চারু ও কারুকলার শিক্ষক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী কেবল বরিশাল বিভাগেই এক হাজার ৫৯০টি মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নেই। সারা দেশে এই সংখ্যা কয়েক গুণ বেশি হবে। অর্থাৎ এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক ছাড়াই বিষয়টি অধ্যয়ন করতে এবং পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। ফলে চলতি বছরে যেসব শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, তাদের বৃহত্তর অংশ যে মহা সমস্যায় পড়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সরকারের কেন এই অবিচার?
মাধ্যমিক পর্যায়ে আগে চারু ও কারুকলা ঐচ্ছিক বিষয় থাকলেও হালে বাধ্যতামূলক করা হয়েছে। ৫০ নম্বরের এ বিষয়ের অর্ধেক নম্বরই অঙ্কনের। ফলে চারু ও কারুকলার বিষয়ে পাঠ নেননি, এমন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের শিক্ষাদান করা সম্ভব নয়। একদিকে সরকার মাধ্যমিক পর্যায়ে চারু ও কারুকলাকে বাধ্যতামূলক করেছে, অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান জনবলকাঠামো অনুযায়ী চারু ও কারুকলা বিষয় অন্তর্ভুক্ত করেনি। ফলে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। এটি দুঃখজনক।
বরিশালে ১৫৯০ বিদ্যালয়ে চারু-কারুর শিক্ষক নেই মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা আবশ্যিক করার বিষয়টি প্রশংসনীয়। শিক্ষার্থীরা শিক্ষাজীবনের দ্বিতীয় ধাপে সুকুমার বৃত্তির সবগুলো বিভাগে অধ্যয়নের সুযোগ পাক, সেটা সবারই চাওয়া। কিন্তু সে জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইপুস্তকের পাশাপাশি পাঠদানের শিক্ষকও থাকতে হবে। শিক্ষক নিয়োগ না দিলে তারা কীভাবে শিখবে, পরীক্ষা দেবে? উদ্বেগের বিষয় হলো, যেসব বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক আছেন এবং যেসব বিদ্যালয়ে নেই, তাদের মধ্যে ফলাফলে বিরাট তারতম্য ঘটাও অস্বাভাবিক নয়। এ ক্ষেত্রেও যদি শিক্ষা মন্ত্রণালয় উদারভাবে উত্তরপত্র দেখার অলিখিত নিয়ম জারি করে, তা কেবল ওই শিক্ষার্থীদের প্রতিই অবিচার হবে না, শিক্ষাকেও প্রহসনে পরিণত করা হবে।
অবিলম্বে সব মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নিয়োগ করা হোক।