যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ান কেন গুরুত্বপূর্ণ

তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌযানফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতা এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এই প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করবে কে এবং নতুন এই ডিজিটাল যুগের মূল্যবোধ ও মানদণ্ড ঠিক করার দায়িত্বে গণতন্ত্র থাকবে, নাকি একনায়কতন্ত্র? সর্বাধুনিক ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি, উদ্ভাবনী শক্তিমত্তা এবং গবেষণা ও উন্নয়নে বিশাল বিনিয়োগের ওপর ভর করে বর্তমানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তবে এআইয়ের লড়াইটি কেবল মডেল তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; শক্তি উৎপাদন, সার্ভার অবকাঠামো থেকে শুরু করে বাস্তব জীবনে এ প্রযুক্তির প্রয়োগ—সব মিলিয়ে এটি একটি বিশাল প্রযুক্তি-বাস্তুতন্ত্র (টেকনোলজি ইকোসিস্টেম)।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এআই–শিল্পকে একটি পাঁচ স্তরের কেকের সঙ্গে তুলনা করেছেন, যার গোড়ায় রয়েছে বিদ্যুৎশক্তি, আর এর ওপরে ধাপে ধাপে সাজানো চিপস, অবকাঠামো, মডেল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন। চীনের সঙ্গে এআই–দৌড়ে জয়ী হতে হলে যুক্তরাষ্ট্রকে এই কেকের প্রতিটি স্তরেই নিজের অবস্থান মজবুত রাখতে হবে বা নতুন সুবিধা অর্জন করতে হবে। আর তার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন তাইওয়ানকে।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে উন্নত মানের সেমিকন্ডাক্টরের ৯০ শতাংশেরই উৎপাদক তাইওয়ান, যা মার্কিন এআই–শিল্পের জন্য অত্যন্ত জরুরি। শুধু তা-ই নয়, বিশ্ব এআই অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত সার্ভারগুলোরও প্রায় ৯০ শতাংশ অ্যাসেম্বল বা সংযোজন করে তাইওয়ানিজ প্রতিষ্ঠানগুলো। একদিকে যুক্তরাষ্ট্রের নকশা (ডিজাইন) তৈরির দক্ষতা, আর অন্যদিকে তাইওয়ানের উৎপাদনক্ষমতা—এই দুয়ের পরিপূরক মেলবন্ধনে গড়ে উঠেছে এআই ক্ষেত্রে এক শক্তিশালী দ্বিপক্ষীয় অংশীদারিত্ব, যা মার্কিন প্রযুক্তি নেতৃত্বকে টিকিয়ে রেখেছে।

এআইয়ের নিরাপদ সরবরাহশৃঙ্খল নিশ্চিত করার মাধ্যমে এ দুটি দেশ এমন একটি ভরসাস্থল তৈরি করেছে, যা চীনের ওপর প্রযুক্তিগত নির্ভরতা কমাতে চাওয়া বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দারুণ এক বিকল্প।

যুক্তরাষ্ট্রের কিছু নীতিনির্ধারক অবশ্য ইউএস সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং খাত সংকুচিত হওয়ার জন্য তাইওয়ানকেই দায়ী করে থাকেন। এ কথা সত্য যে বিংশ শতাব্দীর মধ্যভাগের তুলনায় আজ যুক্তরাষ্ট্রে বৈশ্বিক চিপ উৎপাদনের হার অনেকটাই কমে গেছে। কিন্তু এই ক্ষোভের গল্পটি আসল সত্যকে আড়াল করে দেয়।

তাইওয়ান মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পকে দুর্বল করেনি, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উন্নত উৎপাদন এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় নিজস্ব অবস্থান পোক্ত করে তাইওয়ান প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নে মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছে। এআই প্রতিযোগিতার বাজি যত বড় হচ্ছে, তাইপে ও ওয়াশিংটনের (সেই সঙ্গে পুরো গণতান্ত্রিক বিশ্বের) পারস্পরিক সহযোগিতা ততটাই জরুরি হয়ে উঠছে।

শপথ অনুষ্ঠানে তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের (বামে) সঙ্গে নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে (ডানে)
ছবি: এএফপি

ফাউন্ড্রি গড়ে তোলার দিনগুলো

এআইপ্রযুক্তির মূল চালিকা শক্তি হলো সর্বাধুনিক সেমিকন্ডাক্টর চিপ। ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত চিপের নকশা থেকে শুরু করে উৎপাদন—পুরো শিল্পের একচ্ছত্র অধিপতি ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কালক্রমে চিপ তৈরির প্রক্রিয়া জটিল ও অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠলে এই খাতে বিশেষায়িত কাজের বিভাজন ঘটে। সিলিকন ভ্যালি চিপ ডিজাইনে তাদের আধিপত্য ধরে রাখলেও ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের কাজটি পূর্ব এশিয়ায় স্থানান্তর করা শুরু করে। আজ ওয়াশিংটন যখন দেশে আবার উৎপাদন শুরু করতে চাইছে, তখন এই উত্তরণের পেছনের ইতিহাস বোঝা অত্যন্ত জরুরি।

প্রকৃতপক্ষে তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের জন্মই হয়েছিল যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার সহযোগিতার ভিত্তিতে। ১৯৭০-এর দশকে বিশ্বায়ন এবং মুক্তবাণিজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে মার্কিন কোম্পানিগুলো তাদের চিপ উৎপাদন বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করে। তাইওয়ানের সরকার তখন গ্লোবাল ভ্যালু চেইনে নিজেদের অবস্থান উঁচুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

সেই লক্ষ্যে তারা ‘ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে, যার কাজ ছিল নতুন প্রযুক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা এবং বিভিন্ন খাতে গবেষণা ও উন্নয়ন পরিচালনা করা। দেশটি যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তির লাইসেন্স কেনে এবং উত্তর-পশ্চিম তাইওয়ানে ‘সিনচু সায়েন্স পার্ক’ গড়ে তোলে। এর সঙ্গে দক্ষ প্রকৌশলী তৈরির জন্য শিক্ষা ও প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ করে তাইওয়ান।

আরও পড়ুন

সেমিকন্ডাক্টর শিল্প ডালপালা মেললে টিএসএমসির মতো বড় তাইওয়ানিজ ফার্মগুলো কার্যক্রম বাড়ায় এবং অসংখ্য ছোট-বড় প্রতিষ্ঠান সাপ্লাই চেইনে যুক্ত হয়। এর ফলে একটি ইতিবাচক চক্র তৈরি হয়, যা উদ্যোক্তাদের উৎসাহিত করে, মানদণ্ড সুদৃঢ় করে এবং আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত করে।

এর মধ্য দিয়ে জন্ম নেয় এমন এক শিল্প-বাস্তুতন্ত্র, যা ছিল ভীষণ বিশেষায়িত এবং পারস্পরিক নির্ভরশীল। একে হুবহু অনুকরণ করা প্রায় অসম্ভব। এই বাস্তুতন্ত্র যুক্তরাষ্ট্রকে তার সবচেয়ে বড় শক্তির জায়গা, অর্থাৎ জটিল সব চিপ ডিজাইনে মনোযোগ দিতে মুক্ত করে দেয়। উৎপাদনে তাইওয়ানের বিশাল বিনিয়োগ শুধু মার্কিন প্রযুক্তির খরচই কমায়নি; বরং সিলিকন ভ্যালি যা-ই কল্পনা করেছে, তাইওয়ান তা বাস্তবে তৈরি করার সক্ষমতা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার পেছনে তাইওয়ানের অবদান অনস্বীকার্য। তাইওয়ানের এই সাফল্য কখনো যুক্তরাষ্ট্রের বিনিময়ে অর্জিত হয়নি; বরং এটি গড়ে উঠেছে বহু দশকের পারস্পরিক মেলবন্ধন, কাজের সঠিক বণ্টন এবং ওয়াশিংটন ও তাইপের পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে। আজও যুক্তরাষ্ট্র সেমিকন্ডাক্টর উদ্ভাবন, চিপ ডিজাইন ও গবেষণায় বিশ্বের এক নম্বর, অন্যদিকে উন্নত প্রস্তুতকরণ, চিপ প্যাকেজিং এবং সাপ্লাই চেইন পরিচালনায় তাইওয়ান সবার শীর্ষে।

আরও পড়ুন

তা সত্ত্বেও ঘরোয়া চিপ উৎপাদন বৃদ্ধিতে ওয়াশিংটনের তাগিদ তাইওয়ান বোঝে এবং সেই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অ্যারিজোনায় সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে ২৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে তাইওয়ানিজ প্রতিষ্ঠান টিএসএমসি। শুধু তা-ই নয়, ২০টিরও বেশি তাইওয়ানিজ কোম্পানি মার্কিন সেমিকন্ডাক্টর খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।

তাইওয়ানের বিচারে এই বিনিয়োগগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিদ্যমান সাপ্লাই চেইন অংশীদারিত্বকে আরও জোরদার করবে। যুক্তরাষ্ট্রের নিজস্ব সেমিকন্ডাক্টর খাত যত বাড়বে, এই অংশীদারিত্ব তত বেশি গুরুত্বপূর্ণ হবে—কারণ, এ শিল্পকে টেকসই করতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে তাইওয়ানের বহু দশকের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও প্রকৌশলীদের দক্ষতা।

মার্কিন চিপ কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং
ফাইল ছবি: রয়টার্স

হার্ডওয়্যারের পরাশক্তি

চিপের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র-তাইওয়ান অংশীদারত্ব আজ অনেক দূর বিস্তৃত। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্ল্যাটফর্ম এবং ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান; আর তাইওয়ান হলো সেই এআই সার্ভার তৈরির বিশ্বনেতা, যার ওপর ভর করে মার্কিন প্ল্যাটফর্মগুলো পরিচালিত হয়।

বিশ্ব এআই সার্ভার বাজারের প্রায় ৪০ শতাংশের নিয়ন্ত্রক ফক্সকন এবং ক্লাউড সেবাদাতাদের জন্য হাই ডেনসিটি এআই সার্ভার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুয়ান্তা কম্পিউটারের মতো তাইওয়ানিজ কোম্পানিগুলো আজ অ্যালফাবেট, অ্যামাজন ও মেটার মতো মার্কিন টেক-দানবদের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পরিকাঠামো তৈরি করছে।

এআইয়ের ভিত্তিগত প্রযুক্তির প্রশ্নে তাইওয়ান কখনোই আমেরিকার প্রতিপক্ষ নয়, বরং সবচেয়ে বিশ্বাসযোগ্য অংশীদার। এআই কেকের প্রতিটি স্তরেই তাইওয়ান ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং সামনে এটিকে আরও প্রসারিত করার সুযোগ রয়েছে। ওয়াশিংটন যদি এআইয়ের মাঠে কার্যকরভাবে লড়াই করতে চায়, তবে তাইওয়ান তাদের জন্য একেবারে অপরিহার্য।

যুক্তরাষ্ট্র চাইলে তাদের এআই-সম্পর্কিত উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে, কিন্তু তাইওয়ানের বর্তমান শিল্পের পরিকাঠামো, বিশাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক, প্রকৌশলগত দক্ষতা এবং উৎপাদন সক্ষমতার সমপর্যায়ে পৌঁছাতে তাদের বহু বছর লেগে যাবে। মার্কিন ডিজাইনের এআই চিপ ও প্ল্যাটফর্মগুলোকে দ্রুত ও বৃহৎ স্কেলে কাজে লাগাতে তাইওয়ানের মাধ্যমে অবকাঠামো তৈরি করা অনেক সহজ ও সাশ্রয়ী। যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ উৎপাদনক্ষমতা ব্যাপক হারে বাড়ায়ও, তবু এআইয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যে পরিমাণ পরিকাঠামো প্রয়োজন, তার সামান্য অংশই তারা উৎপাদন করতে পারবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতার পরবর্তী ধাপটি হবে বাস্তব জগতে এই প্রযুক্তির কার্যকর প্রয়োগ। এআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রেও তাইওয়ানের দক্ষতা যুক্তরাষ্ট্রের পরিপূরক হিসেবে কাজ করে। মার্কিন এআই মডেলগুলোকে বাস্তবে রূপ দিতে যে শক্ত অবকাঠামোগত ব্যবস্থা দরকার, তা তৈরির জন্য প্রয়োজন সেমিকন্ডাক্টর, টেলিকম সরঞ্জাম এবং প্রিসিশন মেশিনারি (সূক্ষ্ম যন্ত্রপাতি)—যেগুলোর প্রতিটি খাতেই তাইওয়ান অনন্য। এআই প্রযুক্তি যখন কেবল ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে এসে কলকারখানা, রোবট ও যানবাহনের অন্যতম অপরিহার্য উপাদান হয়ে উঠবে, তখন তাইওয়ানের উন্নত হার্ডওয়্যার উৎপাদন খাত যুক্তরাষ্ট্রের কাছে আরও বেশি মূল্যবান হয়ে উঠবে।

তাইওয়ান উপকূলে চীনের মহড়া।
ছবি: এএফপি

একই দলের পক্ষে

এআই রেস যত তীব্র হচ্ছে, এটি কেবল প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং এটি এখন মূল্যবোধ, তথ্য ব্যবস্থাপনা (ডেটা ম্যানেজমেন্ট) এবং আস্থার লড়াইয়ে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক মিত্রদের যদি প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে হয়, তবে তাদের নিজস্ব নীতি ও আদর্শের ভিত্তিতে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য এআই বাস্তুতন্ত্র তৈরিতে একসঙ্গে কাজ করতে হবে।

এখানে সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) যৌথ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এআই বাস্তুতন্ত্রের প্রতিটি স্তরে একা কোনো একটি দেশের পক্ষে আধিপত্য বিস্তার করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যদি উদ্ভাবন এবং মূল প্ল্যাটফর্মে সেরা হয়, তবে জাপান সেরা রিফাইনিং, রিসাইক্লিং, গভীর সমুদ্রের সম্পদ গবেষণা এবং নিখুঁত সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম তৈরিতে। অন্যদিকে উন্নত চিপ তৈরির জন্য প্রয়োজনীয় ‘লিথোগ্রাফি মেসিন’ সরবরাহে নেদারল্যান্ডস অনন্য, আর চিপের ওয়েফার ফেব্রিকেশন ও প্যাকেজিংয়ে তাইওয়ান একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কেবল যৌথ সমন্বয়ের মাধ্যমেই এই দেশগুলো চীনের ওপর নির্ভরতা কমিয়ে একটি সাশ্রয়ী ও নিরাপদ এআই সাপ্লাই চেইন গড়ে তুলতে পারে।

সাম্প্রতিক সময়ের বৈশ্বিক বিপর্যয়গুলো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সাপ্লাই চেইন সহযোগিতার প্রয়োজনীয়তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যেমন কোভিড-১৯ মহামারি বৈশ্বিক সাপ্লাই চেইনের দুর্বলতা প্রকাশ করে দিয়েছিল; পরবর্তী সময়ে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি সেই শিক্ষাকেই নতুন করে মনে করিয়ে দেয়। এ প্রেক্ষাপটে ২০২৫ সালে তাইওয়ান এমন এক যৌথ সরবরাহ শৃঙ্খলের প্রস্তাব করে, যেন আন্তর্জাতিক কোনো বিপর্যয়েও প্রযুক্তিব্যবস্থা থমকে না যায়।

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ইতিমধ্যেই প্রযুক্তিগত সহযোগিতায় বেশ কিছুদূর এগিয়েছে। ২০২০ সালের নভেম্বরে চালু হওয়া ‘ইউএস-তাইওয়ান ইকোনমিক প্রসপারিটি পার্টনারশিপ ডায়লগ’-এর মাধ্যমে দুই দেশ এআই সাপ্লাই চেইন নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো, কৌশলগত খনিজ সম্পদ, ড্রোন সাপ্লাই চেইন এবং উচ্চ প্রযুক্তিগত মানবসম্পদ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা সম্পন্ন করেছে।

তা ছাড়া এআইয়ের নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতেও তাইওয়ান প্রস্তুত। প্রযুক্তি নিরাপদ হবে কি না, তা কেবল এআই মডেলের ওপর নির্ভর করে না, যে হার্ডওয়্যারের ওপর ভিত্তি করে মডেলটি চলছে তার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার ওপরও নির্ভর করে—আর এখানেই তাইওয়ান তার মেধা ও দক্ষতা প্রমাণ করতে পারে।

এআইয়ের ভিত্তিগত প্রযুক্তির প্রশ্নে তাইওয়ান কখনোই আমেরিকার প্রতিপক্ষ নয়, বরং সবচেয়ে বিশ্বাসযোগ্য অংশীদার। এআই কেকের প্রতিটি স্তরেই তাইওয়ান ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং সামনে এটিকে আরও প্রসারিত করার সুযোগ রয়েছে। ওয়াশিংটন যদি এআইয়ের মাঠে কার্যকরভাবে লড়াই করতে চায়, তবে তাইওয়ান তাদের জন্য একেবারে অপরিহার্য।

  • লিন জিয়া-লুং তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। ফরেন অ্যাফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।