রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইউক্রেন এখন এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে সমঝোতায় আসা ছাড়া দেশটির সামনে আর খুব বেশি পথ খোলা নেই। অন্যদিকে রাশিয়া বুঝতে পারছে, যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে আলোচনায় তারা অনেক বেশি সুবিধা আদায় করতে পারবে। এদিকে পশ্চিমা দেশগুলোর সরকারও ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাশিয়ার দীর্ঘদিনের দাবিগুলো নতুন করে বিবেচনা করতে শুরু করেছে। এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। এই আলোচনা থেকে দ্রুত কোনো সমাধান আসবে, এমন সম্ভাবনা কম। তবে আলোচনার গতিপ্রকৃতি থেকে বোঝা যাচ্ছে, দীর্ঘদিনের এই যুদ্ধ হয়তো শেষের দিকে এগোচ্ছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক ও মানসিক দূরত্ব কতটা গভীর, তা বোঝা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যে। এ সপ্তাহে কোপেনহেগেনে তিনি আক্ষেপ করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো বেঁচে আছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউক্রেনের কঠিন পরিস্থিতি জেলেনস্কিকে সেই পুতিনের সঙ্গেই অপছন্দের সমঝোতায় যেতে বাধ্য করছে।
আলোচনায় ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিনিধি ডেভিড আরাখামিয়া দেশটির পার্লামেন্টে জেলেনস্কির দলের নেতা। তিনি বলেছেন, ২০২২ সালের পর থেকে যত আলোচনায় অংশ নিয়েছেন, এবারের আলোচনা তার মধ্যে অন্যতম কঠিন। তাঁর ভাষ্য, রুশ প্রতিনিধিরা অত্যন্ত কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন। আলোচনার পরিবেশ নমনীয় করাও কঠিন হয়ে পড়েছিল। তাঁর এ বক্তব্য থেকে বোঝা যায়, রাশিয়া এখন শক্তির অবস্থান থেকেই দর-কষাকষি করতে চাইছে।
অন্যদিকে আলোচনার ফলাফল নিয়ে আশাবাদ প্রকাশ করেছে মস্কো। পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, আলোচনা দুই দেশকে শান্তির আরও কাছাকাছি নিয়ে গেছে। আরাখামিয়াও বলেছেন, বছরের শেষ নাগাদ একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই আশাবাদের মধ্যেও রাশিয়ার অবস্থান বদলানোর কোনো লক্ষণ নেই। ক্রেমলিন বহু বছর ধরে যে দাবি জানিয়ে আসছে, তা এখনো একই। ইউক্রেনকে প্রকৃত অর্থে নিরপেক্ষ ও নিরস্ত্রীকৃত হতে হবে। পাশাপাশি দেশটির রুশভাষী জনগোষ্ঠীর অধিকারও নিশ্চিত করতে হবে।
পশ্চিমা বিশ্বের অনেকের কাছে বিষয়টি বিস্ময়কর মনে হতে পারে। কারণ, চলতি বছরের বেশির ভাগ সময় পশ্চিমা রাজনীতিক ও মূলধারার সংবাদমাধ্যম দাবি করে এসেছে, যুদ্ধের পরিস্থিতি ইউক্রেনের অনুকূলে যাচ্ছে। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের দূরপাল্লার হামলা এবং যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ধীরগতির অগ্রগতি এই আশাবাদ তৈরি করেছিল।
সেপ্টেম্বরেও লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেছিলেন, নামমাত্র বাকি থাকলেও রাশিয়া এরই মধ্যে যুদ্ধে হেরে গেছে। একই সময়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুতে বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার অবস্থা ভালো নয়। জুলাইয়ে আঙ্কারায় ন্যাটোর সম্মেলনের সময় মনে হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্বাস করতে শুরু করেছেন যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন এগিয়ে রয়েছে। কিন্তু ইউরোপীয় অর্থায়ন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া দিনরাত বিমান হামলা শুরু করে। এসব হামলা ইউক্রেনকে অসহনীয় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
সামনের শীত ইউক্রেনের জন্য দেশজুড়ে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। জ্বালানি অবকাঠামোয় রুশ হামলায় বিদ্যুৎ ও কেন্দ্রীয় তাপ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে। দেশটির বড় শহরগুলোয় লাখ লাখ মানুষ বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে থাকেন। এসব ভবনের ঘর গরম রাখার ব্যবস্থা কেন্দ্রীয় তাপ সরবরাহের ওপর নির্ভরশীল। তা বন্ধ হয়ে গেলে শীতকালে এসব বাড়িতে বসবাস প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।
ট্রাম্প প্রশাসনের চাপ নয়; বরং এই ভয়াবহ পরিস্থিতিই ইউক্রেনকে আলোচনায় বসতে বাধ্য করেছে। পরিস্থিতি এতটা সংকটাপন্ন না হলে জেলেনস্কি অন্তত আগামী বসন্ত পর্যন্ত অপেক্ষা করতেন। ইউক্রেনের সাম্প্রতিক সামরিক তৎপরতা রাশিয়ার শান্তির শর্তে সামান্য পরিবর্তনও আনতে পারেনি। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর মধ্যে যুদ্ধের বাস্তবতা সম্পর্কে দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন ঘটেছে। আবুধাবির আলোচনায় গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা গেছে।
যুদ্ধ শুরুর পর এবারই প্রথম পশ্চিমা নীতিনির্ধারকদের বড় একটি অংশ ইউরোপের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। বিষয়টি প্রথম সামনে আনেন যুক্তরাষ্ট্রের আলোচক জ্যারেড কুশনার। এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকা পশ্চিমা মহলে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু আবুধাবি আলোচনা শেষে মেদিনস্কি বলেছেন, ইউরোপের নিরাপত্তাব্যবস্থা ছিল আলোচনার কেন্দ্রীয় বিষয়।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের মতো নেতারা ক্রমেই একঘরে হয়ে পড়ছেন। দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে তাঁদের প্রভাবও কমছে। একই অবস্থা জেলেনস্কির। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় সাম্প্রতিক বক্তব্যগুলোয় তাঁর তীব্র হতাশা প্রকাশ পেয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তিপ্রক্রিয়ায় তিনি এগিয়ে যাচ্ছেন। কারণ, এই মুহূর্তে তাঁর সামনে বিকল্প খুব বেশি নেই।
লিওনিদ রাগোজিন, লাটভিয়ার রাজধানী রিগাভিত্তিক একজন ফ্রিল্যান্স সাংবাদিক
আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত