ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকায় কিছু অংশে খানাখন্দের যে ছবি গতকালের প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে, তা দেখে প্রশ্ন জাগে, দেশের সড়ক-মহাসড়কগুলোর নিয়মিত দেখভাল করার দায়িত্বে কি কেউ নেই?
এই প্রশ্ন শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্ষেত্রে নয়, দেশের বিভিন্ন অঞ্চলের অনেক সড়ক-মহাসড়কের দুর্দশার ক্ষেত্রে প্রযোজ্য। সড়ক-মহাসড়কের দুরবস্থা গুরুতর হয়ে ওঠার পরে যখন ইট-বালু ফেলে তড়িঘড়ি মেরামতের উদ্যোগ নেওয়া হয়, তখনো কাজের গুণগত মান নিশ্চিত করা হয় না। ফলে কিছুদিনের মধ্যেই রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয় এবং যান চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। এভাবে একদিকে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে জনভোগান্তি বাড়ছে।
ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের মাসকান্দা পর্যন্ত মহাসড়কের মাত্র ১১২ কিলোমিটার পথ বাসযোগে পাড়ি দিতে ব্যয় হয় ৮ থেকে ১০ ঘণ্টা। এই একুশ শতকে জনপরিবহনে এত সময়ক্ষেপণের এমন দৃষ্টান্ত থেকে কর্তৃপক্ষের হুঁশ হওয়া উচিত যে এর মানে শুধুই জনগণের ভোগান্তি নয়, বিপুল পরিমাণ কর্মঘণ্টারও অপচয়, যার ক্ষতিকর প্রভাব চূড়ান্তভাবে পড়ছে জাতীয় অর্থনীতিতেই।
ভোগান্তির শঙ্কা থেকেই যাচ্ছে সামনে ঈদুল আজহা, বিপুলসংখ্যক মানুষ সড়কপথে গ্রামের বাড়ি যাবে। মহাসড়কগুলোতে যান চলাচল বেড়ে যাবে কয়েক গুণ। ভাঙাচোরা ও খানাখন্দময় মহাসড়কগুলো যে বিরাট জনদুর্ভোগের কারণ হবে, দুর্ঘটনার সংখ্যাও যে অনেক বেড়ে যেতে পারে—এসব কথা বলাই বাহুল্য। প্রতিবছরই ঈদের আগে কোনো না কোনো রাস্তাঘাটের দুর্দশা নিয়ে হইচই হয়; তাৎক্ষণিকভাবে কিছু মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয় না। সড়কের পিচ উঠে যাওয়া, খানাখন্দের সৃষ্টি হওয়া এবং সেগুলো ক্রমান্বয়ে বড় ও গভীর হওয়ার ঘটনা তো স্বল্প সময়ে ঘটে না। প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ; পিচ ওঠা ও খানাখন্দ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তা মেরামত করা। আরও গুরুত্বপূর্ণ হলো নির্মাণ ও মেরামতকাজের গুণগত মান নিশ্চিত করা।