ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বরাত দিয়ে প্রথম আলোর কলকাতা সংবাদদাতা শুভজিৎ বাগচী লিখেছেন, ভারতের বড় শহরগুলোর মধ্যে কলকাতা নারীর জন্য সবচেয়ে নিরাপদ। আর অনিরাপদ হলো দিল্লি। ২০২১ সালে সেখান কলকাতার চেয়ে ১১১ গুণ বেশি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০১৮ ও ২০২০ সালেও কলকাতার অবস্থান অভিন্ন ছিল। কলকাতায় অন্যান্য আমলযোগ্য অপরাধের হারও কমেছে। কলকাতার পর ভারতের নিরাপদ শহর ভাবা হয় পুনেকে। শুভজিৎ বাগচীর প্রতিবেদনটি পড়ে একটি প্রশ্নই মনে ঘুরপাক খাচ্ছে, ঢাকা শহর নারীর জন্য কতটা নিরাপদ? প্রায় প্রতিদিন নারীরা এখানে ঘরে-বাইরে সহিংসতার শিকার হচ্ছেন। কোথাও তাঁরা নিরাপদ নন।
গত ৩১ আগস্ট সমকাল-এর প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসে কল্যাণপুরে নেমে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত তাঁর রিকশা থামিয়ে বলে, ‘আপনার ব্যাগে অবৈধ জিনিসপত্র আছে, আপনাকে থানায় যেতে হবে।’ এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে ওই ছাত্রীর সাত মিনিট তর্ক হয়। কিন্তু এই দীর্ঘ সময়েও কেউ তাঁর সহায়তায় এগিয়ে আসেননি। বরং রিকশাচালক ‘আপা পুলিশের সঙ্গে ঝামেলা করবেন না’ বলে সতর্ক করে দেন এবং রিকশা ছেড়ে দিতে বলেন।
এরপর ওই ছাত্রী পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেলে উঠলে আরোহী তাঁকে থানার কথা বলে দিয়াবাড়ীতে নিয়ে যায়। সেখানে ছুরির ভয় দেখিয়ে তাঁর ব্যাগে থাকা শাড়ি ও কানের দুল ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেল আরোহী তরুণীকে হেনস্তা করতে থাকলে তিনি ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করেন এবং স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করেন। এই সুযোগে মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।
যে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যাধুনিক মেট্রোপলিটন পুলিশ আছে, মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের পাহারা আছে, সেই শহরে ব্যস্ত সড়কে পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেলে এক দুর্বৃত্ত কোমরে পিস্তল রেখে কীভাবে দিনে-দুপুরে এক ছাত্রীকে তুলে নিয়ে যায়?
গণপরিবহনেও কি নারী নিরাপদ? গত জুন মাসে আঁচল ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, রাজধানীতে গণপরিবহনে গত ৬ মাসে ৬৩ দশমিক ৪ শতাংশ কিশোরী ও তরুণী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে।
ঘটনার সপ্তাহখানেক পর পুলিশ ওই দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। পুলিশই বলেছে, ওই মোটরসাইকেল আরোহী একজন পেশাদার দুর্বৃত্ত। এর আগে মিরপুর, উত্তরা, বরিশালসহ বিভিন্ন স্থানে একই রকম অপরাধ করেছে। তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে কেন তাকে ধরল না? কল্যাণপুরের নারী অপহরণের ঘটনা গণমাধ্যমে না এলে কি পুলিশ অপরাধীকে ধরার জন্য সচেষ্ট হতো? এই ঢাকা শহরে প্রতিদিন অসংখ্য ছিনতাই-অপহরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কজনকে ধরতে পারে? এখানে ভুক্তভোগী থানায় গিয়েছিলেন। অনেকে তো ভয়ে থানায় যান না। আর গেলেও সব ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায় না। উল্টো বিড়ম্বনার শিকার হতে হয়।
কল্যাণপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রিকশায়।
কিন্তু গণপরিবহনেও কি নারী নিরাপদ? গত জুন মাসে আঁচল ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, রাজধানীতে গণপরিবহনে গত ৬ মাসে ৬৩ দশমিক ৪ শতাংশ কিশোরী ও তরুণী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। আজিমপুর, মিরপুর, গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারাসহ বিভিন্ন এলাকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবী নারী ও কিছুসংখ্যক গৃহবধূর ওপর জরিপ পরিচালনা করা হয়। জরিপে ১৩ থেকে ৩৫ বছর বয়সী ৮০৫ নারী অংশ নেন। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৮৬ শতাংশ। জরিপ শুরুর সময়ের ৬ মাস আগপর্যন্ত হয়রানির মুখোমুখি হয়েছেন—এমন নারীদের তথ্য যুক্ত করা হয়েছে। সরাসরি ও অনলাইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়। জরিপটি হয় এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত।
যৌন নিপীড়নের শিকার নারীদের ৭৫ শতাংশ জানিয়েছেন, তাঁদের অন্য যাত্রীদের মাধ্যমে হয়রানির শিকার হতে হয়েছে। ২০ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, বাসচালকের সহকারীদের হাতে নিগ্রহের ঘটনা ঘটেছে। জরিপে আরও জানা যায়, নিগ্রহের কারণে ২১ দশমিক ২ শতাংশ কিশোরী ও তরুণী পরবর্তী সময় ট্রমাটাইজড হন। ১৬ দশমিক ৪ শতাংশ হীনম্মন্যতায় এবং ১৩ দশমিক ৮ শতাংশ বিষণ্নতায় ভুগেছেন।
গণপরিবহনে হয়রানি প্রতিরোধে ১০ দফা প্রস্তাব করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে—পরিবহনে আসনের বেশি যাত্রী না তোলা, গণপরিবহনের ভেতর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, গণপরিবহনের সংখ্যা বাড়ানো, নারীদের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করা, বাসের চালক, তত্ত্বাবধায়ক ও সহকারীর পরিচয় উল্লেখ করে নেমপ্লেট লাগানো বাধ্যতামূলক করা, দ্রুত বিচার নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়া ইত্যাদি।
গত ফেব্রুয়ারি মাসে লালবাগ এলাকা থেকে সংঘবদ্ধ একটি অপরাধী চক্র এক ছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রাখে ও ধর্ষণ করে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে এক নারী মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ১২ ফেব্রুয়ারি বাসা থেকে পড়তে যাওয়ার সময় ৩ তরুণ তাঁকে তুলে নিয়ে যায়।
গত জানুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এক যুবক ওই তরুণীকে মোহাম্মদপুর এলাকার এক বাসায় নিয়ে যায় ও ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ৬ জানুয়ারি ধর্ষণ ও হত্যার শিকার হয় ইংরেজিমাধ্যমের এক স্কুলছাত্রী।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সাধারণ নিবন্ধন খাতায় রাজধানীর ৫০টি থানায় হওয়া মামলার মূল বিবরণ থাকে। প্রথম আলোর প্রতিবেদক গত ২৬ মার্চ থেকে ৩ জুনের হিসাব খতিয়ে নারী ও শিশু নির্যাতনের অন্তত ১৯৭টি মামলার হদিস পেয়েছেন। ধর্ষণের মামলা ৫৬টি এবং গণধর্ষণের ৮টি। ধর্ষণচেষ্টার মামলা আছে ১৪টি।
বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জরিপের বরাত দিয়ে গত ২৪ মে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ঢাকায় নারী গৃহকর্মীদের ৩০ ভাগ যৌন নিপীড়নের শিকার। তাঁরা হলেন সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ। নিষ্ঠুর দারিদ্র্যের কারণে নিরুপায় হয়ে মা-বাবা মেয়েদের ঢাকায় পাঠান গৃহকর্মীর কাজ করতে। ভাবেন, অন্তত মেয়েটি না খেয়ে মরবে না। কিন্তু এই গৃহকর্মীদের একটা বড় অংশ নির্মম নির্যাতনের শিকার হয়। নির্যাতনে অনেক মারা যায়। কিন্তু বিচার হয় না। অর্থ ও প্রভাবপ্রতিপত্তির দাপটে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর সন্তানহারা মা-বাবা সন্তান হারানোর হাহাকার নিয়ে গ্রামে ফিরে যান।
২০১৫ সালের মে মাসে রাজধানীর কুড়িল এলাকায় ধর্ষণের শিকার হন এক গারো মেয়ে। তিনি যমুনা ফিউচার পার্কের একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। বড় বোনের সঙ্গে উত্তরায় থাকতেন খালার বাসায়। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায়। খবর শুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হক থানায় গিয়ে প্রতিকার চেয়েছিলেন। সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তি দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ছয় বছরেও পুলিশ সেই মামলার অভিযোগপত্র দাখিল করেনি। আসামিরা কয়েক বছর হাজত খেটে জামিনে বেরিয়ে এসেছে।
ওই গারো মেয়ের মতো আরও অনেক ভুক্তভোগী বিচার পাননি। বিচারহীনতার কারণেই একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে। প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছিল, ধর্ষণসহ যত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তার মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে আসামি শাস্তি পায়। বাকি ৯৭ শতাংশ থেকে যায় শাস্তির বাইরে। এই যদি হয় চিত্র, তাহলে কীভাবে বলা যায়, ঢাকা শহর নারীর জন্য নিরাপদ।
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি