গাঁয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ক্যানসারে আক্রান্ত হয়ে মাসখানেক আগে মারা গেছেন। একটি প্রাথমিক বিদ্যালয় আছে। গত শুক্রবার তার এক সহকারী শিক্ষক একই রোগে মারা গেলেন। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও একজন শিক্ষক একই রোগে ভুগছেন। বিদ্যালয়টির এক প্রাক্তন ছাত্র কয়েক মাস আগে একেবারেই তরুণ বয়সে এ ক্যানসারেই মারা গেছেন। তারা একই গাঁয়ের বাসিন্দা। গাঁয়ের আরও তিনজন মানুষ এই মরণঘাতী ব্যাধির সঙ্গে লড়াই করছেন। গাঁয়ের সব মানুষের মধ্যে এখন একই শোক, একই ভয়। রাজশাহীর বাঘা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থিত গাঁয়ের নাম নওটিকা।
মাসখানেক আগে যখন গাঁয়ের মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছনা বানু মারা গেলেন, সেদিন তাঁর লাশ দাফনের পর কাছে-দূরের অতিথিরা তাঁর স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তাঁকে ঘিরে বসলেন। এ সময় তাঁর কথা শুনে সবাই যেন মৃত্যুশোক ভুলে গেলেন। তাঁর স্বামী আমজাদ হোসেন বাঘা উপজেলা সদরে অবস্থিতি শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছেন। তিনি ক্যানসার চিকিৎসার দুর্ভোগের কথা বলছিলেন। ক্যানসারের চতুর্থ স্তরে গিয়ে তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। তার আগে তাঁরা বুঝতে পারেননি।
উন্নত চিকিৎসার জন্য তিনি তাঁর স্ত্রীকে নিয়ে ভারতের মুম্বাইয়ে যান। সঙ্গে তাঁদের একমাত্র ছেলেও ছিলেন। তাঁরা তিনজন সেখানে গিয়ে বুঝতে পারেন, তাঁরা একটা ভুল জায়গায় গিয়েছেন। যে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে তাঁরা ভিসা পেয়েছিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট নাকি ভুয়া। এ কথা শুনে প্রথম দফায় আমজাদ হোসেন ভেবেছিলেন, তাহলে অন্য একজন চিকিৎসককে দেখিয়ে বাড়িতে ফিরবেন। তাহলেও শেষ রক্ষা হতো, কিন্তু তা হলো না। তাঁরা আইনি ঝামেলায় পড়ে যান।
এখন কেউ মারা গেলেই শুধু গাঁয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষক হাছনা বানু মারা যাওয়ার পর তাঁর সহকর্মী রফিজ উদ্দিন ফেসবুকে তাঁর (হাছনা বানুর) বিভিন্ন সময়ের তোলা ছবি দিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো...।’ শহরে ফেরার সময় মনে হলো, গ্রামের আর কারও সঙ্গে যেন এভাবে আর দেখা না হয়। এই অকালমৃত্যু থেকে আমরা মুক্তি চাই। আমাদের চিকিৎসা কবে উন্নত হবে?
ভুল অ্যাপয়েন্টমেন্টে যাওয়া মানে তাঁরা বেআইনি অনুপ্রবেশের দায়ে পড়ে যান। তখন চিকিৎসার কথা ভুলে তাঁরা দেশে ফিরবেন কীভাবে, এ চিন্তায় চোখে অন্ধকার দেখতে থাকেন। এ দুঃসময়ে তিনি রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সমস্যার কথা জানিয়ে মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে রেখেছিলেন। প্রতিমন্ত্রী সেটা খেয়াল করেন। সেখানকার দূতাবাসের মাধ্যমে সমস্যাটি সমাধান করে অন্য এক চিকিৎসককে দেখানোর ব্যবস্থা করে দেন। সেখানে থাকতেই রোগীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়। তাঁরা যেন হাঁপ ছেড়ে বাঁচেন। ওই চিকিৎসকের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাঁরা দেশে ফেরেন।
পরেরবার দেখানোর জন্য তাঁরা বিমানে যান। কিন্তু বিমানে গেলে কী হবে, বিপদ তাঁদের পিছু ছাড়ে না। কলকাতা বিমানবন্দরে নেমে তাঁরা আর ইমিগ্রেশন পার হতে পারেন না। ২৪ ঘণ্টা আটকে থাকেন। তারপর জানতে পারেন, তাঁদের সেখান থেকেই দেশে ফেরত পাঠানো হচ্ছে। অপরাধ প্রথমবারের সেই ভুল। অ্যাপয়েন্টমেন্টটা ছিল জাল। ভিসা অফিসের একজন দালাল ‘ভীষণ দয়া’ দেখিয়ে তাড়াতাড়ি এ ভিসা জোগাড় করে দিয়েছিলেন।
স্ত্রীর মৃত্যুর পর আমজাদ হোসেনের নিজেরও একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তিনি আর ভারতে যেতে পারছেন না। তাঁর সেই ভিসার কাঁটা আর গলা থেকে নামছে না।
যা হোক, গত শুক্রবার মারা গেলেন নওটিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। তাঁর পক্ষে ভারতে পাড়ি দেওয়া সম্ভব হয়নি। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর কত দূর যেতে পারেন! রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন। ঢাকায় অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর রাজশাহী ও সিরাজগঞ্জে তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হতো। শেষের দিকে হাতের টাকাপয়সা ফুরিয়ে এসেছিল।
মনে আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেই খুব মিনতি করে ফোন করতেন। সরকারি সরবরাহের ওষুধটা পাওয়া যায় কি না, সেই খোঁজ নেওয়ার জন্য। শেষবার গিয়েছিলেন সিরাজগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে। সেটা মাসখানেক আগের কথা। রক্ত জোগাড় করতে না পেরে ফিরে আসতে হচ্ছিল। তাঁর স্ত্রী জামিরন ফোন করলেন। প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম সেই রক্তের ব্যবস্থা করেছিলেন। একই সঙ্গে ওই মেডিকেল কলেজের পরিচিত ছাত্র মাহমুদ হাসানও রক্ত নিয়ে ছুটে গিয়েছিলেন। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলো না।
শিক্ষক বজলুর রহমানের শিশুসন্তান বাবার শোকে বিছানায় পড়ে গেছে। মনে পড়ল, এই নওটিকা-আরিপপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খলিলুর রহমান যখন ক্যানসারে মারা যান, তারও এতটুকু শিশুসন্তান ছিল। বজলুর রহমানের খাটিয়া ঘিরে বসে থাকা গাঁয়ের মানুষ একই শোকে কাতর হয়ে একই কষ্টের কথা বলছেন। কয়েক মাস আগে মারা যাওয়া এই প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রুস্তম আলীরও রয়েছে একটি নাবালক সন্তান। কারও মুখের দিকে তাকানোর উপায় নেই। এসব অকালমৃত্যুর কষ্ট সারা গাঁয়ে ছড়িয়ে পড়েছে।
এখন কেউ মারা গেলেই শুধু গাঁয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষক হাছনা বানু মারা যাওয়ার পর তাঁর সহকর্মী রফিজ উদ্দিন ফেসবুকে তাঁর (হাছনা বানুর) বিভিন্ন সময়ের তোলা ছবি দিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো...।’ শহরে ফেরার সময় মনে হলো, গ্রামের আর কারও সঙ্গে যেন এভাবে আর দেখা না হয়। এই অকালমৃত্যু থেকে আমরা মুক্তি চাই। আমাদের চিকিৎসা কবে উন্নত হবে?
আবুল কালাম মুহম্মদ আজাদ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
akm.azad@prothom-alo