ঢাকা-দক্ষিণবঙ্গ রুটে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ হবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু হওয়ায় দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে নতুন ভোগান্তিতে পড়েছেন তাঁরা। পদ্মা সেতু চালু হওয়ার পর সেতুর টোল ও জ্বালানির তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে বাসমালিকেরা অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেন। ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার বাসের ভাড়া আগে ছিল ৩৫০ টাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে গোপালগঞ্জ মাত্র ১২০ কিলোমিটার পথে ভাড়া নির্ধারণ করা হয় ৫০০ টাকা। সে সময় যাত্রীরা ভোগান্তি দূর হওয়ার কথা চিন্তা করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি মেনে নেন।

কিন্তু এবারে ঈদের আগে-পরে যাত্রীদের কাছ থেকে টিকিটপ্রতি আরও অতিরিক্ত টাকা গুনতে হয়েছে। প্রতিটি টিকিট ৬৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ টিকিটপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা গুনতে হয়। টিকিট কাউন্টারে দায়িত্বরত লোকদের কাছে এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীরা জানতে চাইলে সদুত্তর পান না।

এ কারণে বাধ্য হয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অথচ তাঁদের ভোগান্তি যেন দেখার কেউ নেই। শুধু ঢাকা-গোপালগঞ্জ নয়, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সব রুটেই চলছে।

তাই বাস মালিক সমিতির কাছে দক্ষিণবঙ্গের মানুষের মনের দাবি প্রতি ঈদে যে অতিরিক্ত বাসের ভাড়া আদায় করা হয়, তা যেন বন্ধ করা হয়। এ ছাড়া প্রশাসনকেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়ে জোর দিতে হবে। প্রতিটি বাস কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তদারক করতে হবে। যদি কোনো পরিবহনসেবা পাওয়ার জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয়, তাহলে সে পরিবহনমালিকদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শেখ আবদুল্লাহ
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ