যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে যেন ঢাকা শহরে গা ঢাকা দিয়েছে বাসগুলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শহরের যাতায়াত ব্যবস্থায় গণপরিবহন অপরিহার্য। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরও দেশের গণপরিবহনের দিকে তাকালে মনে হবে, কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসে ঢাকা শহরে গা ঢাকা দিয়েছে বাসগুলো। বাসের রং চটে গিয়েছে, দুটি বাসের ঘর্ষণে মাঝখানে বেঁকে গেছে, জানালার সব কাচ নেই, ফ্যানের অবস্থা করুণ, বসার সিটের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এই হলো একটি দেশের রাজধানীর বাসের অবস্থা।

এবার আসা যাক এসব ভঙ্গুর গণপরিবহন রাস্তায় কতটা সুশৃঙ্খলভাবে চলে—

ঢাকার প্রায় সব বাস চুক্তিতে চলে। মানে হলো, মালিককে দিনে নির্দিষ্ট একটি টাকা দিতে হবে। ওই টাকার পরে যা থাকবে, তা চালক ও চালকের সহকারী পাবেন। স্বভাবতই চালক ও তাঁর সহকারী লোকসান করতে চাইবেন না। তাই লাভ করতে হলে প্রতিযোগিতায় নামতে হবে। এতেই সড়কে কোনো নিয়মশৃঙ্খলা থাকে না।

ওভারটেকিং, যেখানে ইচ্ছা যাত্রী ওঠানো–নামানো, বেশি ভাড়া আদায়, ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠানো ইত্যাদি যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতা করে বাস চালিয়ে দুর্ঘটনা ঘটছে বেশি। ২০১৮ সালের ২৯ জুলাই দুটি দ্রুতগতির বাসের রেষারেষিতে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় ঢাকাসহ দেশের সব শিক্ষার্থী সড়কে নেমে আসে এবং নিরাপদ সড়ক আন্দোলন হয়।

ঢাকায় এসব খ্যাপাটে বাসের লাগাম টেনে ধরার কোনো পদক্ষেপ যে নেওয়া হয়নি, তা নয়। ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক কিছু সুন্দর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সব বাস মালিক সংগঠনের সঙ্গে কয়েক দফা মিটিং করে বোঝাতে সম্মত হন যে নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে হবে। কাজটা মোটেও সহজ ছিল না।  তাঁর পরিকল্পনা ছিল, ঢাকায় থাকবে ছয়টি বাস কোম্পানি।

সবার সমানসংখ্যক বাস থাকবে এবং সবাই আয়ের সমান অংশীদার হবেন। এতে করে যাত্রী নিয়ে কাড়াকাড়িও থাকবে না, প্রতিযোগিতাও থাকবে না। কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর সেই পরিকল্পনা আর আলোর মুখ দেখেনি।

পৃথিবীর উন্নত এবং পার্শ্ববর্তী দেশে যেখানে প্রাইভেট বাস নেই বললেই চলে, সেখানে কোন অদৃশ্য কারণে আমাদের দেশে উল্লেখযোগ্য হারে পাবলিক বাস কমে যাচ্ছে। যাত্রীদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে, প্রতিদিন গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।

এসব বাস জনজীবনসহ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। অবিন্যস্ত বাস চলাচলে যানজট সৃষ্টির মাধ্যমে দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা নষ্টসহ লাখ লাখ লিটার জ্বালানি তেল নষ্ট হচ্ছে। অধিকাংশ বাস কালো ধোঁয়া নির্গমন করে। এ কালো ধোঁয়ায় থাকে বিষাক্ত সালফার ডাই–আক্সাইড, নাইট্রোজেন ড্রাই–আক্সাইড, সালফার। এসব উপাদান পরিবেশ দূষণ, মানুষের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহের ভেতরে ঢুকে ফুসফুস, হাঁপানি, একজিমা ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে।

অনতিবিলম্বে ঢাকা নগরবাসীর অসহনীয় সমস্যার সমাধানে বাস পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা জরুরি।

শামীম আহমেদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ