প্রথম আলোকে নতুন বাস্তবতা বিবেচনায় নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ভাঁজে আড়ষ্টতার ঘ্রাণ পাই। সকালে দরজার ফাঁক দিয়ে প্রবল দাপটে একসময় হুস করে ঢুকে পড়া সংবাদপত্রটির গতি শ্লথ মনে হয়। হয়তো ভয়ের সংস্কৃতি পেয়ে বসেছে প্রথম আলোকে। কখন কী বিপদ নেমে আসে। কখন হামলা, মামলা বা আরও খারাপ পরিস্থিতি শিকার হতে হয়।

সংবাদপত্র সভ্যতার প্রতিনিধি। হয়তো এমন ভেবেই কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর দৈনন্দিনের দৈনিক প্রবন্ধে আজকের সভ্যতা গড়পড়তা কাগুজে বলে মন্তব্য দিয়েছিলেন। কিন্তু এ কাগুজে সভ্যতা আজ অতলস্পর্শী নয়, নয় কুসুমাস্তীর্ণ। এতে দেশের ক্ষয়-ক্ষরণ পুরোটা কাভার করা হচ্ছে ঝুঁকিপূর্ণ।

তাই প্রথম আলোর ভেতর কখনও দেখি শঙ্কা, কখনও পিছুটান, আবার উদ্যম ও আশার আলো। শাসকগোষ্ঠীর গ্রান্ডন্যারেটিভ বা মহাভাষ্য শান্তি ও উন্নয়ন যত নির্ভয়ে কাভার করা যায়, ক্রিটিক্যাল বা সমালোচানমূলক ইস্যুগুলো কী সেভাবে পারা যাচ্ছে?

আরও পড়ুন

বাংলাদেশের বাকস্পৃহার পুরো প্রতিফলন কী প্রথম আলো ঘটাতে পারছে? সম্ভবত-না। কারণ শঙ্কা, সত্য প্রকাশে যদি নেমে আসে ঘন অন্ধকার, তাহলে সেই সত্য প্রকাশ করব, পাঠক অধিকার সমুন্নত রাখব, না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখব-এমন বহুমুখী সংকট দেখি প্রথম আলোর ভেতরে।

তাহলে প্রথম আলোর টিকে থাকার কৌশল কী হবে? একমাত্র কৌশল-পাঠকপ্রিয়তা ধরে রাখা। দেশে-বিদেশে লাখ লাখ পাঠক  প্রথম আলো পড়ে এটিই তার বড় শক্তি। পাঠকের হৃদয়ে সংবাদপত্র থাকলে তাকে হত্যা বা আহত করা সহজ নয়। কারণ, পাঠকের পছন্দ সংবাদপত্রের মূলধন। এ পছন্দের সঙ্গে রয়েছে ক্ষমতার পারস্পরিক সহযোগিতার সম্পর্ক।

ক্ষমতাবানেরা জনগণের পছন্দকে খুব ভয় পায়। প্রথম আলোকে অনেকে ভয় দেখাচ্ছে তার পেছনে কাজ করছে প্রথম আলোর গ্রহণযোগ্যতা, ব্র্যান্ড ভেল্যু ও পাঠকপ্রিয়তা। প্রথম আলোর সার্কুলেশন না থাকলে কেউ ভয় পেত না।

আরেকটি বিষয় হলো, কেও ভয় না পেলে অন্যকে ভয় দেখায় না। যারা ভয় দেখাচ্ছে তারা মূলত ভয়ের রোগে আক্রান্ত। রাষ্ট্রজারিত এ ভয় ব্যবস্থাপণায় প্রথম আলোর আরও কৌশলী ও পেশাদারি আশা করি।

আরও পড়ুন

আমেরিকান তাত্ত্বিক আর্জুনা আপাদুরাই তাঁর ফিয়ার অফ স্মল নাম্বার গ্রন্থে উল্লেখ করেন, মানুষ কেবল বড় সংখ্যা দেখে নয় ছোট সংখ্যা দেখেও ভয় পায়। যেমন-বাংলাদেশের জনসংখ্যার অতিক্ষুদ্র একটি অংশ আহমদিয়া সম্প্রদায়। কিন্তু এ সামান্য সংখ্যা অনেকে হজম করতে পারে না। নানা উপলক্ষে সহিংস হয়ে উঠে।

রাষ্ট্রের পুরো কাঠামোতে একটি বা দুটি সংবাদপত্র কত বড়? অথচ পুরো কর্তৃত্ববাদী ব্যবস্থা দাঁড়িয়ে যাচ্ছে একটি বা দুটো সংবাদপত্রের বিরুদ্ধে। প্রশ্ন, ভিন্নমত বা সমালোচনা সহ্য করার ন্যূনতম মনোভঙ্গি গড়ে তোলা গেল না।

প্রথম আলো বা ডেইলি স্টার এর দিক থেকে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো-পোষমানা সাংবাদিকতার রমরমা বাজার। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক উপরে উল্লিখিত প্রবন্ধে পোষমানা সাংবাদিকতার ধারণাটি তুলে ধরেন। দেশের সাংবাদিকতা একটি পোষমানা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।

এ প্রবণতা যথাযথভাবে চেনা সহজ নয়। কারণ, এর সঙ্গে যুক্ত  পেশাদার সাংবাদিক, সম্পাদক ও অধ্যাপক! এদের উপেক্ষা বা অস্বীকার করা যাচ্ছে না। বাস্তবতা হলো-এ শ্রেণি যত না সাংবাদিকতার নীতি-নৈতিকতার প্রতি নিষ্ঠ তার চেয়ে বেশি নিষ্ঠ ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি।

যারা নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকতার চেষ্টা করছেন এ নেক্সাস তাদের বিরুদ্ধে কারণে-অকারণে উঠে পড়ে লাগছে। কয়েক বছর আগে এটিএন নিউজে মাহ্‌ফুজ আনামের দেওয়া সাক্ষাৎকারের অংশ বিশেষ এবং প্রথম আলোয় ২৬ মার্চ ২০২৩ সাভার স্মৃতিসৌধের সামনে ধারণ করা ফটোকার্ড প্রকাশ নিয়ে সাংবাদিকদের মধ্যে গোষ্ঠীপ্রিয়তার নতুন রূপ দেখা যায়।

এ নেক্সাস বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট অপ্রয়োজনীয় দীর্ঘ ভাষ্য, কণ্ঠের জোর, আবেগী ফ্রেম, গ্ল্যামার এবং হম্বি-তুম্ববি প্রকাশ করে। অথচ সাংবাদিকতায় যৌক্তিক, বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট প্রকাশ খুব জরুরি।

কেবল যুদ্ধ ক্ষেত্রে এমবেডেড সাংবাদিকতা হয় না। জনতুষ্টিবাদী শাসনের নিচে এমবেডেড সাংবাদিকতার ক্ষেত্র পুষ্ট হচ্ছে। মিডিয়াভিত্তিক সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার কর্তৃক ২০০৪ সালে আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় একজন প্রবীণ আলোচক জানতে চেয়েছিলেন এমবেডেড সাংবাদিকতার বাংলা কী করা যায়।

সাংবাদিকতায় পেশাগত বিচ্যুতি এক রুগ্‌ণ বাস্তবতা তৈরি করছে। সাংবাদিকতার নীতিমালা সমুন্নত রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রথম আলো বা ডেইলি স্টারকে কেবল কর্তৃত্ববাদী শাসনের চোখ রাঙানি মোকাবিলা করতে হচ্ছে না বরং সমগোত্রীয়দের চাপ, অসহযোগিতা ও ষড়যন্ত্রও সামলাতে হচ্ছে

দর্শক গ্যালারি থেকে একজন হাত উঁচিয়ে বলেছিলেন-‘শয্যাশায়ী সাংবাদিকতা’- হলরুমজুড়ে হাসির রোল পড়েছিল। হালে এমবেডেডে সাংবাদিকতার অনেক ধরন দেখা যাচ্ছে-উচ্চ পদধারীদের সঙ্গে বিদেশ ও হজযাত্রা কিংবা সাংবাদিক সম্মেলনে।

সাংবাদিকতায় পেশাগত বিচ্যুতি এক রুগ্‌ণ বাস্তবতা তৈরি করছে। সাংবাদিকতার নীতিমালা সমুন্নত রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রথম আলো বা ডেইলি স্টারকে কেবল কর্তৃত্ববাদী শাসনের চোখ রাঙানি মোকাবিলা করতে হচ্ছে না বরং সমগোত্রীয়দের চাপ, অসহযোগিতা ও ষড়যন্ত্রও সামলাতে হচ্ছে।

বাংলাদেশের সাংবাদিকতা আরেকটি বিশেষ পরিস্থিতির মুখোমুখি-তা হলো ফ্যাক্টস অথবা যথাযথ বা সত্য তথ্যের চেয়ে মন্তব্য বা মতামতের গুরুত্ব বেড়ে যাওয়া।

সাংবাদিকতা মূলত সত্যাশ্রয়ী পেশা। ১৯২১ সালে দ্য গার্ডিয়ানের সম্পাদক সিপি স্কট বলেছিলেন- মন্তব্য অবারিত, সত্য তথ্য পবিত্র। মতামত বা মন্তব্য তথ্য হিসেবে উপস্থাপনের অপপ্রয়াসও লক্ষ্য করা যাচ্ছে।

যথাযথ বা সত্য তথ্য ছেড়ে মন্তব্য বা মতামতধর্মী সাংবাদিকতার আধিক্য দেখে দ্য গার্ডিয়ান এর কলামিস্ট উইল হাফটন ‘ফ্যাক্টস আর ফ্রি, বাট কমেন্ট ইজ সেক্রিড: দ্য নিউ রিয়্যালিটি ফর নিউজ পাবলিশার্স’ শিরোনামে একটি প্রবন্ধ লেখেন ২০০৩ সালে।

এ প্রবন্ধে তিনি সিপি স্কোটের সেই বিখ্যাত উদ্ধৃতি-মন্তব্য অবারিত, সত্য তথ্য পবিত্র কথাটি ঘুরিয়ে দেন। তিনি বলেন, রিপোর্ট যদি মতামত বা মন্তব্যভিত্তিক হয় তাহলে সত্য তথ্য আবিষ্কার হবে কীভাবে?

মানুষের কান যথাযথ বা সত্য তথ্য শোনার চেয়ে মন্তব্য বা মতামত শোনার জন্য ক্রমশ তৈরি হচ্ছে। কারণ, পাঠক এখন   পোস্ট ট্রুথ বা সত্য-উত্তর দুনিয়ায় প্রবেশ করেছে- যেখানে ব্যক্তি সত্য তথ্য নয় গল্পকাহিনীতে বেশি অভ্যস্ত হয়ে উঠছে। অপতথ্য, অসত্য, অর্ধসত্য, গভীর মিথ্যা, গুজব, নতুন নতুন প্রবণতা সমাজে ডালা-পালা মেলছে।

পাঠকের সংবাদমাধ্যম শিক্ষা বা সামালোচনামূলক দৃষ্টিভঙ্গী না থাকলে বিভ্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হচ্ছে (খেয়াল করুন-প্রথম আলো লেগো ব্যবহার করে বানানো ভুয়া ফটোকার্ডগুলো)। সত্যের তুলনায় অসত্য ছড়ায় দ্রুতগতিতে। প্রথম আলোকে সেসব পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

সত্য-উত্তর যুগের বিশেষজ্ঞরা বলছেন-অস্বস্তিকর সত্যের চেয়ে স্বস্তিদায়ক মিথ্যা শুনতে পাঠক ক্রমশ অভ্যস্ত হচ্ছে। সম্প্রতি দ্য  ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম এক লেখায় উল্লেখ করেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শেষ হচ্ছে আর রাজনৈতিক সাংবাদিকতা শুরু হচ্ছে।

যেখানে সত্য বা যথাযথ তথ্যের চেয়ে মন্তব্য বা মতামত সাংবাদিকতাকে শাসন করবে। মন্তব্য বা মতামতকে হাজির করা হবে তথ্যের আদলে।সত্য আর গল্প কাহিনীর ভেদরেখা কমে আসবে। পাঠক হিসেবে আমরা ইতিমধ্যে এ রকম পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। প্রথম আলোকে এসব নতুন বাস্তবতা বিবেচনায় নিতে হবে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথম আলোকে অভিনন্দন।

  • খান মো. রবিউল আলম যোগাযোগ বিশেষজ্ঞ