বন্যায় বিপর্যস্ত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার তাৎক্ষণিক বিপন্নতা যতটা নজরে পড়ে, দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতি ততটা নয়। বন্যা যখন চলছে তখন খাবার, ওষুধপথ্য ও জরুরি ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের কাছে ছুটে যাওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু বন্যাদুর্গত মানুষ, বিশেষত কৃষকেরা যে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হন, তা কাটিয়ে উঠতে তাঁদের সহযোগিতা করাও কম গুরুত্বপূর্ণ নয়।
উত্তরবঙ্গের লালমনিরহাট-নীলফামারী থেকে শুরু করে জামালপুর-মানিকগঞ্জ পর্যন্ত বিশাল অঞ্চলজুড়ে কৃষকেরা বন্যায় কী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার কিছু বিবরণ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে। এই কৃষকেরা তাঁদের আর্থিক সামর্থ্যের সবটুকু দিয়ে, এমনকি ধারদেনা করে ফসল ফলান। ফসল উঠলে তা বিক্রি করে ধারদেনা শোধ করার পর যা অবশিষ্ট থাকে, তাই দিয়ে তাঁদের খাওয়া-পরা, ছেলেমেয়েদের লেখাপড়া চলে। ওই ফসল বিক্রির টাকা দিয়ে তাঁদের পরবর্তী মৌসুমের ফসল ফলানোর জন্য বীজ, সার, কীটনাশক কিনতে হয়, মেটাতে হয় পানি ও খেতমজুরদের খরচ। এখন এই বন্যায় এই যে লাখ লাখ কৃষকের প্রায় সব ফসল তলিয়ে গেল, এই ক্ষতি তাঁরা কাটিয়ে উঠবেন কীভাবে? কেমন করেই বা তাঁরা পরের মৌসুমে ফসল ফলাবেন?
সুনামগঞ্জে বন্যায় ৮৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত বগুড়ার এক ক্ষতিগ্রস্ত কৃষকের ভাষ্য থেকে বন্যাকবলিত সব অঞ্চলের কৃষকদের দুর্দশার চিত্র ফুটে ওঠে: ঘরে ভাত নেই, হাতে পুঁজি নেই। আর ফসল আবাদ করা সম্ভব নয়। সামনে রবি মৌসুমের ফসল ফলানোর জন্য তাঁদের পুঁজি প্রয়োজন। কৃষকদের এই দুরবস্থা কেবল তাঁদের জন্যই কষ্টকর নয়, এটা জাতীয় অর্থনীতির জন্যও একটা বড় সমস্যা। তাই সরকারের উচিত এই কৃষকদের মধ্যে যাঁদের ঋণ রয়েছে, তাঁদের ব্যাপারে কিছু ছাড়ের ব্যবস্থা করা। অন্ততপক্ষে এই সময়ে তাঁদের ঋণ আদায় বন্ধ রাখা উচিত। আরও প্রয়োজন তাঁদের জন্য বীজ, সার, কীটনাশকসহ সব কৃষি উপকরণ সহজলভ্য করা ও নতুন করে পুঁজির ব্যবস্থা করা।