দুই দিনে ঢাকা ও যশোরে তিনটি ‘বন্দুকযুদ্ধ’ ও তিন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বরাবরের মতো এই বন্দুকযুদ্ধগুলো নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটানোর দীর্ঘদিনের অভিযোগ এই ঘটনায় আরও জোরালো হলো। একই সঙ্গে তা দেশের আইনের শাসনের দুর্দশার চিত্র আরও প্রকট করে তুলল।
রাজধানীর মুগদা এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মেজবাহ উদ্দিন তারেকের পরিবারের দাবি, বাসা থেকে ধরে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। ডিবি পুলিশ বলছে, তিনি অস্ত্র ব্যবসায়ী। কিন্তু এই ‘অস্ত্র ব্যবসায়ী’ নিহত হওয়ার যে বয়ান ডিবি পুলিশ দিয়েছে, তা একই পুরোনো গল্প। তারেক যদি সত্যিই একজন অস্ত্র ব্যবসায়ী হয়ে থাকেন, তবে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার বা তাঁর সহযোগীদের ধরার ক্ষেত্রে ডিবি পুলিশ কেন এমন সতর্কতা নিল না, যাতে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা না ঘটতে পারে? যশোরের মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় নিহত ওসমান দফাদার পুলিশের দাবি অনুযায়ী ডাকাতি ও চুরির মামলার আসামি। এ ক্ষেত্রেও পরিবারের দাবি, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। ওসমান নিহত হয়েছেন একই ধরনের বন্দুকযুদ্ধের ঘটনায়, ‘অস্ত্র উদ্ধার অভিযানের’ সময়।
ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত মগবাজারের তিন খুনের মামলার প্রধান আসামি ‘কালা বাবু’ আটক হবে—সেটাই ছিল প্রত্যাশিত। কিন্তু ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারও মৃত্যু হলো। এ ক্ষেত্রেও সেই একই কাহিনি। এই তিনটি ঘটনা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার চিত্র, সেটা সম্ভবত তারা বিবেচনায় নেয় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অপরাধীকে ধরে তথ্য–প্রমাণসহ আইনের কাছে সোপর্দ করা। এসব করতে গিয়ে যদি তারা অপরাধীকে মেরে ফেলে, তবে এটা তাদের ব্যর্থতা তুলে ধরছে।
আর কোনো অপরাধীকে ধরে এভাবে মেরে ফেলার কৌশল যদি সরকার নিয়ে থাকে, তবে এটা স্বীকার করে নেওয়া ভালো যে দেশে আইনের শাসন কার্যকর নেই। এ ধরনের ‘বন্দুকযুদ্ধ’ ও আইনের শাসন একসঙ্গে চলতে পারে না।