচ্ছিল। ১৯৯৪ সালের জানুয়ারিতে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অধিনায়ক রোমিও দালের নিউইয়র্কে একটি সতর্কবার্তা পাঠান। তাতে খবর ছিল টুটসিদের তালিকা তৈরি চলছে, অস্ত্র মজুত এবং মিলিশিয়া প্রশিক্ষণ শুরু হয়েছে। সতর্কবার্তাটি উপেক্ষিত হওয়ার পরিণাম হয়েছিল ভয়াবহ।

২০০৮ সালে কেনিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। পরে ওয়াকি কমিশন দেখায়, আগে থেকেই সহিংসতার রেকি হচ্ছিল, সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছিল, অর্থের জোগানও বাড়ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আগাম সংকেত পেয়েও কার্যকর ব্যবস্থা নেয়নি। একই রকম অভিজ্ঞতা হয়েছিল পূর্ব ইউক্রেনের। ২০১৪ সালে দোনেৎস্ক ও লুহানস্কে সরকারি ভবন দখলের রেকিগুলো ছিল তুলনামূলক ছোট। কিয়েভ কত দ্রুত সাড়া দেয়, স্থানীয় পুলিশ কোন দিকে ঝোঁকে, সেসব বুঝে নেওয়ার পরই বড় আকারের সশস্ত্র তৎপরতা শুরু হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

শেখ হাসিনা ফিরবেন—ভালো কথা। এর সঙ্গে কী সম্পর্ক নভেম্বরের প্রথম আট দিনেই রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণ ও সাতটি গাড়িতে অগ্নিসংযোগের? কী সম্পর্ক পোশাকশ্রমিকদের আন্দোলনের ভেতর ‘কারাখানা জ্বালিয়ে দাও’ কর্মসূচির? কী সম্পর্ক দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের শাখায় শাখায় আগুন দেওয়া, এনসিপি নেত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়ার? কী সম্পর্ক সহিংসতা সারা দেশে ছড়িয়ে দেওয়ার—আদালতে ও শিক্ষাঙ্গনে তালা, পেট্রলবোমা, বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের? রাজধানীসহ সারা দেশে ২৫২টি চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, কেউ কেউ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েও নাশকতা চালাচ্ছে এবং তাদের অনেককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

অনেকগুলো লক্ষণ বলে দেয় এগুলো ‘টেস্ট কেস’। এক, সারা দেশে সহিংসতার বিস্তার। সামান্য দু-এক দিনের ব্যবধানে ঘটনা ছড়িয়েছে কক্সবাজার থেকে রাজশাহী, খাগড়াছড়ি থেকে বরগুনা পর্যন্ত। বিচ্ছিন্ন ক্ষোভ একযোগে এতগুলো জেলায় সমান তালে ছড়ায় না।

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে
ছবি: প্রথম আলো

দুই, লক্ষ্যবস্তুর বৈচিত্র্য। কেবল বাস ও ট্রাকই নয়—ট্রেন, পদ্মা সেতুর প্রবেশপথ, বিমানবন্দরের সামনের এলাকা, ইউএনও কার্যালয়, আদালত, বিশ্ববিদ্যালয় এবং প্রতীকী গুরুত্বের ধানমন্ডি ৩২। একেকটি লক্ষ্যবস্তু রাষ্ট্রের একেকটি নিরাপত্তা সক্ষমতা-চিহ্ন। রেকি হয়েছে সড়ক পুলিশ, রেল নিরাপত্তা, কেপিআই সুরক্ষা, বিমানবন্দর নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তাব্যবস্থার সক্ষমতার।

তিন, প্রতীকী বার্তা। গ্রামীণ ব্যাংকের শাখাগুলো লক্ষ্য হওয়াও কাকতালীয় নয়। মুহাম্মদ ইউনূসের প্রতীকচিহ্ন আক্রান্ত হলে সরকার কতটুকু গা করে রেকি হয়েছে।

চার, ভাড়াটে কর্মী বিস্ফোরণ ঘটাতে গিয়ে ধরা পড়ারা কেউ কাউকে চেনে না, নিয়োগকর্তাদেরও চেনে না। এটা প্রোবিংয়ের টেক্সটবুক উদাহরণ। সহিংসতাকারীরা নিজেদের নেটওয়ার্ক অক্ষুণ্ণই রাখছে।  

পাঁচ, সীমান্ত রেকি। সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার কোন পথে সুনামগঞ্জে ঢুকে সভা করলেন, সরকারই বুঝতে পারছে না। পুলিশপ্রধান সব জেলার পুলিশ সুপারকে সীমান্ত জেলায় টহল ও অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অভিযোগ করেছেন, সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে এবং প্ররোচনাও আসছে।

গৃহযুদ্ধ বাধানোর সক্রিয় চেষ্টা চলছে না তো?

এই অনুমানটি ভীতি ছড়ানোর জন্য নয়, প্রোবিংয়ের লক্ষণগুলো দেখে রাষ্ট্রপক্ষকে সতর্ক করার জন্য। সহিংসতা একেবারেই প্রাথমিক লক্ষণ। তবে প্রতিপক্ষকে উসকানি দিয়ে দিয়ে সংঘাতের দিকে টেনে আনার একটি জোর চেষ্টা প্রোবিংয়ের ভেতর টের পাই। দেশ স্পষ্টই দুই ভাগে বিভক্ত হয়েই আছে। একপক্ষে শেখ হাসিনার কট্টর সমর্থকেরা। অন্য পক্ষে কট্টর হাসিনাবিরোধীরা। অর্থাৎ ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধ বাধার বারুদ তৈরিই আছে। খালি দেশলাই কাঠি জ্বলে ওঠার অপেক্ষা।    

ঝুঁকি দেখছি, যুক্তি কী? যুক্তি ইতিহাসের শিক্ষা। বারবারা ওয়াল্টার তাঁর ‘হাউ সিভিল ওয়ারস স্টার্ট’ বইয়ে দেখিয়েছেন, গৃহযুদ্ধ সবচেয়ে বেশি শুরু করে সেই গোষ্ঠী, যারা একসময় ক্ষমতার কেন্দ্রে ছিল এবং হঠাৎ ক্ষমতা, মর্যাদা ও শক্তি হারিয়েছে। নিষিদ্ধ হওয়া, নির্বাচনের বাইরে থাকা, শীর্ষ নেতার মৃত্যুদণ্ড—সবই ক্ষমতা, মর্যাদা ও শক্তি হারানোর লক্ষণ।

দ্বিতীয় যুক্তি, অ্যানোক্রেসি বা মধ্যবর্তী অবস্থা। বারবারা ওয়াল্টারের গবেষণাটিই বলে—পূর্ণ গণতন্ত্র বা পূর্ণ স্বৈরতন্ত্রের চেয়ে যে দেশগুলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে, সেখানেই ঝুঁকি সবচেয়ে বেশি। ২০২৪-এর গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন এবং একটি বড় দলের নির্বাচনের অধিকার হারানো—বাংলাদেশ অ্যানোক্রেটিক মধ্যবর্তী রূপান্তরের খাঁটি দৃষ্টান্ত।

শেখ হাসিনার স্বাধীন নাগরিক হিসেবে, পাসপোর্ট হাতে বিমানবন্দর দিয়ে স্বাভাবিকভাবে ফেরা একেবারেই অসম্ভব। তাঁর সামনে বাস্তবে দুটি পথই খোলা: প্রত্যর্পণের মাধ্যমে বন্দী হিসেবে ফেরা, অথবা নিজে এসে আত্মসমর্পণ করা এবং গ্রেপ্তার হওয়া। কারণগুলো জলের মতো সহজ।

তৃতীয় যুক্তি, দেশব্যাপী পাল্টা সহিংসতা ও বেসরকারি পাহারার বিস্তার। নেত্রকোনায় আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে পাল্টা হামলা হয়েছে। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, তেজগাঁওয়ে বিএনপি ও সমমনা দলের কর্মীরা লাঠি হাতে রাস্তা পাহারা দিয়েছেন। রাষ্ট্রের বদলে দলীয় কর্মীরা নিরাপত্তার দায়িত্ব নিতে শুরু করলে সংঘাত-প্রতিসংঘাতের দুষ্টচক্র তৈরি হয়।

চতুর্থ যুক্তি, প্রতীকী সময়কাল। ডিসেম্বর বিজয়ের মাস। একই সঙ্গে শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলার বার্ষিকী। বর্তমান বিএনপি সরকারের প্রথম বিজয় দিবসও এটি। সময়টি বেছে নেওয়ার প্রতীকী গুরুত্ব অনস্বীকার্য!

পঞ্চম যুক্তি, ক্ষোভের অর্থনৈতিক ভিত্তির কৌশলী অপব্যবহার। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই জেনেশুনেই বলছেন পোশাকশ্রমিকদের ন্যায্য আন্দোলনেও ‘পতিত শক্তির’ অর্থ ঢুকছে। ক্ষোভের অর্থনৈতিক ভিত্তি থাকলে রাজনৈতিক উসকানি সহজেই হালে পানি পায়।

ষষ্ঠ যুক্তি, অস্ত্রের সহজপ্রাপ্যতা। ২০২৪ সালের আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনো উদ্ধার হয়নি। এই ঝুঁকিটি এড়িয়ে যাওয়া বোকামি।

সপ্তম যুক্তি, স্পষ্ট উসকানি। ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘ফেরত নেওয়ার’ কথা বলেছেন। তিনি ভারত সরকারের মুখপাত্র নন, কিন্তু এমন বক্তব্য বাংলাদেশে উগ্র জাতীয়তাবাদী উত্তেজনা বাড়ানোর সরাসরি উসকানি।

আরও পড়ুন
আরও পড়ুন

শেখ হাসিনার ফেরা কি আসলেই সম্ভব?

শেখ হাসিনার স্বাধীন নাগরিক হিসেবে, পাসপোর্ট হাতে বিমানবন্দর দিয়ে স্বাভাবিকভাবে ফেরা একেবারেই অসম্ভব। তাঁর সামনে বাস্তবে দুটি পথই খোলা: প্রত্যর্পণের মাধ্যমে বন্দী হিসেবে ফেরা, অথবা নিজে এসে আত্মসমর্পণ করা এবং গ্রেপ্তার হওয়া। কারণগুলো জলের মতো সহজ।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১৩ জানুয়ারি। ট্রাইব্যুনাল আইনের ২১ ধারা অনুযায়ী আপিলের সময় ৩০ দিন, এবং ২১(৩) ধারা দেরিতে করা আপিল গ্রহণ নিষিদ্ধ করে। নির্ধারিত সময়সীমার ভেতরে তাঁর পক্ষে কোনো আপিল দায়ের হয়নি।

অর্থাৎ তাঁর আর কোনো আইনি বিকল্প নেই; ফিরলে বা গ্রেপ্তার হলে দণ্ড কার্যকর হবে। ফিরে এলে তাঁকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ফেরা মানেই আপিলের সুযোগ নিশ্চিত নয়। একটি ছোট ব্যতিক্রম হতে ক্ষীণ আশার আলো দেখতে পারতেন বটে। কিন্তু তাঁর দলের উদ্যোগে সাম্প্রতিক সহিংসতা শেষ আলোটিও নিভিয়ে দিয়েছে। একই ট্রাইব্যুনালে দণ্ডিত আবুল কালাম আজাদ দেরিতে দায়ের করা আপিলে বিলম্ব মওকুফের আবেদন করেন। আবেদনটি আপিল বিভাগে বিচারাধীন। আপিল বিভাগ ইতিবাচক সিদ্ধান্ত দিলে সেটি শেখ হাসিনার ক্ষেত্রে নজির হতে পারত। কিন্তু এখন আদালত আর ইতিবাচক না-ও থাকতে পারেন।

জুলাইয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ৩ আগস্ট ২০২৪, ঢাকা
ছবি: রয়টার্স

নিজেদের তৈরি আইনের ফাঁদেই পড়েছেন শেখ হাসিনা। ১৯৭৩ সালের মূল আইনে অনুপস্থিতিতে বিচারের বিধান ছিল না। ২০১২ সালে আওয়ামী লীগ প্রতিপক্ষের রাজনীতিকে শক্তিহীন করতেই আইনটি সংশোধন করে। আইনটির সংশোধনী না হলে আদালত তাঁর অনুপস্থিতিতে বিচার ও ফাঁসির রায় দিতেন না, অথবা দিলেও রায়টির আইনি ভিত্তি দুর্বল থাকত। ২০১৩ সালের সংশোধনীতে শেখ হাসিনার সরকার রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার যুক্ত করে নিজেদের শত্রুপক্ষকে নির্মূল করার জন্য। এই সরকারি আপিলের সুবাদেই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ফাঁসির রায়ে রূপান্তরিত হয়েছিল। এখন আইনের কোনো ফাঁকফোকরে যদি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টি যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করাও হয় তাতেও লাভ হবে বলে মনে হয় না। কেননা, রাষ্ট্রপক্ষ তখন আপিলের সুযোগ নিয়ে আবারও মৃত্যুদণ্ডের রায়ে ফেরাতে পারে।

আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার সংগঠন কারোরই আর এখতিয়ার নেই হাসিনার দণ্ড কমিয়ে যাবজ্জীবন করতে পারার। অনেকগুলো মৃত্যুদণ্ডবিরোধী মানবাধিকার সংস্থা এবং খোদ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৩ সালে মৃত্যুদণ্ড আইনিভাবে বিলুপ্ত করার, বা ট্রাইব্যুন্যালে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন করার অনুরোধ করে। শেখ হাসিনার সরকার সব অনুরোধই প্রত্যাখ্যান করে। একটিও উদাহরণ তৈরি করা থাকলে আজ সেই ‘প্রিসিডেন্স’-এর সুবিধাভোগী হতে পারতেন তিনি নিজেই।  

শেখ হাসিনা অবশ্যই ফিরবেন—বেশির ভাগ কর্মী-সমর্থকই এমনটি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। কিন্তু কীভাবে ফিরবেন বিষয়ে কারোরই কোনো স্পষ্ট ধারণা নেই। জুলাইয়ে প্রথম আলো লিখেছিল, দলের ভেতরেও অনিশ্চয়তা আছে এটি সত্যিকারের পরিকল্পনা, নাকি দলীয় কার্যক্রম চাঙা করার কৌশল। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিদেশে থাকা নেতাদের দেশে ফেরার আহ্বান জানানো হলেও কোনো শীর্ষ নেতা সাড়া দেননি।

শেখ হাসিনা পাসপোর্ট বা ট্রাভেল পাস বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার আইনি অধিকারও খুইয়েছেন। দণ্ডিত পলাতক ব্যক্তিকে রাষ্ট্র ভ্রমণ নথি দিতে বাধ্য নয়। পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া তৃতীয় কোনো দেশেও তাঁর বৈধভাবে যাওয়ার পথ নেই, যদি না সেই দেশ স্ব-উদ্যোগে তাঁকে ব্যতিক্রমী নথি দেয়। জাতিসংঘের তদন্তেও তাঁর নাগরিক হত্যা প্রমাণিত হওয়ায় কোনো দেশই সেটি করবে না।  

তাহলে ভারত কি তাঁকে নাগরিকত্ব দিতে পারে? সেটিও অসম্ভব। ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৬ ধারা ও তৃতীয় তফসিল অনুযায়ী প্রাকৃতিকীকরণের সাধারণ শর্ত হলো আবেদনের আগের ১২ মাস একটানা এবং তার আগের ১৪ বছরে অন্তত ১১ বছর ভারতে বসবাস। হাসিনা ভারতে আছেন দুই বছরের কিছু বেশি। এদিকে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের জন্য সময়সীমা পাঁচ বছরে নামিয়েছে। মুসলমানদের এই সুবিধা থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। মুসলমান হিসেবে তাই সিএএর পথ তাঁর জন্য সম্পূর্ণই বন্ধ।

আরও পড়ুন
আরও পড়ুন

তাঁকে ‘মানবিক’ মর্যাদায় রাখা হয়েছে, ভারতের এমন দাবি তাঁর প্রত্যর্পণও জটিল করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনস্থাপনে বা প্রত্যর্পণ চুক্তির আলোকে বাংলাদেশে ফেরাতে চাইলেও আর পারবে না। ফেরাতে চাইলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতকে তোপের মুখে ছিন্নভিন্ন করবে। বলবে—একজন ‘মানবিক’ আশ্রয়ধারীকে ‘অমানবিক’ মৃত্যুদণ্ডের জন্য পাঠানো অনৈতিকই নয়, অন্যায় এবং বেআইনিও বটে। যদিও প্রত্যর্পণ চুক্তির ৬ অনুচ্ছেদে ‘রাজনৈতিক চরিত্রের অপরাধ’ হলে প্রত্যর্পণ দাবি প্রত্যাখ্যানের সুযোগ আছে—ভারত সেটিও পারছে না।

কারণ, একই চুক্তি হত্যা, হত্যাচেষ্টা ও হত্যায় প্ররোচনাকে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেয়। তাই ভারত জোর আওয়াজে বলতেও পারছে না—শেখ হাসিনা ‘রাজনৈতিক প্রতিহিংসা’র শিকার হিসেবে আশ্রয় পেয়েছেন। এই শাঁখের করাত অবস্থা ভারতকেও ভোগাচ্ছে। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণই করতে হয় ভারতের। কিন্তু সেটিও অসম্ভব।

যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত সোমবার মধ্যরাতে কিশোরগঞ্জের বাজিতপুরে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ কর্মীরা কি সত্যিই বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন?

শেখ হাসিনা অবশ্যই ফিরবেন—বেশির ভাগ কর্মী-সমর্থকই এমনটি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। কিন্তু কীভাবে ফিরবেন বিষয়ে কারোরই কোনো স্পষ্ট ধারণা নেই। জুলাইয়ে প্রথম আলো লিখেছিল, দলের ভেতরেও অনিশ্চয়তা আছে এটি সত্যিকারের পরিকল্পনা, নাকি দলীয় কার্যক্রম চাঙা করার কৌশল। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিদেশে থাকা নেতাদের দেশে ফেরার আহ্বান জানানো হলেও কোনো শীর্ষ নেতা সাড়া দেননি।

সমাজবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার ‘হোয়েন প্রফেসি ফেইলস’ বইতে একটি ধর্মীয় গোষ্ঠীকে পর্যবেক্ষণের আলোকে দেখিয়েছিলেন, নির্দিষ্ট তারিখের ভবিষ্যদ্বাণী ব্যর্থ হলেও অনুসারীরা বিশ্বাস তো ছাড়েই না, বরং আরও জোরালো প্রচারে নামে। এটিই তাদের জ্ঞানীয় অসংগতি বা ‘কগনিটিভ ডিসোন্যান্স’ কমানোর উপায়। ডিসেম্বর পেরিয়ে গেলে এবং হাসিনা না ফিরলে সবচেয়ে নিবেদিত কর্মীদের একটি অংশ হতাশ হয়ে সরে যাবেন। কিন্তু আরেকটি অংশ নতুন ব্যাখ্যা দাঁড় করাবেন—‘ষড়যন্ত্র করে আসতে দেওয়া হয়নি’। এই দ্বিতীয় অংশটিই সহিংসতার কান্ডারি হয়ে ওঠে।

ধরা যাক তিনি সত্যিই এলেন এবং গ্রেপ্তার ও মৃত্যুকে বরণ করলেন। তারপর? প্রথম সম্ভাবনা মুসলিম লীগের পরিণতি। দ্বিতীয় সম্ভাবনা সশস্ত্র গৃহযুদ্ধ। দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মী-সমর্থকের চোখে শহীদি তিরোধান, এবং অনিয়ন্ত্রিত আবেগ হতে সশস্ত্র প্রতিশোধগোষ্ঠী গড়ে তোলা। কেউ কেউ হয়তো ঠিক এই ‘ছুতা’টিই চাইছে, কারণ একটি মৃত্যুদণ্ড যে আবেগ তৈরি করে, কোনো সাংগঠনিক কর্মসূচি তার ছিটেফোঁটাও পারে না। তৃতীয় সম্ভাবনা আরও বিপজ্জনক। যত বেশি পরিকল্পিত বিশৃঙ্খলা, তত বেশি রক্তপাত এবং শেষ পর্যন্ত সামরিক শাসনের আশঙ্কা।

আরও পড়ুন
আরও পড়ুন

বিপদ মোকাবিলায় সরকার কতটুকু প্রস্তুত?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ির ছাদে একটি ককটেল ফাটা মানেই আইনশৃঙ্খলা ভেঙে পড়া নয়। কয়েক সপ্তাহ আগে একটি ঝটিকা মিছিলের পর তিনি বলেছিলেন, পুলিশের ভূমিকাকে ব্যর্থতা বলার সুযোগ নেই।

বলছি না সরকারের ‘প্রস্তুতি নেই’ বা ‘প্রস্তুতি কম’। পুলিশপ্রধান ৬৪ জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের নিয়ে বৈঠক করে টহল বাড়ানো, সীমান্ত জেলায় নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ, গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। দেশজুড়ে ২৫২টি চেকপোস্ট বসানো হয়েছে। শিল্পাঞ্চলে শিল্প পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। আসলে জানা দরকার রাষ্ট্রপক্ষের প্রস্তুতির ধরন কেমন।  

এখনো পর্যন্ত সরকারের সাড়া প্রধানত প্রতিক্রিয়ামূলক। ঘটনা ঘটার পর ধরপাকড় ও চেকপোস্ট বসানো। প্রতিরোধমূলক, গোয়েন্দানির্ভর, অর্থের উৎস ধরে এগোনো কৌশলের প্রকাশ্য প্রমাণ তেমন নেই।

ইতিহাসে প্রায় সব গৃহযুদ্ধই শুরু হয়েছিল একটি ঘটনার পর অতিপ্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সামরিক বা বেসামরিক রাজনৈতিক কোনো গোষ্ঠীর রাষ্ট্র-কৃর্তৃত্ব দখলের রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে। তৃতীয় পক্ষ যদি গৃহযুদ্ধ চায়, তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে রাষ্ট্রের ভুল প্রতিক্রিয়া, অতি নিশ্চিন্ততা, অতি আত্মবিশ্বাস ও অতি নির্বিকারত্ব।

নিরাপত্তা নীতিতে ‘মুখরক্ষা’ সবচেয়ে ব্যয়বহুল বিলাসিতা। কেনিয়া ও রুয়ান্ডার অভিজ্ঞতায় দেখা গেছে, সতর্কসংকেত উপেক্ষার একটি বড় কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বের ভয়—সাজসাজ প্রস্তুতি দেখালে জনগণ যদি সরকারের দুর্বলতা ভাবে। সরকার ভয় পেয়েছে ভেবে হাস্যরস করে।  

‘সাবধানের মার নেই’ নীতিতে অনড় থাকা সরকারই নির্ভরযোগ্য সরকার। সরকার অবশ্যই সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি নেবে, কিন্তু যুদ্ধংদেহী মনোভাবে নয়। ‘সরকার চাইলে ক্রসফায়ার অথবা আইনসম্মতভাবে পুলিশের হত্যার বৈধতা রয়েছে’ ধরনের স্থূল কথাবার্তা বন্ধ হতে হবে। এশিয়া টাইমসের এক বিশ্লেষণ যথার্থই সতর্ক করেছে—কর্তৃপক্ষ যদি ঢালাও গ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগে সাড়া দেয়, তাহলে একটি নিরাপত্তা সমস্যা দ্রুত আরেকটি রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, মানবাধিকারের সীমার মধ্যে থেকেই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

অবশ্যই মানবাধিকারের সীমা একচুলও লঙ্ঘন করা যাবে না। কিন্তু ‘প্রস্তুতি-নীতি’র বেলায় ‘ষড়যন্ত্র’ শব্দটি বাদ দিতে হবে। এই শব্দটির যত্রতত্র অর্থহীন ব্যবহার বাংলাদেশের রাজনীতিকদের একধরনের অসুখের মতো।

‘প্রস্তুতি-নীতি’র বেলায় রাজনীতিকে দাবার বোর্ড ভাবা দরকার। দাবাড়ু চাল দিলে প্রতিপক্ষ দাবাড়ু যখন পাল্টা চালের পরিকল্পনা আঁটছেন, তখন কি আমরা বলি প্রতিপক্ষ দাবাড়ু ‘ষড়যন্ত্র’ করছেন? একইভাবে রাজনীতিতেও প্রতিপক্ষ ‘ষড়যন্ত্র’ নয়, কোন পাল্টা চালটি চেলে প্রতিপক্ষকে ধরাশায়ী করবেন—পরিকল্পনায় লেগে থাকেন।

‘প্রস্তুতি-নীতি’তে অত্যাবশ্যক অর্জনের লক্ষ্য হতে হবে বাংলাদেশের গোয়েন্দা সক্ষমতায় আন্তর্জাতিক মান অর্জন। সাম্প্রতিক সহিংসতাগুলো গোয়েন্দা ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।  

আরও পড়ুন
আরও পড়ুন

শেষ কথা

হাসিনার মুক্ত নাগরিক হিসেবে ফেরা কার্যত অসম্ভব। তৃতীয় কোনো পক্ষ গৃহযুদ্ধ বাধাতে চাইছে সন্দেহটি খানিকটা অতিকথন বোধ হলেও সন্দেহের বাইরে রাখা ঠিক হবে না। সহিংসতা এখনো নিম্নমাত্রার, নিয়ন্ত্রণসীমার ভেতর। কিন্তু ‘নিম্নমাত্রার দীর্ঘ রাজনৈতিক সহিংসতা’ই হয়ে উঠতে পারে ‘প্রতিশোধের সর্পিল চক্র’।  ঝুঁকিটি বাস্তব।

চলতি সময়ের নাশকতাগুলো কোনো তৃতীয় পক্ষের সক্ষমতা যাচাই প্রকল্পের অংশ কি না—এখনো প্রমাণিত নয়, যদিও সরকারের মুখপাত্রও তৃতীয় পক্ষকেই অভিযুক্ত করছেন। তাহলে রাষ্ট্রের প্রস্তুতিও দরকার সেয়ানে সেয়ানে। বিপদ কোনো একটি ঘটনায় নয়, বরং ঘটনাগুলোর চেইন রিঅ্যাকশনে—পরস্পরকে উসকে দেওয়ার মধ্যে।

ইতিহাসে প্রায় সব গৃহযুদ্ধই শুরু হয়েছিল একটি ঘটনার পর অতিপ্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সামরিক বা বেসামরিক রাজনৈতিক কোনো গোষ্ঠীর রাষ্ট্র-কৃর্তৃত্ব দখলের রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে। তৃতীয় পক্ষ যদি গৃহযুদ্ধ চায়, তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে রাষ্ট্রের ভুল প্রতিক্রিয়া, অতি নিশ্চিন্ততা, অতি আত্মবিশ্বাস ও অতি নির্বিকারত্ব।

  • হেলাল মহিউদ্দীন শিক্ষক, লিবারেল আর্টস, ম্যেভিল স্টেট ইউনিভার্সিটি, নর্থ ডেকোটা, যুক্তরাষ্ট্র
    * মতামত লেখকের নিজস্ব