এই মুহূর্তে দেশের সবচেয়ে অস্বস্তির জায়গার নাম বাজার। কী গরিব, কী নিম্নবিত্ত, কী মধ্যবিত্ত—সবার কাছেই একটি দীর্ঘশ্বাসের নাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যে বাজারেই যাই, যে পণ্যের দিকেই তাকাই, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী এবং অসহনীয়। এটা ঠিক যে করোনা মহামারি এবং পরবর্তী সময়ে ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী সরবরাহশৃঙ্খলে বিঘ্ন ঘটেছে এবং মূল্যস্ফীতি অনেকটাই অনিবার্য হয়েছে।
এই বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় সাম্প্রতিক কালে সব দেশেই কমবেশি মূল্যস্ফীতি ঘটেছে। তবে গত ছয় মাসে বিশ্বের অনেক দেশেই মূল্যস্ফীতির হার কমেছে। শ্রীলঙ্কার মতো অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত দেশও মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। ব্যতিক্রম বাংলাদেশ—এখানে মূল্যস্ফীতি তো কমেইনি, উল্টো ক্রমাগত বাড়ছে। দেশে মূল্যস্ফীতি একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। চাল, তেল, গ্যাস, ডাল, সবজির খুচরা দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মূল্য বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
একটি বাজার অর্থনীতির কার্যকারিতা নির্ভর করে বাজারের চাহিদা-জোগানের নিয়ামকগুলোর মুক্ত, স্বাভাবিক ও প্রভাবমুক্ত হয়ে কাজ করার ক্ষমতার ওপর। কিন্তু বাজারবহির্ভূত উপাদানগুলো অনেক ক্ষেত্রে বাজারের স্বাভাবিক প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। বাজারবহির্ভূত এ উপাদানগুলোর মধ্যে একটি অন্যতম শক্তিশালী উপাদান হলো সিন্ডিকেশন বা যোগসাজশ।
ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় মুনাফা মার্জিন বেশি রেখে বাড়তি দাম নির্ধারণ করেন কিংবা বাজার কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যের দাম বাড়ান। বাংলাদেশে বাজারের প্রধান অস্বস্তির মূলে এই বাজার কারসাজি। বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীদের সব সময় একটি হাত বেশি থাকে, যার নাম ‘অজুহাত’। তাঁরা সব সময় কোনো না কোনো অজুহাত দাঁড় করিয়ে বাজারে দাম বাড়ান। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক আর্থিক রিপোর্টে বাজারে মূল্যস্ফীতির পেছনে সিন্ডিকেশন আছে বলে উল্লেখ করা হয়েছে।
অনেকে ধারদেনা করে কোনোমতে চালিয়ে নিচ্ছেন। বলছেন, ‘পেট যখন আছে, খেতে তো হবেই। ‘অনেকে বাঁচার উপায় খুঁজতে লাজলজ্জা ভুলে ট্রাকের পেছনে ব্যাগ নিয়ে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। এই বাজারযুদ্ধের প্রভাব মোকাবিলা করতে অনেককে সন্তানদের জন্য কেনা পুষ্টিকর খাবারের সঙ্গে আপস করতে হচ্ছে, খাদ্যের পরিমাণ এবং মানের সঙ্গে আপস করতে হচ্ছে। অন্যদের মতো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বলছেন, ‘আয় তো বাড়েনি, কিন্তু দাম তো বাড়ছে আর বাড়ছেই। আর পারছি না, কীভাবে সম্ভব?’
দেশের বাণিজ্যমন্ত্রীসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিরা ব্যবসায়ীদের এই কারসাজির বিষয়টি অকপটে স্বীকার করেছেন এবং তাঁদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। অনেকে মনে করছেন, এই অসহায়ত্বের পেছনে সরষের মধ্যে ভূত থাকতে পারে। রাষ্ট্রে যাঁরা বাজার তদারক করবেন, নিয়ন্ত্রণ করবেন, তাঁরা নিজেরাই যদি বাজারের অংশীদারি হন, তাহলে এই সিন্ডিকেট ভাঙবে কে?
যুগে যুগে বণিক তথা ব্যবসায়ীরা মুনাফা নির্বিঘ্ন করতে ক্ষমতার অংশীদার হন—এটি নতুন কিছু নয়। ইংরেজ বণিকশ্রেণি ভারতীয় উপমহাদেশে ব্যবসা করতে এসে ভাবলেন, কীভাবে ক্ষমতার অংশ হয়ে তাঁদের মুনাফা আরও বেশি বাড়িয়ে নেওয়া যায়। এ উদ্দেশ্যে তাঁরা বাণিজ্যের আড়ালে পণ্যের সঙ্গে অস্ত্র নিয়ে এলেন এবং একসময় দেশীয় ষড়যন্ত্রকারীদের সহায়তায় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। আজকের বাংলাদেশেও সেই আদলে নতুন ধারার বণিকবাদের স্পষ্ট প্রতিফলন ঘটছে।
ব্যবসায়ীরা মুনাফা সুসংহত করতে ক্ষমতার অংশ হয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যমতে, একাদশ জাতীয় নির্বাচনে শপথ নেওয়া সংসদ সদস্যদের ১৮২ জনই (৬১ দশমিক ৭ শতাংশ) পেশায় ব্যবসায়ী এবং মাত্র ৫ শতাংশ রাজনীতিক। যেখানে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে মাত্র ১৮ শতাংশ ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীরা যখন ক্ষমতার অংশীদার হন, তখন রাষ্ট্রে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়টি তখন চরমভাবে অবহেলিত হয়।
সুশাসনের অভাব আর স্বার্থবাদী শাসনকাঠামো বর্তমান বেসামাল বাজার পরিস্থিতির জন্য প্রধানত দায়ী। এ কারণে বাজারভিত্তিক নীতি এখানে অচল ও অকার্যকর—নির্ধারিত দাম কেউ মেনে চলছে না, আমদানি করতে চেয়েও আমদানি করছে না, বাজার নিয়ন্ত্রণে আসছে না।
বাজারের আগুনের আঁচ এসে সরাসরি লাগছে খেটে খাওয়া নিম্নবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর হেঁশেলে। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ দরিদ্র শ্রেণির মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চারদিকে একধরনের নীরব হাহাকার আর নিঃশব্দ অপূর্ণতা। তাদের এক কথা—আমাদের বাঁচার উপায় নেই। সব জিনিসের দাম বেড়েই চলেছে। গরিবের আর বাঁচার পথ নেই।
এ লেখার জন্য সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্র, রিকশাচালক থেকে চা-বিক্রেতা, সবজি বিক্রেতা থেকে মুদিদোকানি, ফল থেকে মুরগি কিংবা মাছ বিক্রেতা—তাঁদের সবারই মোটাদাগে এক কথা, পরিস্থিতি ভালো না। ক্রেতা-বিক্রেতা সবাই দ্রব্যমূল্য নিয়ে চরম অস্বস্তিতে। বাজারে গেলে দাম শুনে মন খারাপ হচ্ছে, ক্ষোভ বাড়ছে। কেউ কেউ দাম শুনে না কিনে ফিরে যাচ্ছেন, কেউ কম কিনছেন। নির্দিষ্ট আয়ের অনেকে খাওয়া কমিয়ে দিয়েছেন। অনেকে আমিষের স্বাদ ভুলতে বসেছেন। মাছ কিনতে না পেরে আলুভর্তা-ডালের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু আলুর দাম বেড়ে গেলে ভর্তা জুটাতেও হিমশিম খেতে হচ্ছে।
অনেকে ধারদেনা করে কোনোমতে চালিয়ে নিচ্ছেন। বলছেন, ‘পেট যখন আছে, খেতে তো হবেই। ‘অনেকে বাঁচার উপায় খুঁজতে লাজলজ্জা ভুলে ট্রাকের পেছনে ব্যাগ নিয়ে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। এই বাজারযুদ্ধের প্রভাব মোকাবিলা করতে অনেককে সন্তানদের জন্য কেনা পুষ্টিকর খাবারের সঙ্গে আপস করতে হচ্ছে, খাদ্যের পরিমাণ এবং মানের সঙ্গে আপস করতে হচ্ছে। অন্যদের মতো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বলছেন, ‘আয় তো বাড়েনি, কিন্তু দাম তো বাড়ছে আর বাড়ছেই। আর পারছি না, কীভাবে সম্ভব? খাদ্য কমিয়ে দেওয়া ছাড়া কী করার আছে?’
এই লাগামহীন অস্বাভাবিক বাজার পরিস্থিতির পেছনে দুর্নীতির ব্যাপকতা এবং সুশাসনের ঘাটতি বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। গণতান্ত্রিক মূল্যবোধ সমাজ থেকে ক্ষয়ে যাচ্ছে, জবাবদিহির জায়গা সংকুচিত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ছে। এই সুযোগে একটি মহল প্রয়োজনে বাজার কারসাজি করে দাম বাড়াচ্ছে, ব্যাংক লুট করছে, কিংবা দেশের সম্পদ বিদেশে পাচার করছে। একটি ভঙ্গুর পরিস্থিতি মোকাবিলা ও একটি শক্ত পথ হাঁটার জন্য আমাদের যে সতর্কতা ও অর্থনৈতিক বিচক্ষণতা অবলম্বন করা প্রয়োজন ছিল, সে জায়গায় আমরা সফল হইনি।
দীর্ঘমেয়াদি বাজারশৃঙ্খলা ও বাজার নিয়ে মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হলে সব ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন কঠোর হাতে দমন করা প্রয়োজন। একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া এ ধরনের অর্থনৈতিক অসংগতি দূর করা কার্যত দুরূহ। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি মানুষের ‘বাজারযুদ্ধ’কে আরও কঠিন ও দীর্ঘায়িত করে তুলতে পারে। একটি অনিশ্চিত এবং অপ্রত্যাবর্তনযোগ্য গন্তব্যে পৌঁছার আগেই শান্তির পথ খুঁজে বের করা অতি জরুরি।
ড. ফরিদ খান অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ই-মেইল: [email protected]