ঘূর্ণিঝড়ে যেমন থাকে উপকূলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মোখার কারণে জাল ও নৌকা নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। সমিতিপাড়া, কক্সবাজার
ছবি: জুয়েল শীল

জলবায়ুপরিবর্তনের কারণে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। গত দশকগুলোতে সামুদ্রিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ফলে উপকূলীয় জনপদগুলোর বিরাট আকারের ক্ষতি হয়েছে। গ্রিন হাউস প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিতে এক দিকে যেমন সমুদ্রপৃষ্ঠ উঁচু হয়ে যাচ্ছে, অন্যদিকে নদ-নদীর নাব্যতা হারিয়ে গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি উপকূলীয় এলাকায় উপচে পড়ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ মানুষ সহায়–সম্বল হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগকালীন আবহাওয়া অধিদপ্তর উপকূলবাসীর জন্য যেসব সতর্কবার্তা প্রচার করে থাকে, তা–ও বোঝে না অধিকাংশ উপকূলবাসী। জেলার বিভিন্ন এলাকার চরাঞ্চলে বসবাস করা অনেক মানুষেরই এ সতর্কবার্তা সম্পর্কে নেই কোনো ধারণা। এ কারণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্যোগকালীন প্রচারণায় কোনো গুরুত্ব দেন না তাঁরা। ফলে এসব দুর্যোগে প্রাণ হারাতে হয় অনেককে।

সরকার প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্যোগের সময়কাল হিসেবে চিহ্নিত করেছে। সরকারিভাবে উপকূলের সাধারণ মানুষের জন্য দুর্যোগ–পূর্ববর্তী ও দুর্যোগ–পরবর্তী নানা সতর্কতা থাকলেও তা কাজে আসছে না উপকূলের স্বল্পশিক্ষিত মানুষের জন্য। কেননা, দুর্যোগ–পূর্ববর্তী বন্দরকেন্দ্রিক যেসব বিপৎসংকেত বা মহাবিপৎসংকেত দেওয়া হচ্ছে, তা স্থানীয় স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত সাধারণ মানুষেরা গুরুত্বের সঙ্গে দেখছেন না। এর পরিপ্রেক্ষিতে অনেক সময় তাঁদের মনে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নানা উদাসীনতা ও অবহেলা দেখা যায়।

এ ছাড়া তাঁরা এ–ও জানেন না, কোনো ধরনের পানি বৃদ্ধিতে বাড়িঘর প্লাবিত হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সংকেত সম্পর্কে এ উপকূলীয় অঞ্চলের মানুষের তেমন ধারণাও নেই, নেই কোন ধরনের সতর্কবার্তায় কোন মাত্রার বিপদকে বোঝায় এবং এ সময় কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তার যথাযথ জ্ঞান। এ কারণে এখানের মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। পাশাপাশি উপকূলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সময় প্রশাসনের উদ্যোগে মাইকিং করে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়ে থাকলেও সিংহভাগ মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চান না। মূলত চরাঞ্চলে জনসংখ্যা অনুপাতে বর্তমানে আশ্রয়কেন্দ্র কম। গৃহপালিত পশু নিরাপদে রাখার কোনো টিলা না থাকায় দুর্যোগকালে গবাদিপশুর মায়ায় আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা দেখা যায় তাঁদের মধ্যে।

পাশাপাশি বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে স্থানীয় লোকজনকে তটস্থ থাকতে হয় সব সময়। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থাও হয়ে যায় বিচ্ছিন্ন। প্রায় সময় চিকিৎসা, স্যানিটেশন, সুপেয় পানিসহ বিভিন্ন সংকটে বিপর্যস্ত হয়ে পড়েন উপকূলীয় মানুষেরা।

এ ছাড়া উপকূলীয় মানুষেরা মনে করেন, দুর্যোগের সময় কর্তৃপক্ষ ও মিডিয়া তৎপর থাকে। তাঁদের খোঁজখবর নেয় সেই সময়ে, আশ্বাস পান তাঁরা, কিন্তু বাস্তবে তার বাস্তবায়ন হয় খুবই নগণ্য মাত্রায়।

পরিস্থিতি স্বাভাবিক হলে সেই তৎপরতা আর থাকে না। স্বাভাবিক সময়েও যে উপকূলের মানুষের জীবন কতটা অস্বাভাবিক থাকে, এটা কেউ দেখে না। বারবার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সব সময় আতঙ্কে থাকতে হয় স্থানীয় মানুষদের। নতুন বেড়িবাঁধ হবে, রক্ষা পাবেন তাঁরা—নানা প্রাকৃতিক দুর্যোগে এমন হাজারো স্বপ্ন নিয়ে দিন কাটান উপকূলীয় এলাকার লোকজন। প্রকৃতপক্ষে এ যেন এক অনিশ্চিত চিন্তাভাবনা, তাঁদের মতে।

তৌহিদ-উল বারী
শিক্ষার্থী
বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম