নাগরিক বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্যের মাত্রা দিন দিন বেড়ে চলেছে—এ কথা পরিসংখ্যান ছাড়াই বলা যায়। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে ন্যূনতম সম্প্রীতি প্রয়োজন, এই বৈষম্যের কারণে তা অর্জিত হতে পারে না। ফলে একধরনের চাপা অস্থিরতা সব সময়ই ক্রিয়াশীল থাকে এবং কখনো কখনো তা সহিংস রূপে প্রকাশিত হয়। গণতন্ত্র, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার পথে বৈষম্য যে একটি বড় বাধা, এই উপলব্ধির ঘাটতি এ সমাজে প্রকট।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহায়তায় প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘সমতাভিত্তিক নগর ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শহরাঞ্চলের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যকার বৈষম্যের দিকগুলোতে আলোকপাত করা হয়েছে। আমাদের নগরগুলো অত্যন্ত জনবহুল হওয়ায় সামগ্রিক নগর ব্যবস্থাপনা বেশ জটিল। নগরের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পয়োনিষ্কাশন, পরিবহনব্যবস্থা, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্য ব্যাপক বৈষম্যের কথা তুলে ধরে গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন। একদিকে নগর ও গ্রামের মধ্যে বৈষম্য, অন্যদিকে নগরের ভেতরেই বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্য। এ ছাড়া আছে অঞ্চলভিত্তিক বৈষম্য। অর্থাৎ বৈষম্য এ দেশে বহুমাত্রিক, যা অগ্রসর জাতি হিসেবে আমাদের বেড়ে ওঠার পথে বিরাট অন্তরায়।
বৈষম্য নিরসনে এগিয়েছে নারী, রাজনীতি ছাড়াবৈঠকের আলোচকেরা যথার্থই বলেছেন যে নগরে বসবাসরত সব শ্রেণির মানুষের জন্য ভূমি, আবাসন, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে সুযোগ-সুবিধার সমতা আনতে হবে। কিন্তু এ কাজটি মোটেই সহজ নয়। প্রথমত, এসব ক্ষেত্রে জাতীয় নীতি-পরিকল্পনায় সমতার প্রসঙ্গটি যথেষ্ট গুরুত্ব পায় না; দ্বিতীয়ত, সব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হয় না। আলোচকেরা যথার্থই বলেছেন যে যোগ্য রাজনৈতিক নেতৃত্ব এবং এসব ক্ষেত্রে তাঁদের অঙ্গীকার ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয়। কিন্তু যোগ্য রাজনৈতিক নেতৃত্ব কীভাবে পাওয়া যাবে, সেটি একটি বড় প্রশ্ন। এ অবস্থায় নাগরিক পর্যায়ে সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধির বিকল্প নেই।