৪৩ বছর পর! ৪৩ বছর পর স্বীকৃতি পেলেন একাত্তরের বীরাঙ্গনারা। সরকারিভাবে বাংলাদেশ রাষ্ট্র এখন থেকে একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় সহযোগীদের হাতে নির্যাতিত নারীদের মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি দেবে। ছোট্ট একটি সিদ্ধান্ত, কিন্তু দীর্ঘদিনের অবহেলার দায় কিছুটা হলেও এতে শোধ হলো।
গত সোমবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় একাত্তরের নির্যাতিত নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় চার দশক বয়সী একটি জাতীয় দাবি পূরণের পদক্ষেপ নেওয়া হলো। সরকার ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এ জন্য অভিনন্দন।
যাঁদের দুঃখের প্রদীপ কখনো হয়নি নির্বাপণ, তাঁরাই মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা। যাঁদের যাতনার কোনো প্রতিকার সম্ভব না, তাঁরাই একাত্তরে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী নারী। অথচ দেশ স্বাধীন হলেও তাঁদের অধিকাংশই আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। পাকিস্তানি সেনা ও তাদের দেশীয় দোসররা তাঁদের ওপর বীভৎস নির্যাতন করে গিয়েছিল, স্বাধীন দেশেও সমাজ ও রাষ্ট্রের অবজ্ঞায় তাঁদের অন্তরের হুতাশন প্রজ্বলিতই ছিল। মুখে প্রশংসা করা হলেও সমাজে তাঁদের সম্মান ও অধিকার নিশ্চিত করার টেকসই উদ্যোগ কখনোই নেওয়া হয়নি। বীরাঙ্গনা উপাধিই ছিল তাদের একমাত্র পাওয়া; কিন্তু মুক্তিযোদ্ধার সমমর্যাদা তাঁরা পাননি।
মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছেন বীরাঙ্গনারা একাত্তরের নির্যাতিত নারীদের সংখ্যা আড়াই থেকে সাড়ে চার লাখ। এই বিপুলসংখ্যক নারী মাতৃভূমির স্বাধীনতা অর্জনের পথে বিসর্জিত ও বিপদগ্রস্ত হয়েছেন। কেবল নারী বলেই তাঁদের সইতে হয়েছে দখলদারদের ধর্ষণ-নির্যাতন। আবার স্বাধীন দেশে পরিবার ও প্রিয়জনের কাছে তাঁদের অনেকেই হয়েছেন পরিত্যক্ত। নির্যাতনের শিকার হয়ে যারা বেঁচে ছিলেন তাঁদের অনেকেই হারিয়ে গেছেন, আত্মহত্যা করেছেন, তলিয়ে গেছেন অপমান আর উদাসীনতার অন্ধকারে। তাঁদের ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। তাহলেও ঋণ স্বীকারের যথাযথ পদক্ষেপের প্রয়োজন ছিল। মুক্তিযোদ্ধার স্বীকৃতি সেই প্রয়োজনের প্রথম ধাপ। ইতিহাসে, রাজনীতিতে এবং সমাজে তাঁদের গরীয়সী প্রতিষ্ঠার জন্য আমাদের আরও অনেক কিছুই করা প্রয়োজন।