এটা দুঃখজনক যে সরকার নারীর ক্ষমতায়নকে স্লোগান হিসেবে ব্যবহার করলেও কর্মজীবী নারী এবং ছাত্রীদের নিবাস-সংকটের সমাধানে উপযুক্ত কর্মপরিকল্পনা গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
২০০৯ সালে দেশের সাতটি কর্মজীবী নারী হোস্টেলে এক হাজার ৩৬৪ জনের ঠাঁই ছিল। গত পাঁচ বছরে ওই সংখ্যা বেড়ে ৪৪-এ উন্নীত হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ২৪ সেপ্টেম্বর মহিলা পরিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, ঢাকাসহ সারা দেশে বেসরকারি উদ্যোগে কর্মজীবী নারী ও ছাত্রীনিবাসের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চললেও এর ওপর তাঁদের কোনো নজরদারি নেই। নীলক্ষেতে ভবিষ্যতে নতুন ১০ তলা ভবন গড়ে সেখানে ২৪৫ জন কর্মজীবী নারীকে আশ্রয় দেওয়া, খিলগাঁও ও মিরপুরের হোস্টেলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মতো কতিপয় পরিকল্পনা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রতিবেশী ভারত চার দশক আগেই মহিলা হোস্টেল নির্মাণে বেসরকারি খাতকে আর্থিক সহায়তা দিয়েছিল।
বখাটেদের হামলার ঘটনায় পুলিশের তদন্ত শুরু অগ্রাধিকার ভিত্তিতে ছাত্রীনিবাস-সংকট নিরসনে শিক্ষা, সমাজকল্যাণ এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। অপরিকল্পিতভাবে ছড়িয়ে পড়া ছাত্রীনিবাসগুলোর নিরাপত্তার প্রশ্ন ক্রমেই প্রকট হচ্ছে। গত জানুয়ারিতে ফার্মগেটের একটি ছাত্রীনিবাসে গণছিনতাই হয়, ২০১৩ সালের ৩ জুলাই মধ্যরাতে শেরেবাংলা নগরে নিবেদিতা ছাত্রী হোস্টেলে মালিকপক্ষের গুন্ডারা হামলা চালায় এবং গত সোমবার মোহাম্মদপুরের মোহনা ভিআইপি ছাত্রী হোস্টেলে বখাটেরা হামলা চালায়। মোহনার ঘটনায় ছাত্রী হোস্টেলের তত্ত্বাবধায়ক যে মেয়েদের ‘শার্ট-প্যান্ট পরা’কে দায়ী করেছেন, তা যেমন নিন্দনীয়, তেমনি বখাটেদের উসকানির শামিল। তত্ত্বাবধায়ক হলেই তিনি হোস্টেলের মেয়েদের যা খুশি বলার অধিকার রাখেন না।
এসব ছাত্রী ও কর্মজীবী নারী হোস্টেলের মেয়েদের নিরাপত্তা দেওয়া এবং বখাটে মাস্তানদের শায়েস্তা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই। সরকারি প্রতিষ্ঠান নয়—এই অজুহাতে সরকার ছাত্রী ও কর্মজীবী নারী হোস্টেলের নিরাপত্তার দায় এড়াতে পারে না।