‘গাজার প্রতিটি শিশু, প্রতিটি নবজাতকই আমাদের শত্রু।’ কোনো স্বাভাবিক সমাজে এমন বিকৃত ও নৃশংস মন্তব্য করলে যেকোনো রাজনীতিবিদের ক্যারিয়ার ও ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস হয়ে যেত। কিন্তু ইসরায়েলের চিত্র ভিন্ন।
মোশে ফেইগলিন সদ্য ইসরায়েলের আইনসভায় (নেসেট) নির্বাচিত হয়েছেন, একসময় যাঁকে কট্টর ডানপন্থী বলে গণ্য করা হতো। গত মে মাসে তিনি ওই মন্তব্য করেছিলেন। শুধু তা-ই নয়, তিনি আরও বেশি ফিলিস্তিনি শিশুর মৃত্যু কামনা করেছেন। গত মাসের নির্বাচনে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সঙ্গে জোট বাঁধেন ফেইগলিন। বেনিয়ামিন নেতানিয়াহু এই ‘গুরুত্বপূর্ণ ঐক্যকে’ স্বাগত জানিয়ে তাঁদের ‘জাতীয় দায়িত্ববোধের’ ভূয়সী প্রশংসাও করেছিলেন।
ফেইগলিনের এই কথাগুলো নিছক কোনো চরমপন্থী রাজনীতিবিদের প্রলাপ নয়। আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর ভাষায় ইসরায়েল গাজায় রীতিমতো ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়েছে। চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং হত্যা করেছে।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারানোয় অনেকেই হয়তো আশা করছেন, এই বিভীষিকার এবার অবসান ঘটবে। কিন্তু যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, ফিলিস্তিনি শিশুদের প্রতি এই ঘৃণা ও অবজ্ঞা কেবল নেতানিয়াহুর সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
আভিগদর লিবারম্যানের কথাই ধরুন। ২০২৩ সালের নভেম্বরে তিনি ঘোষণা করেছিলেন, ‘গাজায় নির্দোষ বলে কেউ নেই’—৭ অক্টোবরের হামলার পাঁচ বছর আগেও তিনি ঠিক একই কথা বলেছিলেন। লিবারম্যান কিন্তু নেতানিয়াহুর মিত্র নন; বরং তিনি বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা এবং নতুন সরকার গঠনে সম্ভাব্য ‘কিংমেকার’ বা নির্ণায়ক শক্তি। আরও বড় কথা হলো তাঁর এই দৃষ্টিভঙ্গি ইসরায়েলের মূলধারার জনমতেরই প্রতিফলন। গত বছরের এক জনমত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ইহুদি ইসরায়েলির মধ্যে প্রায় ৮ জনই ‘গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই’—এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
এরপর আছেন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য ও নেসেটের ডেপুটি স্পিকার নিসিম ভাতুরি। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি বলেছিলেন, ‘গাজা সন্ত্রাসীতে ভরা এবং সেখানে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকেই একজন সন্ত্রাসী।’ এই বক্তব্য নিঃসন্দেহে চরম পৈশাচিক; কিন্তু লাপিদের মধ্যপন্থী দলের রাজনীতিবিদ মেইরাভ বেন-আরির মনোভাবের সঙ্গে এর পার্থক্যই-বা কতটুকু? তিনি তো রীতিমতো চিৎকার করে বলেছিলেন, গাজার শিশুরা নিজেরাই নিজেদের এই পরিণতি ডেকে এনেছে!
আর প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকট সম্পর্কে কী বলবেন, যাঁর ওপর এখন নতুন সরকার গঠনের দায়িত্ব বর্তেছে? তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল, যিনি মাসের পর মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় থেকে গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার অভিযানে অংশ নিয়েছেন। ২০০৬ সালে লেবাননে ইসরায়েলের বিধ্বংসী আগ্রাসন নীতির সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০০৬ সালের সেই যুদ্ধে প্রায় ৪০০ শিশু নিহত হয়েছিল, যা ছিল মোট নিহতের এক-তৃতীয়াংশের বেশি।
গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলার সময় লিকুদ পার্টির আরেক রাজনীতিবিদ অমিত হালেভি বলেছিলেন, প্রসূতি ওয়ার্ডে ৩০০ সন্ত্রাসী জন্ম নিয়েছে। তাঁর এই কথা শুনে আপনার গা গুলিয়ে উঠতে পারে। কিন্তু বিরোধী শিবিরের আরেক শীর্ষ নেতা নাফতালি বেনেটের অবস্থান কী?
২০১৮ সালে গাজা সীমান্তের বেড়া পার হতে চাওয়া ফিলিস্তিনিদের দেখামাত্র গুলির নীতির পক্ষে সাফাই গাইছিলেন তিনি। সে সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শিশুদের ক্ষেত্রেও কি এই নীতি প্রযোজ্য? জবাবে তিনি বলেছিলেন, ‘ওরা শিশু নয়—ওরা সন্ত্রাসী। আমরা নিজেদেরই বোকা বানাচ্ছি।’
পশ্চিমা চিকিৎসকেরাও বারবার সাক্ষ্য দিয়েছেন যে ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তাঁদেরই একজন মার্কিন-ইহুদি শল্যচিকিৎসক (সার্জন) মার্ক পার্লমাটার। তিনি এমন অনেক শিশুর চিকিৎসা করেছেন, যাদের শরীরে দুবার করে গুলি করা হয়েছিল। তাঁর স্পষ্ট সাক্ষ্য, ভুলবশত কোনো শিশুর গায়ে দুবার গুলি লাগে না।
নেতানিয়াহুর পতনেই অর্থবহ কোনো পরিবর্তন আসবে—এমন বিভ্রম ছড়ানোর অর্থ হলো কার্যত ফিলিস্তিনি ও তাদের শিশুদের নিয়তির হাতে ছেড়ে দেওয়া। একমাত্র প্রবল আন্তর্জাতিক চাপই এখানে আশার আলো দেখাতে পারে—যার মধ্যে থাকতে হবে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠোর অর্থনৈতিক অবরোধ।
ইসরায়েলি রাজনীতিবিদেরা যখন ক্ষমতা ভাগাভাগির দর-কষাকষিতে ব্যস্ত, তখন তাঁদের সেনারা নির্বিচার শিশুহত্যা চালিয়েই যাচ্ছে। শুধু চলতি সপ্তাহেই গাজার একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় বাবার সঙ্গে প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর, আর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১৪ বছর বয়সী আরেক কিশোর।
কেবল নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে গেলেই এই হত্যাযজ্ঞ বন্ধ হবে না। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে এককভাবে খলনায়ক বানানো খুবই সহজ। কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলি সমাজে ফিলিস্তিনিদের ‘মানুষ’ হিসেবে গণ্য না করার (ডিহিউম্যানাইজেশন) মানসিকতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে দেশটির সরকার ও বিরোধী দল—উভয় শিবিরের শীর্ষ নেতারাই ফিলিস্তিনিদের সবচেয়ে কম বয়সী ও অসহায় শিশুদেরও বৈধ লক্ষ্যবস্তু বলে মনে করেন।
নেতানিয়াহুর পতনেই অর্থবহ কোনো পরিবর্তন আসবে—এমন বিভ্রম ছড়ানোর অর্থ হলো কার্যত ফিলিস্তিনি ও তাদের শিশুদের নিয়তির হাতে ছেড়ে দেওয়া। একমাত্র প্রবল আন্তর্জাতিক চাপই এখানে আশার আলো দেখাতে পারে—যার মধ্যে থাকতে হবে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠোর অর্থনৈতিক অবরোধ।
মনে রাখতে হবে, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সমাজ কোনো নৈতিক উপলব্ধি থেকে বর্ণবাদী শাসনব্যবস্থা (অ্যাপার্থেইড) ত্যাগ করেনি; বরং দেশের ভেতরে তীব্র প্রতিরোধ এবং বাইরের ক্রমবর্ধমান চাপের মুখে যখন তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না, ঠিক তখনই তারা পিছু হটতে বাধ্য হয়েছিল।
ওয়েন জোনস ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এর কলামিস্ট
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: রাফসান গালিব