ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন, তখন তিনি নিজ দেশ, দেশের জনগণ এবং অন্যদের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘ ক্ষয়ক্ষতির এক নজির রেখে যাবেন। তবে কৌশলগতভাবে, বিশেষ করে ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে, তাঁর রেখে যাওয়া সবচেয়ে ক্ষতিকর উত্তরাধিকারগুলোর একটি হবে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি।
এটি কেবল আমেরিকার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নয়; বরং সাধারণ মার্কিন জনগণের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে।
আরও উদ্বেগের বিষয় হলো, দুই দেশের সম্পর্কের এই অবক্ষয় ঠেকাতে কেবল নেতানিয়াহুর বিদায়ই যথেষ্ট না-ও হতে পারে। এটা ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সরকারের পরিবর্তন ঘটলে তা বড়জোর যা কিছু হারিয়েছে, তার সামান্য অংশই পুনরুদ্ধার করতে পারবে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ধাপে ধাপে বন্ধ করে দেবে। এই ঘোষণা ছিল বেশ অপ্রত্যাশিত। মূলত এর সময় এবং কয়েক দশকের সহায়তার এমন আকস্মিক সমাপ্তির সম্ভাবনার কারণে।
কংগ্রেসে ডেমোক্র্যাটদের ভূমিধস বিজয় ঠেকানোর এটি হয়তো একটি শেষ চেষ্টা ছিল, তবে জানা গেছে যে পর্যায়ক্রমে এই সহায়তা বন্ধ করার সিদ্ধান্তটি আরও আগেই নেওয়া হয়েছিল।
তা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গতিপথ এখন স্পষ্ট: বিশেষ করে ১৯৬৭ সালের পর থেকে একের পর এক মার্কিন প্রশাসন ইসরায়েলের প্রতি যে প্রায় স্বয়ংক্রিয় ও অবিচল সমর্থন দিয়ে আসছিল, তাতে এখন ভাটা পড়ছে। অবশ্যই এর মাঝেমধ্যে কিছু ব্যতিক্রম ঘটেছে, তবে ইসরায়েলি সরকারের নীতি ও কর্মকাণ্ড আমেরিকার জাতীয় স্বার্থের অনুকূলে না থাকলেও ওয়াশিংটন সাধারণত ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে।
ওয়াশিংটন এবং বৃহত্তর মার্কিন জনগণের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পেছনে দীর্ঘমেয়াদি প্রবণতা ও তাৎক্ষণিক কারণ উভয়ই রয়েছে—যার মধ্যে নেতানিয়াহুর ষষ্ঠ সরকারের (যা দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার) কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত।
অনেকের মতে, ইসরায়েলের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে এমন সব সংঘাতে জড়িয়ে ফেলেছে, যা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, ওই অঞ্চলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের বিপদের মুখে ফেলেছে এবং আর্থিকভাবেও অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে। যুদ্ধে যাওয়ার আগে, বিশেষ করে ইরানের মুখোমুখি হওয়ার বিষয়ে ইসরায়েলি উৎসাহে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কেবল ইসরায়েলি মূল্যায়নের ওপর নির্ভর করা ওয়াশিংটনের উচিত হয়নি।
রাজনৈতিক অঙ্গনের প্রগতিশীল-উদারপন্থী অংশের অনেকের কাছে প্রধান উদ্বেগের বিষয় হলো: গাজা যুদ্ধে ইসরায়েলের মাত্রাতিরিক্ত প্রাণঘাতী শক্তির ব্যবহার; অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস ও নির্মম দখলদারত্ব এবং বসতি সম্প্রসারণ অব্যাহত রাখা।
ইসরায়েলি সরকার প্রায়ই যা দাবি করে তার বিপরীতে, এই সমালোচকদের বিশাল অংশই ইসরায়েলবিরোধী বা ইহুদিবিদ্বেষী নন।
তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হত্যাযজ্ঞের সঙ্গে যাদের কোনো সম্পর্কই ছিল না, সেই গাজা ধ্বংস এবং হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কাজে আমেরিকার অর্থ ও অস্ত্র ব্যবহৃত হচ্ছে—তা তাঁরা মেনে নিতে পারছেন না। আবার চরমপন্থী বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর চালানো সন্ত্রাসী সহিংসতাও তাঁরা মেনে নিতে পারছেন না। এ ধরনের কর্মকাণ্ড তাঁদের মৌলিক মূল্যবোধের পরিপন্থী, যেমনটা সামান্যতম মানবতাবোধ থাকা যেকোনো মানুষের ক্ষেত্রেই হওয়া উচিত।
অন্যদিকে ‘আমেরিকা ফার্স্ট’ মাগা আন্দোলনের সমর্থকদের কাছে এই বয়ান হয়তো কিছুটা অতিরঞ্জিত যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে টেনে নিয়েছে, যা তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, আমেরিকার ৪৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং যা জীবনযাত্রার ব্যয় তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও ইসরায়েলসহ অন্যান্য দেশে সামরিক সহায়তা কমানোর অন্তর্নিহিত আকাঙ্ক্ষাটি তাদের মধ্যে বেশ প্রবল।
পরিহাসের বিষয় হলো, মাগা আন্দোলন এবং কট্টর প্রগতিশীল-উদারপন্থী শিবির যে গুটিকয় বিষয়ে একমত হয়, তার একটি হলো দেশের জরুরি অভ্যন্তরীণ প্রয়োজনের দিকে নজর না দিয়ে বিদেশি সামরিক সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার বিরোধিতা করা।
অবশ্য এই যুক্তিতে কিছুটা জনতুষ্টিবাদের উপাদান রয়েছে। আমেরিকার স্বাস্থ্যসেবা সংকট, গৃহহীনতা এবং তরুণদের বেকারত্বের মতো সমস্যাগুলো সমাধান করতে ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি অর্থের প্রয়োজন। তা সত্ত্বেও, এই সহায়তাকে যখন আমেরিকার স্বার্থের পরিপন্থী হিসেবে দেখা হয়, তখন এই মতাদর্শের অনুসারীরা এটি চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পান না।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্পর্কের অবনতির মূল দায় ইসরায়েলের ওপর চাপানোর যে চেষ্টা করেছেন, তা মূলত দোষ এড়ানো এবং দায়িত্ব থেকে পালানোর এক কপট চেষ্টা বলেই মনে হয়।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে। যুদ্ধে যাওয়ার আগে, বিশেষ করে ইরানের মুখোমুখি হওয়ার বিষয়ে ইসরায়েলি উৎসাহে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কেবল ইসরায়েলি মূল্যায়নের ওপর নির্ভর করা ওয়াশিংটনের উচিত হয়নি।
নেতানিয়াহুর এই মূল্যায়ন—যুদ্ধটি সংক্ষিপ্ত হবে, এর ফলে ইরানে শাসক পরিবর্তন ঘটবে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নির্মূল হবে—পরবর্তী সময়ে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে, বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে। ওয়াশিংটন যদি সত্যিই এর ওপর নির্ভর করে থাকে, তবে এর দায় মার্কিন প্রশাসনকেও নিতে হবে।
তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক মূলত অসম। ইসরায়েল তার আমদানিকৃত প্রধান অস্ত্রের প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে পায়, আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন কূটনৈতিক সমর্থনের ওপর নির্ভর করে এবং যুক্তরাষ্ট্র তার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও বটে। তাই আঞ্চলিক নীতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক নির্ধারণে ইসরায়েল এত দিন যে বিশেষ মর্যাদা ভোগ করে এসেছে, তা পুনর্বিবেচনা করার সামর্থ্য ইসরায়েলের চেয়ে ওয়াশিংটনের অনেক বেশি রয়েছে।
এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়তে চলেছে। তবে ভূরাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক উভয় বিবেচনার কারণেই এই সম্পর্কে পরিবর্তন আসা অবধারিত। তদুপরি রাজনীতিবিদেরা, বিশেষ করে যখন আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন মাত্র দুই বছর দূরে—ভোটারদের পরিবর্তিত মনোভাব ক্রমশ বুঝতে পারছেন। তাই অনেকেই ইসরায়েলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে সমর্থন অব্যাহত রাখার বিষয়টিকে পারস্পরিক স্বার্থের সুস্পষ্ট মিলের শর্তের অধীন করবেন।
এই পরিবর্তনের তাৎপর্য বুঝতে হলে এটি স্মরণ করা প্রয়োজন যে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন ঐতিহ্যগতভাবে তিনটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে ছিল।
প্রথমটি হলো হলোকাস্ট-পরবর্তী সহানুভূতি, সেই সঙ্গে নিপীড়িত মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হিসেবে একটি ইহুদি রাষ্ট্রের প্রয়োজনীয়তার স্বীকৃতি।
দ্বিতীয়টি হলো এই ধারণা যে উভয় দেশই উদার গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে।
তৃতীয়টি হলো একটি অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েলের এক শক্তিশালী ও স্বাধীন সামরিক মিত্র হিসেবে আবির্ভাব—যারা আমেরিকার সামরিক সরঞ্জাম ও সহায়তা পেলেও নিজেদের সামরিক জনবল ও সক্ষমতার ওপর নির্ভর করতে পারত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের ভয়াবহ পরিণতির সামষ্টিক স্মৃতি ক্রমশ ফিকে হয়ে আসায় প্রথম স্তম্ভটি দুর্বল হয়ে পড়ছে।
ইসরায়েলের গণতান্ত্রিক পরিচয় দেশের ভেতরেই ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে (ওপিটি) ফিলিস্তিনিদের প্রতি আচরণে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত; ফলে দ্বিতীয় স্তম্ভটিও এখন চাপে রয়েছে।
ইতিমধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ এবং অন্যান্য ফ্রন্টের সংঘাতগুলো এই প্রশ্ন তুলেছে যে ইসরায়েল শেষ পর্যন্ত আমেরিকার স্বার্থের জন্য সম্পদ নাকি বোঝা। মধ্যবর্তী নির্বাচন এই টানাপোড়েনকে চরমে নিয়ে এসেছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তারই পূর্বাভাস দিচ্ছে।
ইয়োসি মেকেলবার্গ সিনিয়র কনসাল্টিং ফেলো, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) প্রোগ্রাম, চ্যাথাম হাউস। আল-জাজিরা থেকে অনূদিত।