অভিমত
বেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবে
রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদে বেসরকারি বিনিয়োগের বর্তমান উদ্যোগকে বাংলাদেশের বৃহত্তর শিল্পায়ন কৌশলের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত শিল্পের অব্যবহৃত সম্পদ এ ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার। লিখেছেন নাজনীন আহমেদ
দেশের বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর বন্ধ পড়ে আছে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা। কোথাও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, কোথাও বিস্তীর্ণ শিল্পভূমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আবার কিছু কারখানা চালু থাকলেও সেগুলোর লোকসানের বোঝা টানতে হচ্ছে সরকারকে। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে উপযুক্ত জমি ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব একটি বড় সমস্যা। অর্থনীতির এই দুই বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করা গেলে দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিনিয়োগের যে শ্লথগতি, তাতে বিদ্যমান শিল্পসম্পদ কাজে লাগানোর গুরুত্ব আরও বেড়েছে। নতুন শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ পর্যন্ত যে সময় ও অর্থ ব্যয় হয়, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের জমি ও ব্যবহারযোগ্য অবকাঠামো কাজে লাগিয়ে তার কিছুটা সাশ্রয় করা সম্ভব।
এ পরিপ্রেক্ষিতে সরকার লোকসানি, রুগ্ণ ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং সেগুলোর অব্যবহৃত সম্পদ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীল কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ এলেই তার সব সমস্যার সমাধান হবে, এমন নিশ্চয়তা নেই। নতুন উদ্যোগের সাফল্য নির্ভর করবে কীভাবে বিনিয়োগকারী নির্বাচন করা হচ্ছে, কী ধরনের শিল্প স্থাপন করা হচ্ছে এবং রাষ্ট্র ও বিনিয়োগকারীর মধ্যে দায়দায়িত্ব কীভাবে বণ্টন করা হচ্ছে, তার ওপর।
২০২৬ সালের ১৬ জুলাই প্রণীত ইনভেস্ট বাংলাদেশ আইনের ৪৮ ধারায় সরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সেগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে অধিকতর উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। এ আইনের আওতায় ইনভেস্ট বাংলাদেশ একটি খসড়া নীতিমালাও প্রণয়ন করেছে।
এ উদ্যোগের বিশেষত্ব হলো, এটি প্রচলিত বেসরকারীকরণের ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়। যৌথ বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, দীর্ঘমেয়াদি ইজারা, শেয়ার হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রয়ের মতো বিভিন্ন পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদ কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে অব্যবহৃত জমির ক্ষেত্রে আইনে ইজারা দেওয়ার বিধান রয়েছে; অর্থাৎ জমির মালিকানা রাষ্ট্রের কাছে রেখেই বেসরকারি উদ্যোক্তাকে শিল্প স্থাপন ও পরিচালনার সুযোগ দেওয়া সম্ভব। বাংলাদেশের মতো জনবহুল ও জমির স্বল্পতায় ভোগা একটি দেশের জন্য এ ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, পাঁচটি রাষ্ট্রায়ত্ত শিল্প করপোরেশনের আওতায় ইতিমধ্যে ৪৪টি বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা হয়েছে। এসব বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট জমির পরিমাণ ১০ হাজার একরের বেশি। এর মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় রয়েছে ১৩টি বিনিয়োগের সুযোগ ও প্রায় ৮ হাজার ৬৩২ একর জমি। বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের আওতায় রয়েছে ১০টি, বস্ত্রকল করপোরেশনের আওতায় ১২টি, পাটকল করপোরেশনের আওতায় ৫টি এবং ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের আওতায় ৪টি বিনিয়োগের সুযোগ।
বিনিয়োগের জন্য চিহ্নিত সব প্রতিষ্ঠান বন্ধ বা লোকসানি নয়। কিছু চালু প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি এবং নতুন শিল্প স্থাপনের প্রস্তাবও এর অন্তর্ভুক্ত। ফলে এ উদ্যোগকে শুধু লোকসানি প্রতিষ্ঠান থেকে সরকারের দায়মুক্তির উপায় হিসেবে না দেখে নতুন শিল্পায়নের একটি সুযোগ হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।
অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার বিভিন্ন বছরের তথ্য থেকে দেখা যায়, চিনি, পাট, বস্ত্র ও রাসায়নিক শিল্পের রাষ্ট্রায়ত্ত করপোরেশনগুলোর আর্থিক দুর্বলতা দীর্ঘদিনের। অন্যদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন বিভিন্ন অর্থবছরে মুনাফাও করেছে; অর্থাৎ একই করপোরেশনের অধীন সব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এক নয়।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কার্যকারিতা বিচারের একমাত্র মানদণ্ড মুনাফা হতে পারে না। কোনো প্রতিষ্ঠান জনস্বার্থে সরকার নির্ধারিত কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করলে তার জন্য সরকারি ভর্তুকির যৌক্তিকতা থাকতে পারে। আবার কোনো প্রতিষ্ঠানের লোকসানের কারণ হতে পারে পুরোনো প্রযুক্তি, অদক্ষ ব্যবস্থাপনা, অতিরিক্ত প্রশাসনিক ব্যয় কিংবা বাজারের চাহিদার সঙ্গে উৎপাদনের অসামঞ্জস্য। এ দুই ধরনের লোকসানকে একইভাবে দেখার সুযোগ নেই।
বাংলাদেশে সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা যেখানে সীমিত, সেখানে অদক্ষ প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে যে অর্থ ব্যয় হচ্ছে, তার সুযোগ ব্যয়ও অনেক। এ অর্থ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা কিংবা উৎপাদনশীল অবকাঠামোতে ব্যয় করা গেলে সমাজ আরও বেশি উপকৃত হতে পারে।
তাই বেসরকারি বিনিয়োগের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের আগে প্রতিটি প্রতিষ্ঠানের লোকসানের প্রকৃত কারণ চিহ্নিত করা প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনার সংস্কারই যথেষ্ট হতে পারে, কোনো প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হতে পারে নতুন প্রযুক্তি ও বিনিয়োগ, আবার কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শিল্প স্থাপনই অর্থনৈতিকভাবে যৌক্তিক হতে পারে।
অতীতের অভিজ্ঞতা থেকে কী শিখতে পারি? বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণের আলোচনা নতুন নয়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে। তবে এসব উদ্যোগের ফলাফল সব ক্ষেত্রে এক রকম ছিল না।
অতীতের বেসরকারীকরণ নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং কোম্পানির উৎপাদন ও মুনাফা বেড়েছিল। দীর্ঘদিন আর্থিক সংকটে থাকা বাংলাদেশ সাইকেল ইন্ডাস্ট্রিজও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আবার উৎপাদনে ফিরতে পেরেছিল। অন্যদিকে ঈগল বক্স অ্যান্ড কার্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ঢাকা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা পরিবর্তনের পরও বিভিন্ন ধরনের উৎপাদন ও বাজারসংক্রান্ত সমস্যা মোকাবিলা করতে হয়েছে।
এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, মালিকানা পরিবর্তন কোনো প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর জন্য সহায়ক হতে পারে, কিন্তু তা যথেষ্ট নয়। নতুন বিনিয়োগকারীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা, বাজার সম্পর্কে ধারণা, প্রতিষ্ঠানের পুরোনো দায়দেনা, প্রয়োজনীয় অবকাঠামো এবং সামগ্রিক ব্যবসার পরিবেশও সমান গুরুত্বপূর্ণ।
বর্তমান উদ্যোগের অংশ হিসেবে অতীতে বেসরকারি খাতে হস্তান্তর করা প্রতিষ্ঠানগুলোর একটি মূল্যায়ন করা যেতে পারে। কোন প্রতিষ্ঠান এখনো উৎপাদনে রয়েছে, কোনটি বন্ধ হয়ে গেছে, কোথায় নতুন কর্মসংস্থান হয়েছে এবং কোথায় প্রত্যাশিত বিনিয়োগ হয়নি—এসব তথ্য নতুন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগবে।
পুরোনো ঋণ ও দায়দেনার কী হবে, তা ভেবে দেখতে হবে। দীর্ঘদিন লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অতীতের ঋণ ও অন্যান্য আর্থিক দায় কে বহন করবে? ইনভেস্ট বাংলাদেশ আইনের ৪৮ ধারায় সম্পদ বরাদ্দ, হস্তান্তর বা কৌশলগত বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পুরোনো দায়দেনা পরিশোধের বিধান রাখা হয়েছে। দায়দেনা পরিশোধের পর অবশিষ্ট অর্থ সরকারের সংযুক্ত তহবিলে জমা হবে।
কিন্তু দীর্ঘদিন লোকসানে থাকা কোনো প্রতিষ্ঠানের মোট দায় যদি হস্তান্তর বা ইজারা থেকে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি হয়, তাহলে অবশিষ্ট দায়ের কী হবে? ব্যাংকঋণ, সরবরাহকারীর পাওনা, শ্রমিকদের বকেয়া এবং অন্যান্য আর্থিক দায়ের পূর্ণাঙ্গ হিসাব তাই বিনিয়োগ চুক্তির আগেই প্রস্তুত করতে হবে। পুরোনো ঋণের বোঝা নতুন বিনিয়োগকারীর ওপর চাপিয়ে দিলে বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হতে পারে। আবার সরকার যদি সেই দায়ের বড় অংশ গ্রহণ করে, তাহলে সরকারের ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি হতে পারে।
কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে খুব লাভজনক না হলেও এর সামাজিক ও অর্থনৈতিক সুফল অনেক বেশি হতে পারে। সে ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সীমিত সরকারি আর্থিক সহায়তা দেওয়ার যৌক্তিকতা থাকতে পারে। তবে যে প্রতিষ্ঠানকে বছরের পর বছর সরকারি সহায়তায় চালাতে হয়েছে, নতুন ব্যবস্থাপনায় নেওয়ার পরও যদি একই ধরনের সহায়তা অব্যাহত রাখতে হয়, তাহলে প্রশ্ন উঠবে, এ সংস্কারের মাধ্যমে কী অর্জিত হলো?
বেসরকারি বিনিয়োগের ফলে ভবিষ্যতে সরকারের কত টাকা সাশ্রয় হবে, তা হিসাব করার সময় পুরোনো দায় নিষ্পত্তিতে সরকারের ব্যয়কেও বিবেচনায় নিতে হবে। কেবল ভবিষ্যতের ভর্তুকি কমার হিসাব দিয়ে এ উদ্যোগের প্রকৃত আর্থিক সুফল নির্ধারণ করা যাবে না।
শ্রমিকদের ভবিষ্যতের বিষয়টিও যেন মনোযোগ পায়। রাষ্ট্রায়ত্ত শিল্পে বেসরকারি বিনিয়োগের আলোচনায় সাধারণত প্রতিষ্ঠানের সম্পদের মূল্য, আর্থিক দায় ও নতুন বিনিয়োগের পরিমাণ প্রাধান্য পায়। কিন্তু এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের ভবিষ্যৎও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ইনভেস্ট বাংলাদেশ আইনে প্রতিষ্ঠান হস্তান্তরের ক্ষেত্রে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিধান রয়েছে। তবে তাঁদের আর্থিক পাওনা মিটিয়ে দেওয়া এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করা দুটি ভিন্ন বিষয়। যে শ্রমিক ২০ বা ২৫ বছর ধরে চিনিকলে কাজ করেছেন, তিনি কি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে নতুন শিল্পে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবেন? বিশেষ করে মধ্যবয়সী ও অপেক্ষাকৃত কম শিক্ষিত শ্রমিকদের জন্য এ পরিবর্তন সহজ হবে না।
বর্তমান উদ্যোগের সঙ্গে তাই শ্রমিকদের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা যুক্ত করা প্রয়োজন। কাদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে নতুন শিল্পে কাজের উপযোগী করা সম্ভব, কাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে এবং যাঁদের নতুন করে শ্রমবাজারে প্রবেশের সুযোগ সীমিত, তাঁদের জন্য কী ধরনের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রয়োজন, তা আগেই নির্ধারণ করা দরকার।
অবশ্য এমন শর্ত আরোপ করাও বাস্তবসম্মত হবে না যে নতুন বিনিয়োগকারীকে পুরোনো প্রতিষ্ঠানের সব শ্রমিককে অবধারিতভাবে একই কাজে বহাল রাখতে হবে। নতুন শিল্পের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যায়সংগত রূপান্তরের ব্যবস্থা করতে হবে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বে পুরোনো সমস্যার পুনরাবৃত্তি যেন না হয়। সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য একই ধরনের বিনিয়োগকাঠামো উপযোগী হবে না। কোনো প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি ইজারা, কোনো প্রতিষ্ঠানের জন্য যৌথ বিনিয়োগ, আবার কোনো প্রতিষ্ঠানের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব বেশি কার্যকর হতে পারে।
কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে খুব লাভজনক না হলেও এর সামাজিক ও অর্থনৈতিক সুফল অনেক বেশি হতে পারে। সে ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সীমিত সরকারি আর্থিক সহায়তা দেওয়ার যৌক্তিকতা থাকতে পারে। তবে যে প্রতিষ্ঠানকে বছরের পর বছর সরকারি সহায়তায় চালাতে হয়েছে, নতুন ব্যবস্থাপনায় নেওয়ার পরও যদি একই ধরনের সহায়তা অব্যাহত রাখতে হয়, তাহলে প্রশ্ন উঠবে, এ সংস্কারের মাধ্যমে কী অর্জিত হলো?
বর্তমান উদ্যোগ বাংলাদেশের শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে তার সাফল্য নির্ভর করবে রাষ্ট্রীয় সম্পদের কতটা উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা গেল, বেসরকারি বিনিয়োগ কতটা বাড়ানো গেল এবং এর সুফল সমাজের কত বেশি মানুষের কাছে পৌঁছানো গেল, তার ওপর—শুধু লোকসানি প্রতিষ্ঠানের দায় থেকে মুক্তি নয়।
সরকারি আর্থিক সহায়তার প্রয়োজন হলে তার পরিমাণ, মেয়াদ ও শর্ত সুনির্দিষ্ট করা দরকার। বেসরকারি বিনিয়োগের মুনাফা উদ্যোক্তা পাবেন, কিন্তু বাণিজ্যিক ঝুঁকির বড় অংশ বহন করবে সরকার, এমন ব্যবস্থা যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে। একইভাবে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সরকার যদি মালিকানার একটি অংশ ধরে রাখে, তাহলে পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিত্ব ও প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের মধ্যে পার্থক্য থাকতে হবে। বেসরকারি বিনিয়োগকারীর কাছ থেকে দক্ষ ব্যবস্থাপনা প্রত্যাশা করা হলে তাঁকে প্রয়োজনীয় বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও দিতে হবে। পাশাপাশি সরকারের বিনিয়োগ ও জনস্বার্থ রক্ষায় কার্যকর জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে।
রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদে বেসরকারি বিনিয়োগের বর্তমান উদ্যোগকে বাংলাদেশের বৃহত্তর শিল্পায়ন কৌশলের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে শিল্প ও রপ্তানি বহুমুখীকরণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা আরও বাড়বে। রাষ্ট্রায়ত্ত শিল্পের অব্যবহৃত সম্পদ এ ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার।
এ উদ্যোগের সাফল্য শুধু কতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো কিংবা ইজারা বা হস্তান্তরের মাধ্যমে সরকার কত টাকা পেল, তা দিয়ে বিচার করা উচিত হবে না। দেখতে হবে, চুক্তির পর বাস্তবে কতটা নতুন বিনিয়োগ হয়েছে, উৎপাদন কতটা বেড়েছে, কত মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে, পুরোনো শ্রমিকদের কতজন বিকল্প কর্মসংস্থানে যুক্ত হতে পেরেছেন এবং সরকারের নিট আর্থিক দায় কতটা কমেছে। এসব তথ্য নিয়মিত প্রকাশ করা হলে এ উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জনগণ জানতে পারবেন এবং অভিজ্ঞতার ভিত্তিতে সরকারও প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনতে পারবে।
বর্তমান উদ্যোগ বাংলাদেশের শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে তার সাফল্য নির্ভর করবে রাষ্ট্রীয় সম্পদের কতটা উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা গেল, বেসরকারি বিনিয়োগ কতটা বাড়ানো গেল এবং এর সুফল সমাজের কত বেশি মানুষের কাছে পৌঁছানো গেল, তার ওপর—শুধু লোকসানি প্রতিষ্ঠানের দায় থেকে মুক্তি নয়।
ড. নাজনীন আহমেদ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক
মতামত লেখকের নিজস্ব