জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারের মধ্যাহ্নভোজ কী বার্তা দেয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত নেতার প্রতিষ্ঠানের আঙিনায় গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক ও তাঁর সঙ্গে থাকা সংসদ সদস্যরা
ছবি: সংগৃহীত

সভাসমাবেশ কিংবা সেমিনার-টকশোতে আওয়ামী লীগ নেতারা সুযোগ পেলেই বিএনপিকে এই বলে আক্রমণ করেন যে, তারাই স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে। তাঁদের এই দাবি অমূলক নয়। আওয়ামী লীগও রাজনৈতিক স্বার্থে তাদের সঙ্গে নিয়ে চলার দৃষ্টান্ত আছে।

আওয়ামী লীগের সমালোচনার ভয়ে বিএনপি গত বছরের ২০ দলীয় জোট ভেঙে দেয়। জামায়াতে ইসলামী দলটি এখন জোটহীন। তারা ১০ বছর প্রকাশ্যে কোনো সভা করতে পারেনি। ২০১৩ সালে যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার বিচারের আগে জামায়াত শেষ সমাবেশ করেছিল মতিঝিলে শাপলা চত্বরে। এরপর গত জুনে সমাবেশ করার অনুমতি পায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। যদিও তাদের সমাবেশ বিস্তৃত হয় মৎস্য ভবন পর্যন্ত। পুলিশ বাধা দেয়নি। আগামী ১ আগস্ট তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে আবার সমাবেশের অনুমতি চেয়েছে। সরকার কী করবে, জানি না।

১০ বছর পর জামায়াতকে সভাসমাবেশ করার অনুমতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন আছে।

অনেকে মনে করেন, নতুন মার্কিন ভিসা নীতির কারণে সরকার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-পর্যবেক্ষক দল ঢাকায় এসে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও বৈঠক করেছে।

কিন্তু মার্কিন ভিসা নীতিই কি জামায়াতের সমাবেশ করার অনুমতি পাওয়ার একমাত্র কারণ? একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, জামায়াতকে সমাবেশ করতে দেওয়া পেছনে সরকারের রাজনৈতিক হিসাব-নিকাশও আছে। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে। আওয়ামী লীগ বলেছে, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন। বিএনপি বলেছে, শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন নয়। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।

বিএনপি যদি আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কীভাবে ভোট হবে? নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য করতে ১৪দলের বাইরেও দুই চারটি দলের অংশগ্রহণ অপরিহার্য। মহাজোটের শরিক জাতীয় পার্টি দোনোমোনো অবস্থায় আছে।

প্রশ্ন হলো, বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে জামায়াত নির্বাচন করবে কি না। অতীতে করেছে। এরশাদের আমলে ১৯৮৬ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। কিন্তু আওয়ামী লীগ-জামায়াতসহ অনেক দল অংশ নেয়। ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়ে খালেদা জিয়া সরকার গঠন করে বলে আওয়ামী লীগ বিএনপির কঠোর সমালোচনা করে। কিন্তু ১৯৯৪-৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়, তার অন্যতম সহযাত্রী ছিল জামায়াত।

পরবর্তীকালে দলটি বিএনপির সঙ্গে জোট করে ক্ষমতার অংশীদার হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেয়। ফলে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে স্থায়ী বিচ্ছেদ ঘটে। কিন্তু রাজনীতিতে শেষ কথা নেই—এ কথাটি আমাদের রাজনীতিতে বহুবার বহুভাবে প্রমাণিত হয়েছে। এখন যেসব দল আওয়ামী লীগের জোটসঙ্গী, তাদের কেউ কেউ আওয়ামী লীগেরই বিরুদ্ধে আন্দোলন করেছে। আবার এখন বিএনপির সঙ্গে যেসব দল আন্দোলন করছে, তাদের কোনো কোনো নেতা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

এই প্রেক্ষাপটে বিচার করলে গত বুধবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভা জামায়াতের আমিরের বাড়িতে সদলবলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের আতিথ্য গ্রহণ নিছক কাকালীয় ঘটনা নয়। এর রাজনৈতিক তাৎপর্য আছে।

এত সংসদ সদস্য নিয়ে জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারের মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘সরকারদলীয় এমপিদের আর খাওয়ার জায়গা ছিল না! জামায়াত নেতার বাড়িতে খেতে হলো! বিষয়টি লজ্জাজনক।’

প্রথম আলোর খবরে বলা হয়, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক বুধবার ঈশ্বরদীতে জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের ১১ সংসদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী পৌরসভা জামায়াতের আমির গোলাম আজমের বাড়িতে ২৬ জুলাই এ মধ্যাহ্নভোজের আয়োজন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শামসুল হকের নেতৃত্বে সংসদ সদস্যরা ঈশ্বরদী পৌরসভা জামায়াতের আমির ও আরআরপি ফিড মিলের মালিক গোলাম আজমের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম করেন। পরে তাঁরা আরআরপি ফিড মিলের আঙিনায় একটি চারা রোপণ করেন। এরপর পাবনা জেলা শহরের সার্কিট হাউসে মহিলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে রওনা হন তাঁরা।

গোলাম আজমের দলীয় পরিচয় নিশ্চিত করেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি, সেখানে রাষ্ট্রের এমপি-মন্ত্রী পর্যায়ের লোকজন আসতেই পারেন। এতে দোষের কিছু আছে বলে মনে করি না।’

জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ডেপুটি স্পিকার আমন্ত্রিত ছিলেন বলে আমিও গিয়েছিলাম। তবে এটি রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা বিব্রতকর।’

এ বিষয়ে আরআরপি গ্রুপের পরিচালক ও গোলাম আজমের ভাতিজা রফিকুল আলম বলেন, ‘ডেপুটি স্পিকার শামসুল হক আমার মামা। আমাদের আমন্ত্রণে তিনিসহ এমপি মহোদয়রা আমাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে এসেছিলেন। তাঁরা দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নিয়ে চলে গেছেন।’

এদিকে এত সংসদ সদস্য নিয়ে জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকারের মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘সরকারদলীয় এমপিদের আর খাওয়ার জায়গা ছিল না! জামায়াত নেতার বাড়িতে খেতে হলো! বিষয়টি লজ্জাজনক।’

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বলেন, ‘সংসদ সদস্যদের সফর ও খাবারের বিষয়টি জাতীয় সংসদের ব্যবস্থাপনায় হয়েছে। তাঁদের আমন্ত্রণেই আমি রূপপুর প্রকল্প পরিদর্শনে গিয়েছিলাম। আরআরপি গ্রুপের নিমন্ত্রণ পেলেও আমি সেখানে যাইনি। জরুরি কাজে ঢাকায় চলে আসছি।’

আরও পড়ুন

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি স্পিকার শামসুল হক বুধবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে যান। তিনি প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ পরিদর্শন করেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট রুশ প্রকৌশলীদের পক্ষ থেকে প্রকল্পের অগ্রগতিবিষয়ক একটি প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন।

ডেপুটি স্পিকার শামসুল হকের নেতৃত্বে প্রকল্প পরিদর্শনে যোগ দেন সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন, রত্না আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম ও ডরথী রহমান।

জুলাই মাসে অন্যান্য সংসদ সদস্য কোথায় কোথায় গাছ লাগিয়েছেন, সে খবর আমরা জানি না। কিন্তু ডেপুটি স্পিকার শামসুল হক ও তাঁর সঙ্গে থাকা সংসদ সদস্যরা জামায়াত নেতার প্রতিষ্ঠানের আঙিনায় গাছের চারা রোপণ করে সত্যিকার অর্থেই সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনকে এগিয়ে দিলেন।

এই ঘটনায় পাবনার আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ বিব্রত হয়েছেন। কেউ কেউ এটা নিছক সামাজিক অনুষ্ঠান বলে হালকা করার চেষ্টা করেছেন। আমরাও মনে করি সামাজিক অনুষ্ঠানাদিতে এক দলের নেতার সঙ্গে অন্য দলের নেতার দেখা হওয়া স্বাভাবিক। ভিন্ন দলের নেতার ছেলে-মেয়ের সঙ্গে বিয়েসাদীর ঘটনাও অহরহ ঘটছে। কিন্তু এই নেতারাই আবার কর্মীদের উসকে দেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে।

আওয়ামী লীগের নেতা-নেত্রীরা এমন ভাব করেন যে, তাঁরা জামায়াতের ছায়া দেখলেও আঁৎকে ওঠেন। কিন্তু দেশবাসী জানেন গত ১০ বছরে জামায়াত নেতারা প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও তাদের ব্যবসা বাণিজ্য ঠিকই চলেছে। আর সে জন্য কোনো কোনো নেতাকে নিয়মিত ‘মাসোহারা’ দিতে হয়েছে, সেটাও রাজনৈতিক মহলে আলোচিত বিষয়।

জামায়াত নেতারা প্রকাশ্যে রাজনীতি করতে পারুন বা না পারুন ব্যবসা বণিজ্যও তো চলতে দিতে হবে। ঈশ্বরদীর জামায়াত নেতা যদি শিল্পপতি না হতেন, ডেপুটি স্পিকারসহ আওয়ামী লীগের এতজন মাননীয় সংসদ সদস্যকে কি রাজসিক আপ্যায়ন করতে পারতেন?

  • সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি। ই-মেইল: [email protected]