শূন্য পদে নিয়োগ দিয়ে জনবলসংকট কাটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে হাসপাতালটিকে ৫০০ থেকে ১ হাজার শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামো ও জনবল রয়ে গেছে আগের মতোই। উল্টো আগের ধারণক্ষমতা অনুযায়ী যে জনবল প্রয়োজন ছিল, সেখানেও রয়েছে চরম অপ্রতুলতা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই করুণ চিত্র যেন দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি।

প্রয়োজনীয় অবকাঠামো ও জনবলসংকটের কারণে হাসপাতালটির যে নাজুক অবস্থা প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, তা কোনোভাবেই কাম্য নয়। জানা যাচ্ছে, ২০২৩ সালে হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হলেও গত তিন বছরে বাড়েনি একটি শয্যাও, নিয়োগ দেওয়া হয়নি নতুন জনবল। ফলে ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ জন রোগী ভর্তি থাকছে। শয্যা না পেয়ে শত শত রোগীকে ওয়ার্ডের মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

শয্যাসংখ্যা হাজারে উন্নীত করা হলেও পুরোনো কাঠামো অনুযায়ী অনুমোদিত পদেরও বিশাল অংশ শূন্য। ৫১ জন চিকিৎসকের পদ খালি থাকা, ওয়ার্ড বয়সহ অন্যান্য কর্মচারীর সংকট যে কতটা অমানবিক, তা সহজেই অনুমেয়। যেখানে প্রতিটি ওয়ার্ডের জন্যই ১০ থেকে ১২ জন ওয়ার্ড বয় প্রয়োজন, সেখানে ৩২টি ওয়ার্ডের বিপরীতে রয়েছেন মাত্র ৩১ জন। ওয়ার্ড বয়ের অভাবে রোগীর স্বজনদেরই ট্রলি ঠেলতে হচ্ছে।

দীর্ঘ এক দশকেও ক্যানসার ইউনিট চালু করতে না পারাটা হাসপাতালের অব্যবস্থাপনার আরেকটি বড় দৃষ্টান্ত। প্রায় ১৪ কোটি টাকা দামের মূল্যবান ‘লিনিয়ার একসিলারেটর’ যন্ত্রটি বছরের পর বছর বাক্সবন্দী হয়ে নষ্ট হচ্ছে। এ ছাড়া ভবনের নির্মাণত্রুটির কারণে মূল পার্কিং জোন ব্যবহার করা যাচ্ছে না; উল্টো হাসপাতাল চত্বরই অঘোষিত পার্কিং জোনে পরিণত হয়েছে। প্রতিবেদনে উঠে আসা প্রতিটি চিত্রই প্রশাসনিক অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার চূড়ান্ত নজির।

একটি অঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাপ্রতিষ্ঠানের এমন করুণ দশা স্বাস্থ্য খাত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও উদাসীনতাকেই স্পষ্ট করে। দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে নিয়মিত আমরা সংবাদ প্রকাশ করছি। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সরকারি চিকিৎসাকেন্দ্রের এই করুণ দশার কারণে নাগরিকেরা সেখানে যথাযথ চিকিৎসা না পেয়ে বাধ্য হচ্ছেন অতিরিক্ত টাকা ব্যয়ে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকতে।

আমরা মনে করি, শুধু কাগজে-কলমে শয্যাসংখ্যা বাড়ানোর অনুমোদন দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এর সঙ্গে আনুপাতিক হারে অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসক, নার্স ও কর্মচারী নিয়োগ নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এটাই আমাদের প্রত্যাশা। দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ, নতুন ভবন নির্মাণের প্রস্তাব বাস্তবায়ন এবং ক্যানসার ইউনিটটি সচল করার কার্যকর উদ্যোগ নেওয়া হোক।