‘যদি আজ বিকেলের ডাকে তার কোন চিঠি পাই? যদি সে নিজেই এসে থাকে যদি তার এতকাল পরে মনে হয় দেরি হোক, যায়নি সময়?’- নরেশ গুহ
কবি নরেশ গুহ যতই বলুক দেরি হোক যায়নি সময় তবে বাস্তবতা হলো সময় চলে গেছে। আবেগে লেখা দু লাইন চিঠির দিন অনেক আগে ফুরিয়েছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি, চিঠির যুগ ফেলে ইলেকট্রনিক বার্তার যুগে। এখন আর দিনের পর দিন মাসের পর মাস প্রিয় মানুষের গন্ধ মাখা, গোটা গোটা অক্ষরে লেখা চিঠির জন্য কেউ অপেক্ষার প্রহর গুনে না, এখন সেকেন্ডের ব্যবধানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে টুংটাং আওয়াজ তুলে খুদে বার্তা পৌঁছে যায়। তবে সে বার্তায় আর চিঠির মতো ভুল বানানের কাটাকুটি শব্দের ওপর হাত বুলিয়ে চিঠিদাতাকে স্পর্শ করার অনুভূতি পাওয়া যায় না।
চিঠি শুধুই একটি যোগাযোগের মাধ্যম ছিল না, বরং এটি একটি শিল্প। সুন্দর হাতের লেখা, লেখনশৈলীতে পরিপূর্ণ একটি চিঠির গুরুত্ব হাজারটি ইলেকট্রনিক খুদে বার্তায় মিলবে না। কখনো কখনো চিঠির হাতের লেখার পরিবর্তনের দিকে ভালো করে লক্ষ্য করলে লেখকের আবেগের তারতম্য অনুধাবন করা যেতো। খুশির সংবাদের চিঠি গুলো লেখার সময় কোনো কোনো শব্দ কলমের ডগা থেকে সাদা কাগজে বেরিয়ে আসার সময় উত্তেজনায় লেখকের আঙুল কেঁপে উঠত, দুঃসংবাদের চিঠি গুলোতে খুঁজলে হয়তো দুই আধ ফোঁটা চোখের জলের দাগও পাওয়া যেতো।
মরিচায় ক্ষয়ে যাওয়া ডাকবাক্সে তামাটে রং ধরেছে, মরিচা ধরেছে আমাদের মনন এবং সৃষ্টিশীলতায়ও। একটা চিঠিতে আগে যতটা স্নেহ, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতো একটা খুদে বার্তায় কখনোই তা প্রকাশ পায় না। খুদে বার্তা আসলেই বড্ড খুদে, এতে যতটুকু জানতে চাওয়া হয় খুব কার্পণ্যের সাথে শুধু ততটুকুই জানানো হয়। অথচ দূর অতীতে একেকটি চিঠিতে ব্যক্তি জীবনের সঙ্গে এলাকার সার্বিক খবরাখবরও তুলে ধরা হতো, যেন হাতে লেখা ছোট্ট একখানা খবরের কাগজ পড়ছি।
কাগজে লেখা চিঠির আবেগের ভাষা হৃদয়ের গভীরে যে ক্ল্যাসিক্যাল সুর তোলে যন্ত্রের চিঠি কি তা কখনো পারবে?
যন্ত্রের চিঠি যে যত্নে তুলে রাখা যায় না, ইচ্ছে হলে কাপড়ের ভাঁজ থেকে বের করে গালের সাথে চেপে ধরা যায় না।
অথচ চিঠির যুগে অনেকের সংগ্রহ করা চিঠি পরবর্তীতে আমাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছে, চিঠিতে প্রেয়সীকে লেখা কবিতা বই আকারে প্রকাশিত হয়েছে।
রবীন্দ্রনাথের চিঠিতে মানুষের জীবন প্রকৃতি ও সমাজ উঠে এসেছে। বাট্রান্ড রাসেলের লেখা চিঠি নিয়ে প্রকাশিত ‘আনআর্নড ভিক্টরি’ এখন শান্তির পথ নির্দেশক হয়ে আছে।
ভারতে ইন্দিরা গান্ধীর কাছে বাবা জওহরলাল নেহরুর লেখা চিঠি নিয়ে প্রকাশিত দুটি গ্রন্থ আজও বিস্ময়ের জন্ম দেয়। অথচ এখনকার খুদে বার্তা আরও খুদে হতে হতে কালের গর্ভে হারিয়ে যায় সেই সাথে নিয়ে যায় আমাদের আবেগ।
চিঠির সাথে ফিকে হয়ে যাচ্ছে চিঠিতে ব্যবহার করা সম্বোধনের শব্দগুলো, এখন আর প্রিয়তমেষু, সুচরিতেষু, প্রাণেশ্বর, প্রীতিভাজনেষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রীচরণেষু শব্দের ব্যবহার চোখে পড়ে না।
নব্বই দশকের সময়টাতে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের দিনের শেষ কাজ ছিল কিছু জমানো চিঠির উত্তর লিখে ফেলা, আর দিনের প্রথম কাজ ডাকবাক্সে নতুন কোনো চিঠি জমা হয়েছে কিনা তার সন্ধান করা। আর তাদের বালিশের তলা খুঁজলে বাড়ি থেকে পাঠানো একাধিক চিঠি, কিছু খাম এবং অর্ধ লিখিত বা লেখা সম্পূর্ণ হয়েছে কাল সকালে পোস্ট করা হবে এমন চিঠির সন্ধান পাওয়া যেতো।
ডাকঘর আর ডাকবাক্সের এখন আর যৌবন নেই। ঢাকা শহরের কোনো কোনো স্থানের ডাকবাক্সের ঢালাইয়ের লোহার স্থানে স্থানে মরিচা ধরে ক্ষয়ে পড়েছে। আগের নতুন বউয়ের শাড়ির মতো টকটকে লাল রং এখন বিধবার থানের মতো হয়ে গেছে। ঢাকা তথা দেশের কোথায় এখন ডাকবাক্স তেমন আর চোখে পড়ে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো বেশ কিছু রংচটা ডাকবাক্সের অস্তিত্ব মেলে।
কলাভবনের প্রধান ফটকের বাম দিকে একটু তীক্ষ্ণ নজর দিলে একটি শীর্ণকায় ডাকবাক্স দেখতে পাওয়া যাবে এর একদিকে দেয়াল, একদিকে ম্যানহোল আর বাকি দুই দিক দখল করে আছে ময়লার স্তূপ।
মহসিন হলের গেটের সামনে লাল ডাকবাক্সটি তার বিবর্ণ মুখ নিয়ে এখনও কোনো রকম টিকে আছে। এফ আর রহমান হলের সামনের ফুটপাতে হকারদের দখলদারির ভিড়ে একটা লাল ডাকবাক্সকে এখনো কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কবিগুরু বলেছেন,‘বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ’। কবিগুরুর কথাকে সত্য প্রমাণ করে বিজ্ঞান দিন দিন উৎকর্ষিত হচ্ছে আর আবেগ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। চিঠির স্থান দখল করে নিয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। ডকুমেন্ট পাঠানো হচ্ছে ইমেইলে। ডিজিটাল এ যুগে ডাকঘরের আবেদন দিনদিন ফিকে হয়ে যাচ্ছে। হয়তো আগামীর শিশুদের সাথে ডাকবাক্সের দেখা হবে জাদুঘরে।
চিঠি যতই অতীত হোক আমরা কিন্তু আবার বিশেষ ক্ষেত্রে চিঠির ব্যবহার শুরু করতেই পারি। আধুনিক যুগে সময়ের গুরুত্বে হয়তো সব সময় সম্ভব নয় তবে বিশেষ বিশেষ সময়গুলোতে একটা এক পাতার চিঠি অনেক দামি উপহারকেও ছাপিয়ে যেতে পারে।
আসুন আমরা প্রিয় মানুষকে, বাবা-মা কে ডাকযোগে বছরে একটি করে চিঠি পাঠাই...
আফসানা সাথী
ঢাকা বিশ্ববিদ্যালয়
ই-মেইল: [email protected]