বহির্নোঙরের অচলাবস্থার অবসান আপাতত স্বস্তি বয়ে এনেছে। প্রমাণিত হয়েছে, নৌপরিবহনমন্ত্রী চট্টগ্রামে গিয়ে কেবল তাঁর আশীর্বাদপুষ্টদের সঙ্গে বসে সমস্যা সমাধান করে ফেলবেন বলে যে ধারণা নিয়ে রাজধানীতে ফিরে এেসছিলেন, সেটা ছিল তাঁর ভুল ধারণা। শনিবার ধর্মঘট শুরুর দিনেই তিনি তঁাদের কাছে ছুটে যেতে পারতেন। কিন্তু তিনি তা করতে অপারগ ছিলেন, অার সে জন্য ধর্মঘট দীর্ঘায়িত হলো। তবে ধর্মঘটীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ধর্মঘটের নিরসনই সরকারের একমাত্র কর্তব্য হওয়া উচিত নয়। কারণ, নৌপথে শ্রমিক ও পণ্য চলাচলে নিরাপত্তাহীনতার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দর–কষাকষির বিষয় হতে পারে না। গতকাল শ্রমিকনেতাদের সঙ্গে মন্ত্রীর যে সমেঝাতা হয়েছে, তার মূলে রয়েছে নৌপথ সন্ত্রাসমুক্ত করার আশ্বাস। এটা যেন অতীতের মতো মিছে আশ্বাসে পরিণত না হয়।
চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় ১২ লাখ টন পণ্য গত বছর মজুরি বৃদ্ধির সঙ্গে নিরাপত্তাহীনতার দাবিতেও শ্রমিকেরা ১৬ দিন ধর্মঘট করেছিলেন। নৌরুটের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি ও ডাকাতির মতো নৌসন্ত্রাস চলছেই। কর্ণফুলী থেকে বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি জাহাজের মাস্টার, চালকসহ সাতজন নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এবারের ধর্মঘট ডাকা হয়। ইতিমধ্যে একজনের মৃতদেহ মিলেছে। অবিলম্বে ঘাতক চক্রকে গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বহির্নোঙরে পণ্য খালাস ও তার স্বাভাবিক গতিশীলতার সঙ্গে দেশের কলকারখানায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন এবং বাজারদরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আর নিরাপদ নদীপথ নিশ্চিত করা এবং সন্ত্রাস প্রতিহত করার দায়িত্ব পালন করতেই কোস্টগার্ড ও নৌ-পুলিশ গঠন করা হয়েছিল।
কিন্তু এসব বাহিনী যে নৌপথকে নিরাপদ করতে পারেনি, সম্প্রতি সাতজনের নিখোঁজ হওয়াই তার প্রমাণ। স্বয়ং নৌপরিবহনমন্ত্রী বলেছেন, কোস্টগার্ড ও নৌ–পুলিশের জনবল অপ্রতুল। পাঁচ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পরও এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয়। তাঁর এ মন্তব্য আসলে এই সত্যের স্বীকারোক্তি যে, সরকার নৌপথের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিরাপদ নৌপথ গড়তে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিতে হবে। বহির্নোঙরে অচলাবস্থা পুনরাবৃত্তি রোধের এটাই উপায়।