বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবারের পর শুক্র-শনি দুই ছুটির দিন বাদে রোববার আবারও হরতাল পালন করল জামায়াতে ইসলামী। সে হরতাল শেষ হতে না হতেই আজ সোমবার হরতালের ডাক দিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। উপর্যুপরি হরতালে দেশের ক্ষতি ও জনগণের দুর্ভোগের প্রতি রাজনৈতিক দলগুলোর এ রকম অসংবেদনশীলতা সত্যিই দুঃখজনক।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হয়, তারা পারতপক্ষে হরতাল ডাকতে চায় না, কিন্তু সরকার তাদের হরতাল ডাকতে বাধ্য করে। কিন্তু এমন কথা সব সময় ঠিক নয়; কথায় কথায় হরতাল ডাকার ঝোঁক সব দলের মধ্যেই দেখা গেছে। তবে বর্তমানে বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের আচরণ লক্ষণীয়। সরকার বিরোধী দলের সঙ্গে যে মাত্রায় অগণতান্ত্রিক ও দমনমূলক আচরণ করছে, তা থেকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের সংবিধানপ্রদত্ত অধিকার উপেক্ষা করে বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাধা দেওয়া হচ্ছে। কোনো ইস্যুতেই তাদের রাজপথে নামতে দেওয়া হচ্ছে না। এমনকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনের ভেতরেও বিএনপির অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। শান্তি, স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা ইত্যাদির কথা বলে তাদের বাধা দেওয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক হয়রানিমূলক মামলা রয়েছে। হরতালের আগের দিন থেকেও সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী হুমকির সুরে বললেন, হরতালের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ থেকে আঁচ করা যায়, সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যকার বৈরিতা কী চরম মাত্রায় পৌঁছেছে।
আজ জামায়াতের, কাল বিএনপি জোটের হরতাল এমন রাজনৈতিক পরিবেশ জাতির জন্য ক্ষতিকর। এভাবে বেশি দিন চলা উচিত নয়। সরকারের উচিত সব রাজনৈতিক দলের সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিরোধী দলগুলোর দায়িত্ব আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করা। হরতাল জবরদস্তিমূলক, সবার জন্য ক্ষতিকর, এমন চরম কর্মসূচি পরিহার করাই শ্রেয়।