জননিরাপত্তায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বিভাগের সংস্কার কিংবা তার ওপর দলীয় আছর মুক্তকরণে সরকারের কোনো চেষ্টা বা আগ্রহ আছে বলে প্রতীয়মান হয় না। এ কারণে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বিপদে পুলিশকে আর বন্ধুর ভূমিকায় দেখা যায় না। পুলিশের একটি বড় অংশ সাংসদ এবং ক্ষমতাসীন দলের বিতর্কিত নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত থাকছে।
২৩ সেপ্টেম্বর ঢাকায় এক মতবিনিময়ে জাতিসংঘের সভা-সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক একজন বিশেষ প্রতিনিধির মন্তব্যে পুলিশের দলীয় ভাবমূর্তি পরিষ্কার ফুটে উঠেছে। তাঁর কথায়, ‘পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া। তাদের নিয়োগদাতা জনগণ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে আমরা এর উল্টোটা দেখছি।’ এখানেই পুলিশের পেশাদারত্ব গুরুতরভাবে ক্ষুণ্ন হচ্ছে।
পুলিশের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া ওই সভায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রশ্ন রেখেছিলেন, সরকার-সমর্থকদের কতগুলো সভা পুলিশ পণ্ড করেছে—উত্তর এসেছে, এ রকম উদাহরণ তাদের জানা নেই। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিরোধী দলের কতগুলো সভা পুলিশ ভেঙে দিয়েছে—উত্তর এসেছে, শত শত। সরকার পুলিশকে দলীয় কাজে ব্যবহারের ঘটনা কীভাবে অস্বীকার করবে?
আরও উদ্বেগের বিষয় হলো পুলিশের ওপর হামলার ঘটনাও বেড়েছে। অথচ হামলাকারীদের বিচার হচ্ছে না। এ কারণে পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে কী, তার নিজের নিরাপত্তা নিয়েও বেশ উদ্বিগ্ন। এ থেকে প্রমাণ মেলে যে পুলিশের প্রতি জনগণের যে আস্থা থাকার কথা, যা আইনশৃঙ্খলা রক্ষার সবচেয়ে বড় রক্ষাকবচ, তাতে বিরাট ধস নেমেছে। আর সেটা পুনরুদ্ধার করতে হলে পুলিশকে দলীয় কাজে ব্যবহারের অপসংস্কৃতি বন্ধ রাখতে হবে। আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।