ভাষা শিক্ষা ইনস্টিটিউটে কেন তাদের ভাষা শেখানো হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সমতল ও পাহাড়ের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি কেন মূলধারায় স্থান পাবে না?

রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই/ দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই।’

রবীন্দ্রনাথের গানকে আমরা জাতীয় সংগীত করলেও এর মর্মবাণী অন্তরে ধারণ করি না। অজানাকে জানতে চাই না; দূরকে কাছে আনার চেষ্টা করি না। বরং যারা কাছে আছে, তাদের দূরে ঠেলে দিই। এটাই হলো বাঙালির বৈশিষ্ট্য।

বাঙালি নিজেকে শ্রেষ্ঠ জাতি মনে করে; কিন্তু শ্রেষ্ঠ জাতি হতে হলে যে সহনশীলতা প্রয়োজন, চিন্তা মননে যে ঔদার্য ধারণ করতে হয়, আমরা তা কতটা পেরেছি? বাংলাদেশে বাঙালির বাইরে যেসব জনগোষ্ঠী আছে, তাদের জীবনাচরণ, ভাষা, সংস্কৃতি জানার চেষ্টা করেছি; ব্যতিক্রম বাদে তার প্রমাণ পাওয়া যাবে না। পৃথিবীর সব বাঙালির ঠিকানা বাংলাদেশ নয়; বাংলাদেশের বাইরেও বহু বাঙালি আছে। তাদের সঙ্গে আমরা প্রধানত ভাষা ও সংস্কৃতির তথা শিল্প–সাহিত্য, চিত্রকলা, সংগীতের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলি। অন্য দেশের বাঙালি লেখকদের লেখা আমরা পড়ি, তাঁরাও বাংলাদেশের বাঙালি লেখকদের লেখা পড়েন। আমরা তাঁদের গান শুনি। তাঁরাও আমাদের গান শোনেন।

এভাবে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়। বাংলাদেশে বাঙালির বাইরেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ৪৫টি ভাষাভাষীর মানুষ আছে। যাঁরা এই রাষ্ট্র ও সমাজে অপর হয়েই থাকলেন, সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে। বেদনাদায়ক হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান বাঙালি ছাড়া অন্য কারও জাতিসত্তাকে স্বীকার করেনি।

সংবিধানে বলা হয়েছে, ‘বাংলাদেশের নাগরিকেরা বাঙালি হিসেবে পরিচিত’, রাজনৈতিক স্বার্থে বাঙালি পরিচয়কে বাংলাদেশি রূপ দিলেও অপরাপর জাতিগোষ্ঠীগুলোকে আপন করে নিতে পারেনি। পঞ্চদশ সংশোধনী ‘বাঙালি’ ফিরিয়ে এনেছে। আর বাঙালির বাইরের জনগোষ্ঠীগুলোকে অভিহিত করা হয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ইত্যাদি হিসেবে। এর পেছনে সংখ্যাগরিষ্ঠের দম্ভ ও আধিপত্যবাদী চেতনা কাজ করে। যেই বাঙালি পাকিস্তান আমলে নিজের জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, সেই বাঙালি অন্যের জাতিসত্তাকে অস্বীকার করে চলেছে, এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে?

জাতিসত্তার স্বীকৃতির ক্ষেত্রে যেসব উপাদান কার্যকর ভূমিকা রেখে থাকে, তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জীবনচারণ অগ্রগণ্য। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের নীতি বদল হয়। কিন্তু সমাজের বদল বা রূপান্তর অনেক কঠিন। বিশেষ করে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আধিপত্যবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে সংখ্যালঘু জনগোষ্ঠীর, হোক সেটি ধর্মীয় বা জাতিগত, তাদের ভরসা রাখার আর কোনো জায়গা থাকে না।

আরও পড়ুন

বাংলাদেশের বাঙালিরা ছড়িয়ে আছে সারা বিশ্বে; তারা ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন ভাষা–সংস্কৃতির সঙ্গেও পরিচিত হচ্ছে। কিন্তু নিজের ঘরে যে ৪৫টি জনগোষ্ঠীর মানুষ আছে, তাদের ভাষা ও সংস্কৃতি জানার চেষ্টা করে না।

পৃথিবীর উন্নত দেশগুলোতে একাধিক রাষ্ট্রভাষার স্বীকৃতি আছে; বেলজিয়াম ছোট্ট একটি দেশ। অথচ সেখানে জার্মানি, ফরাসি ও বেলজিভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ভারতে কেন্দ্রীয়ভাবে না হলেও রাজ্য সরকার প্রায় প্রতিটি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেষ্ট। রাজ্য সরকার প্রায় প্রতিটি জনগোষ্ঠীর ভাষার স্বীকৃতি দেয়, পাঠ্যবই লেখা হয় প্রান্তিক মানুষের মাতৃভাষায়।

ত্রিপুরা ভারতের ছোট্ট একটি রাজ্য। বাঙালি এখানে সংখ্যাগরিষ্ঠ হলেও আদিবাসীরা নিজ নিজ ভাষায় পড়তে ও লিখতে পারে। অথচ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা ও ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় পড়ানো হয় না। যদিও মাদ্রাসায় আরবি ও উর্দুতে শিক্ষা দেওয়া হয়। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি—এই পাঁচ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাক্–প্রাথমিকের শিশুদের মাতৃভাষায় পাঠদানের কাজ শুরু হয় ২০১৭ সালে। কিন্তু খুব এগোয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর মতো শিক্ষক নেই।

ইংরেজি যেমন বাঙালির কাছে বিদেশি ভাষা, তেমনি বাংলাও অন্যান্য জনগোষ্ঠীর কাছে বিদেশি ভাষা। এরপরও তারা শিখছেন। বাংলা ভাষাকে ভালোবেসেছেন। তাদের অনেকে বাংলা ভাষায় চমৎকার লিখছেন। দুই দশক আগে প্রথম খাগড়াছড়িতে গেলে সেখানকার জাতিগোষ্ঠীদের কয়েকজনের সঙ্গে সখ্য গড়ে ওঠে। তাঁদের মধ্যে যিনি সরকারি কর্মকর্তা, বললেন, তিনি যে অফিসে কাজ করেন, সেখানে বেশ কয়েকজন বাঙালি কর্মকর্তা কাজ করেন। কিন্তু অফিসপ্রধান বাংলায় কোনো নথি লিখতে হলে তাঁদের না দিয়ে তাঁকেই দায়িত্ব দেন। সার্বিকভাবে আমাদের শিক্ষার মান ভালো নয়। এর মধ্যে বাঙালিদের বড় অংশ মনে করে, মাতৃভাষা বাংলা শেখার প্রয়োজন নেই। আমরা দেখেছি, সেসব জাতিগোষ্ঠীদের অনেকে শুদ্ধ ও সুন্দর বাংলা লিখেন। অথচ আমরা তাদের ভাষা জানি না, জানতে চেষ্টাও করি না।

ব্রিটিশরা অনেক আগে চলে গেছে। এরপর আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি। কিন্তু আমাদের ভেতরকার ঔপনিবেশিক মানসিকতা পরিহার করতে পারিনি। বাঙালি যে অপরাপর জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বুঝতে চায় না, তার পেছনেও এই মানসিকতা কাজ করেছে। সংখ্যাগুরু বাঙালিরা ধর্ম নিয়ে বিবাদ করে, আওয়ামী লীগ–বিএনপি মারামারি করে। স্বৈরাচার ও মৌলবাদের বিরুদ্ধে স্লোগান তোলে। কিন্তু অন্য জাতিগোষ্ঠীদের জমি–সম্পদ দখলের প্রশ্নে সবাই এক হয়ে যায়।

সাংবাদিক পার্থ শঙ্কর সাহার লেখা থেকে জানতে পারি, চাকমা, মারমা, ত্রিপুরা, তষ্ণঙ্গ্যা, পাংখোয়া, লুসাই ও খিয়াং ভাষার শব্দকোষ প্রকাশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। দুই বছর আগে করোনার প্রকোপে উৎসব সেভাবে উদ্‌যাপিত হয়নি পাহাড়ে। করোনা চলে যাওয়ার পর বৈসাবি ঘিরে নানা আয়োজন হয়। এসব আয়োজনে নতুন সংযোজন পাহাড়ের সাতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার শব্দকোষ প্রকাশ। শব্দকোষগুলোর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তষ্ণঙ্গ্যা, পাংখোয়া, লুসাই ও খিয়াং। এগুলো প্রকাশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

নিজস্ব ভাষা শেখার গুরুত্ব বোঝাতে গিয়ে পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী মারমা বলেছেন, ‘আমি আমার ভাষায় শব্দ শতকরা ৯০ ভাগ বুঝি। আমার সন্তানেরা এর ৬০ থেকে ৭০ শতাংশ বোঝে। আর তাদের ছেলেমেয়েরা আরও কম বোঝে। একসময় দেখা যাবে আমাদের জাতির কেউ আর নিজ ভাষা বুঝতে পারছে না, কথা বলতে পারছে না।’ শব্দকোষগুলো প্রকাশের উদ্দেশ্য ভাষা সুরক্ষা। এই কাজটির সঙ্গে বাঙালি গবেষকেরা যুক্ত থাকলে আরও ভালো হতো।

সম্প্রতি আমাদের হাতে ‘বাকসা’ নামে একটি সাহিত্য সংকলন এসেছে। প্রকাশ করেছে বনযোগী কিশোর–কিশোরী কল্যাণ সমিতি, জুরাছড়ি, রাঙামাটি থেকে। এটি বাংলা ভাষায় প্রকাশিত হলেও দুজন ছাড়া বাকিরা আদিবাসী লেখক। আদিবাসীরা কেবল জীবিকার জন্য বাংলা ভাষা পড়েন না, তাঁরা বাংলা ভাষাকে ভালোবেসেই পড়েন। এই ভাষায় লেখালেখি করেন। কিন্তু খুব কম বাঙালি আদিবাসীদের ভাষা শিখতে, জীবনধারা জানতে আগ্রহী। আদিবাসী সংস্কৃতি বলতে অনেকে তাদের নাচ, গান ইত্যাদি অনুষ্ঠান বুঝে থাকেন। পৃথিবীর বহু দেশে ছেলেমেয়েরা মাতৃভাষার পাশাপাশি একটি দ্বিতীয় ভাষা শেখে। আমরাও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করেছি। ইংরেজির প্রয়োজন অস্বীকার করছি না। বাংলা–ইংরেজির পাশাপাশি একটা আদিবাসী ভাষা ঐচ্ছিক হিসেবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করলে কোনো ক্ষতি হতো না।

এসব জাতিগোষ্ঠীর মানুষের লেখা কেন পাঠ্যবইয়ে ঠাঁই পাবে না? তাদের সাহিত্য, সংগীত ও চিত্রকলা সম্পর্কে কেন বাঙালিরা জানবে না? সম্পর্ক একতরফা হয় না। এখনো রাষ্ট্রীয় পর্যায়ে বিদেশি অতিথি এলে কিংবা জাতীয় কোনো আয়োজনে তাদের সংস্কৃতিকে উপস্থাপন করা হয় বাংলাদেশে যে সংস্কৃতি বৈচিত্র্য আছে, সেটা দেখানোর জন্য।

২০১০ সালের শিক্ষানীতিতে আদিবাসী ভাষা সম্পর্কে বলা হয়:

ক. ‘আদিবাসী’ শিশু যেন নিজেদের ভাষা শিখতে পারে, সেই লক্ষ্যে তাদের জন্য ‘আদিবাসী’ শিক্ষক ও পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা।

খ. ‘আদিবাসী’ প্রান্তিক শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা।

গ. ‘আদিবাসী’ অধ্যুষিত (পাহাড় কিংবা সমতল) যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। যেহেতু কোনো কোনো এলাকায় ‘আদিবাসীদের’ বসতি হালকা, তাই একটি বিদ্যালয়ে পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ব্যবস্থার প্রয়োজন হলে সেদিকেও নজর দেওয়া হবে।

কিন্তু বাস্তবে কাজ এগিয়েছে সামান্যই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হয় দেওয়া–নেওয়ার মধ্য দিয়ে। আবারও রবীন্দ্রনাথের শরণ নিতে হয়: ‘দিবে আর নিবে মেলাবে মিলিবে।’ আমরা যদি দিতে প্রস্তুত না থাকি, কেবল নিতে চাই, তাহলে সম্পর্ক হবে না। ব্রিটিশরা এ দেশে দুই শ বছর শাসন করেছে; তারা এখান থেকে প্রচুর সম্পদ নিজের দেশে নিয়ে গেছে। কিন্তু এ দেশের মানুষকে বুঝতে চেষ্টা করেনি।

ব্রিটিশরা অনেক আগে চলে গেছে। এরপর আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি। কিন্তু আমাদের ভেতরকার ঔপনিবেশিক মানসিকতা পরিহার করতে পারিনি। বাঙালি যে অপরাপর জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বুঝতে চায় না, তার পেছনেও এই মানসিকতা কাজ করেছে। সংখ্যাগুরু বাঙালিরা ধর্ম নিয়ে বিবাদ করে, আওয়ামী লীগ–বিএনপি মারামারি করে। স্বৈরাচার ও মৌলবাদের বিরুদ্ধে স্লোগান তোলে। কিন্তু অন্য জাতিগোষ্ঠীদের জমি–সম্পদ দখলের প্রশ্নে সবাই এক হয়ে যায়।

বাংলাদেশের এই সব জাতিগোষ্ঠী কখনোই বলেনি আমরা বাংলা ভাষা শিখব না, বাঙালি সংস্কৃতিকে আয়ত্ত করব না। বরং তাদের মধ্য থেকে অনেক নামকরা শিল্পী বেরিয়ে এসেছেন। অনেক গবেষক ও লেখক এসেছেন। আমাদের মতো তাঁদেরও রয়েছে সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি। এসব নিয়ে বিদেশিরা গবেষণা করেছেন। অথচ দু–একজন ব্যতিক্রম বাদে বাঙালি লেখক–গবেষকেরা উদাসীন। আমরা ইংরেজি, ফরাসি, লাতিন শিখি কিন্তু অতি কাছের ভাষা চাকমা, মারমা, সাঁওতাল ভাষা শিখতে চাই না, জানতে চাই না।

বিঝু উৎসব উপলক্ষে প্রকাশিত ‘বাকসা’ পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, ‘বছর পেরিয়ে আসে নতুন বছর। প্রকৃতি সব পল্লবে সাজে আবার নতুন করে নতুনরূপে। আমাদের বার্তা দেয় নতুন বছর আসছে। এ সময় পার্বত্য চট্টগ্রামের আপামর জনতার মধ্যে জন্ম নেয় খুশির ভাব। আসছে বিঝু, বিহু, বৈষুক, সাংগ্রাই। এই উৎসবকে উপলক্ষ করে কেউ কেউ গান লেখে, কবিতা লেখে, প্রবন্ধ লেখে, রূপকথা লেখে আরও কত কি।’

‘বাকশা’ ত্রিপুরা শব্দ। এর অর্থ ঐক্য। বাংলাদেশের সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীগুলো যেভাবে ‘ঐক্য’ বজায় রাখছে, বাঙালিরা তা রাখতে পারছে না। ঐক্য গড়ার গুরুত্বপূর্ণ সোপান হতে পারে ভাষা–সংস্কৃতি। এসব জাতিগোষ্ঠীর মানুষ বাংলা ভাষাকে জানে, পড়ে এই ভাষায় উচ্চশিক্ষা নেয়; এটি তাদের জীবিকার জন্যই নয়। বাংলা ভাষা জেনে এখন চাকরি পাওয়াও যায় না। এরপরও তারা বাংলা ভাষা শেখে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে জানতে। কিন্তু কজন বাঙালি সেসব মানুষের ভাষা–সংস্কৃতি জানার চেষ্টা করেন তাদের ভাষা শিখতে চায়? খুবই কম।

গত বছর এএলআরডির উদ্যোগে ঢাকায় এইসব জাতিসত্তার মানুষের ভাষা ও সংস্কৃতি নিয়ে একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে তাঁরা নিজেদের লেখা গান, কবিতা ও গল্প পরিবেশন করেন। তাঁরা নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে পারবেন না, যদি রাষ্ট্র ও সংখ্যাগুরুর বাঙালিরা সহায়তার হাত বাড়িয়ে না দেয়। সেই অনুষ্ঠানে বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ভাষার মানুষের সম্মিলিত উৎসবের প্রস্তাব এসেছে। পারস্পরিক জানা শোনার মধ্য দিয়েই উভয়ের ভাষা সংস্কৃতি ঋদ্ধ ও বিকশিত হবে।

বাংলাদেশে এই সব জাতিসত্তার ৩০ লাখ লোক আছে। পৃথিবীর অনেক দেশের মোট লোকসংখ্যা এর চেয়ে কম। সে ক্ষেত্রে এই সব জাতিগোষ্ঠীর অন্তত একটা ভাষা কেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত হবে না?

  • সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি। ই–মেইল: [email protected]