‘প্রধান ফটক খোলা ছিল, কক্ষের সামনে প্রহরী ছিল না’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ১৯৮১ সালের ৬ জুন একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তিন সদস্যের সেই ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশন’ তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছে প্রতিবেদন দাখিল করলেও এত দিন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) তদন্ত কমিশনের দেওয়া সেই প্রতিবেদন উদ্ধার করেছে। সেই প্রতিবেদন ধরে দুই পর্বে লিখেছেন প্রদীপ সরকার। আজ প্রকাশিত হলো প্রথম পর্ব

জিয়াউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা প্রথম আলোকে বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে চট্টগ্রাম থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশনের দেওয়া একটি প্রতিবেদন সম্প্রতি উদ্ধার করা হয়েছে। কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল কি না, থাকলে কারা সেই ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের উদ্দেশ্য কী ছিল এবং কারা সহযোগিতা করেছিলেন—এসব বিষয় অনুসন্ধান করা।

কিন্তু কমিশন গঠনের পরপরই ১৯৮১ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের কার্যপরিধি থেকে ষড়যন্ত্র অনুসন্ধানের পুরো অংশটি বাদ দেওয়া হয়েছিল। ফলে হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের শনাক্ত করার পূর্ণাঙ্গ অনুসন্ধান কমিশনের আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে আর থাকেনি। তানভীর হাসান জোহা বলেন, এ ঘটনার একজন সাক্ষী (মোজাফফর হোসেন) এখনো জীবিত আছেন। আইন অনুযায়ী, বেসামরিক আদালতে এখনো জিয়াউর রহমানকে হত্যার মামলাটি চালু করা সম্ভব। এটা করা গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী কারা, হত্যার উদ্দেশ্য কী ছিল ইত্যাদি অমীমাংসিত বিষয়ের মীমাংসা হতে পারে।

আরও পড়ুন

‘জিয়াউর রহমানের নিরাপত্তা পর্যাপ্ত ছিল না’

জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁর হত্যায় গঠিত তদন্ত কমিশন একই বছরের ২৫ জুন সাক্ষ্য গ্রহণ শুরু করে। সে বছরের সেপ্টেম্বরে প্রতিবেদন তৈরি করে। তদন্ত কমিশন কী পেয়েছে, তা তাদের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৮১ সালের ২৯ মে রাজশাহী সফরের কথা ছিল। কিন্তু ২৫ মে তিনি তাঁর সামরিক সচিবকে রাজশাহীর কর্মসূচি বাতিল করে চট্টগ্রাম সফরের আয়োজন করতে বলেন। সে অনুযায়ী ২৯ মে তিনি চট্টগ্রামে যান।

তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির চট্টগ্রাম সফরের কর্মসূচি তাঁর সামরিক সচিব তৈরি করেছিলেন। ২৬ মে সেই কর্মসূচি পুলিশের বিশেষ শাখা (এসবি) পায়। এরপর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোনে নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এসবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিশনকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জানিয়েছিলেন, রাষ্ট্রপতির নিরাপত্তার প্রধান দায়িত্ব তাঁর ওপরই ছিল। তবে বাস্তবে নিরাপত্তার আয়োজন করেছিলেন পুলিশের নগর বিশেষ শাখার (এসবি) উপপুলিশ কমিশনার আলী মোহাম্মদ ইকবাল। পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, ওই আয়োজন বিধি অনুসারে করা হয়েছিল এবং তিনি তা অনুমোদন করেছিলেন।

আরও পড়ুন

কিন্তু পুলিশের জমা দেওয়া নিরাপত্তাসংক্রান্ত দুটি নথি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে তদন্ত কমিশন। চট্টগ্রাম নগর বিশেষ শাখার ২৮ মে তারিখের ২৫৪৪ ও ২৫৪৫ নম্বর স্মারক দুটি উপপুলিশ কমিশনার ২৭ মে স্বাক্ষর করেছিলেন বলে দাবি করা হয়। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে হত্যাকাণ্ডের পর শুধু দাপ্তরিক নথি হিসেবে সংরক্ষণের জন্য এগুলো তৈরি করা হয়েছিল। কারণ, রাষ্ট্রপতির চন্দনপুরা মসজিদে জুমার নামাজ পড়ার বিষয়টি আগে থেকে তাঁর সফরসূচিতে ছিল না, তা তাৎক্ষণিকভাবে নির্ধারিত হয়েছিল। ফলে ২৭ মে ওই কর্মসূচির জন্য নিরাপত্তাব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না। নথি তৈরির ক্ষেত্রে এই অসাধুতার বিষয়টি পুলিশের মহাপরিদর্শক খতিয়ে দেখতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমিশন চট্টগ্রাম সার্কিট হাউসের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখতে পায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা মোটামুটি বিধি অনুসারে হলেও রাষ্ট্রপতিকে কাছ থেকে সুরক্ষা দেওয়ার (ক্লোজ প্রটেকশন) নীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পুলিশের বিশেষ শাখার জমা দেওয়া নিরাপত্তাসংক্রান্ত স্মারকগুলোয়ও রাষ্ট্রপতির অবস্থানস্থলকে বিচ্ছিন্ন নিরাপত্তাবেষ্টনীতে রাখার (আইসোলেশন কর্ডন) কোনো উল্লেখ পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালনে দ্বৈত কর্তৃত্বের সমস্যাও চিহ্নিত করে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব একই উদ্দেশ্যে পৃথকভাবে দায়িত্ব পালন করছিলেন। অথচ পুলিশ ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) মধ্যে সমন্বয়ের কোনো ব্যবস্থা ছিল না, যা অত্যন্ত অসন্তোষজনক।

নিরাপত্তাব্যবস্থার সামগ্রিক মূল্যায়নে কমিশন বলেছে, রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য নেওয়া ব্যবস্থা পুরোপুরি পর্যাপ্ত ছিল না। তা নিরাপত্তাবিধি ও পরিস্থিতির প্রয়োজনের সঙ্গেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে বিধির ১০১ (এ) ও (সি) ধারায় নির্ধারিত ‘ক্লোজ প্রটেকশন’ বা নিবিড় নিরাপত্তার নীতি পুলিশের ব্যবস্থাপনায় যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এটি ছিল বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া ঘটনার সময় সার্কিট হাউসে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরদারিতে গুরুতর শিথিলতা ছিল বলে কমিশন উল্লেখ করেছে।

‘প্রধান ফটক খোলা ছিল, কক্ষের সামনে প্রহরী ছিল না’

তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় চট্টগ্রাম সার্কিট হাউসে পুলিশের পাশাপাশি প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) সশস্ত্র সদস্যরা দায়িত্বে ছিলেন। তদন্ত কমিশনের প্রতিবেদনের ৭৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সার্কিট হাউসে হাউস গার্ডদের মধ্যে ছিলেন ২৬ জন কনস্টেবল, ৬ জন হাবিলদার, একজন সুবেদার ও দুজন বিউগলার। এর বাইরে ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের নেতৃত্বে পিজিআরের ১৪ সদস্যের একটি দল রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত ছিল।

মৌখিক সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে কমিশন দেখতে পায়, দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলদের কাছে সাধারণত পয়েন্ট ৩০৩ রাইফেল এবং হেড কনস্টেবলদের কাছে সাবমেশিনগান বা রিভলবার ছিল। বাইরের নিরাপত্তাবেষ্টনীতে দায়িত্ব পালনকারী প্রহরীদের জন্য কয়েকটি এসএলআরও সরবরাহ করা হয়েছিল। সার্কিট হাউসে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পর্যাপ্ত গোলাবারুদ দেওয়া হয়েছিল বলেও কমিশন উল্লেখ করেছে। অন্যদিকে রাষ্ট্রপতির সামরিক সচিব কমিশনকে জানান, ওই সময় প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) দলটি লাইট মেশিনগান ও সাবমেশিনগানে সজ্জিত ছিল। তাদের কাছেও পর্যাপ্ত গোলাবারুদ ছিল।

সার্কিট হাউসের প্রধান লোহার ফটক রাতে খোলা রাখাকে গুরুতর ভুল হিসেবে চিহ্নিত করে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ফটক বন্ধ থাকলে হামলাকারীদের গাড়িগুলো এত সহজে ভেতরে ঢুকতে পারত না। এতে অন্তত কিছুটা সময় পাওয়া যেত এবং সেই সুযোগে নিরাপত্তাকর্মীদের পক্ষে ভবনের ভেতরে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়া সম্ভব হতে পারত।

হামলার আগে মধ্যরাতের পর অন্তত একটি ব্যক্তিগত গাড়ি কোনো তল্লাশি ছাড়াই সার্কিট হাউসের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে। ওই রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছিল। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, মধ্যরাতের পর পুলিশ সদস্য ও প্রহরীদের কয়েকজন বৃষ্টি থেকে বাঁচতে এবং বিশ্রামের জন্য সার্কিট হাউসের নিচতলার বারান্দা, সম্মেলনকক্ষ ও লাউঞ্জে একত্র হয়েছিলেন। কমিশন মনে করেছে, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সতর্কতায় গুরুতর শিথিলতা ছিল। ফলে আকস্মিক হামলার সময় তাঁরা প্রায় অপ্রস্তুত অবস্থায় পড়ে যান।

হামলাকারীরা প্রধান ফটক দিয়ে প্রবেশের পর কার্যত কোনো বাধা ছাড়াই মূল সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যান। কমিশনের অনুসন্ধানে আরও দেখা যায়, হামলাকারীরা দোতলায় পৌঁছানোর সময় রাষ্ট্রপতির কক্ষের সামনে বা আশপাশে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না। এমনকি দোতলায় বা সিঁড়িতেও পুলিশের কোনো প্রহরী মোতায়েন ছিলেন না।

রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব মাহফুজুর রহমানের আরও কিছু আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তদন্ত কমিশন। কমিশনের অনুসন্ধানে উঠে আসে, হত্যাকাণ্ডের দিন সকালে তিনি সার্কিট হাউসের কোন কক্ষে কে অবস্থান করছেন, তাঁর টাইপ করা তালিকা সংগ্রহ করেছিলেন। আগের সফরগুলোয় রাষ্ট্রপতি সার্কিট হাউসে অবস্থানকালে মাহফুজুর রহমান কখনো এ ধরনের তালিকা চাননি বলে কমিশনকে জানানো হয়।

তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সবাই যে প্রতিরোধের চেষ্টা করেননি, তা নয়। কমিশন পুলিশ কনস্টেবল দুলাল মিয়ার বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে। তিনি নিচতলার বারান্দায় নির্ধারিত অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একইভাবে রাষ্ট্রপতির নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান, পিজিআরের ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নায়েক রফিকউদ্দিনের সাহসিকতার প্রশংসা করেছে কমিশন। মইনুল আহসান ও আশরাফুল হাফিজ খান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নায়েক রফিকউদ্দিন ঊরুতে গুলিবিদ্ধ হন।

কমিশনের মূল্যায়নে, কয়েকজন প্রশিক্ষিত ও দৃঢ়প্রতিজ্ঞ নিরাপত্তাকর্মী সিঁড়ির সুবিধাজনক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীদের দোতলায় পৌঁছানো ঠেকানো সম্ভব হতে পারত। কমিশন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালনে পুলিশ, পিজিআর এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন মাত্রার ব্যর্থতা চিহ্নিত করেছে।

রাষ্ট্রপতির কক্ষের সামনে থেকে প্রহরী সরানোর নির্দেশ

তদন্ত কমিশনের প্রতিবেদনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কক্ষের সামনে থেকে দুই পুলিশ প্রহরী সরিয়ে নেওয়ার ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের কাছে দেওয়া পুলিশ পরিদর্শক বজলুর রশিদের সাক্ষ্য অনুযায়ী, ১৯৮১ সালের ২৯ মে রাত ১০টায় রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান তাঁকে রাষ্ট্রপতির কক্ষের সামনে থেকে দুই প্রহরী সরিয়ে নিতে বলেন। কারণ হিসেবে বলা হয়েছিল, প্রহরীরা রাষ্ট্রপতির অসুবিধার কারণ হতে পারেন।

বজলুর রশিদের পর রাত দুইটায় দায়িত্ব নেওয়া আবদুস সোবহানও রাষ্ট্রপতির কক্ষের সামনে কোনো প্রহরী মোতায়েন করেননি। তিনি কমিশনকে জানান, বজলুর রশিদ তাঁকে বলেছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান দোতলায় কোনো প্রহরী রাখতে নিষেধ করেছেন। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, হামলাকারীরা দোতলায় পৌঁছানোর সময় রাষ্ট্রপতির কক্ষের সামনে কিংবা আশপাশে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না। কমিশন মনে করেছে, রাষ্ট্রপতির কক্ষের সামনে প্রহরী মোতায়েন না করার কোনো যুক্তিসংগত কারণ পুলিশের ছিল না।

রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব মাহফুজুর রহমানের আরও কিছু আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তদন্ত কমিশন। কমিশনের অনুসন্ধানে উঠে আসে, হত্যাকাণ্ডের দিন সকালে তিনি সার্কিট হাউসের কোন কক্ষে কে অবস্থান করছেন, তাঁর টাইপ করা তালিকা সংগ্রহ করেছিলেন। আগের সফরগুলোয় রাষ্ট্রপতি সার্কিট হাউসে অবস্থানকালে মাহফুজুর রহমান কখনো এ ধরনের তালিকা চাননি বলে কমিশনকে জানানো হয়।

হামলার সময় মাহফুজুর রহমানের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান ও ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের মতো মাহফুজুর রহমানও নিজের কক্ষের দরজা খুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। হামলাকারীদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু অন্য দুই কর্মকর্তা নিহত হলেও মাহফুজুর রহমান অক্ষত থাকেন। বিষয়টিকে রহস্যজনক বলে উল্লেখ করেছে কমিশন।

মাহফুজুর রহমানের কক্ষের দেয়ালে পাওয়া গুলির চিহ্নও পরীক্ষা করে কমিশন। পুলিশের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কমিশন বলেছে, কক্ষের দরজার বাইরে থেকে ছোড়া গুলিতে ওই চিহ্নগুলো তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। চিহ্নগুলোর অবস্থান ও ধরন বিবেচনায় পরে কৃত্রিমভাবে সেগুলো তৈরি করা হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়নি।

রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এসব পর্যবেক্ষণ দিতে গিয়ে কমিশন বলেছে, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া নয়। তবে তদন্তে এমন কিছু তথ্য পাওয়া গেছে, যা রাষ্ট্রপতির নিরাপত্তাব্যবস্থায় ভেতর থেকে অন্তর্ঘাতের আশঙ্কা তৈরি করেছে। কমিশন তার মূল্যায়নে আরও বলেছে, সার্কিট হাউসে অবস্থানকালে রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তাদের এক বা একাধিক ব্যক্তির কারণে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল বলে বিশ্বাস করার কারণ রয়েছে।

  • প্রদীপ সরকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক

  • মতামত লেখকের নিজস্ব