ডিগ্রি প্রথম বর্ষের প্রথম ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি পর্ব চলছিল। অকস্মাৎ একটি মেয়ের দিকে তাকিয়ে শিক্ষক থমকে দাঁড়ালেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের প্রাক্তন ছাত্রী সোহানা না? নিম্নকণ্ঠে সোহানা উত্তর দিল, জি ম্যাম।
শিক্ষক: তোমার ফলাফল তো এ প্লাস ছিল, তুমি কি বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করোনি?
সোহানা: না ম্যাম, আমাকে ভর্তি হতে দেয়নি পরিবার থেকে।
শিক্ষক: কেন?
মেয়েটি তখন চোখের জল আটকে রাখতে পারল না, ক্রমশ কেঁদেই চলল।
বলল, ম্যাম আমাকে পরিবার থেকে দূরে পড়তে দেবে না। অথচ আমার ছোট ভাইটিকে নিয়ে পরিবারের পরিকল্পনার অভাব ছিল না। সে কোথায় পড়বে এখন থেকেই পরিবারে নানা পরিকল্পনা চলে। অথচ আমি ভালো ফলাফল করার পরও আমাকে এখানেই ভর্তি হতে হলো।
মেয়েটি কেঁদেই চলছিল। আরও বলল, হয়তো কয়েক দিন পরে এখানেই লেখাপড়া শেষ হয়ে যাবে। এভাবেই কতই না মেয়ের স্বপ্ন, প্রতিভা বিকাশ হওয়ার আগেই ভেঙে পড়ে।
শিক্ষক কীভাবে সোহানাকে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছিলেন না। মনে মনে ভাবতে লাগলেন, আমাদের সমাজে এখনো অসংখ্য পরিবারে ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য করা হয়।
এখনো অনেক পরিবারে গর্ভকালে যখন জানতে পারে ছেলেশিশু জন্ম নেবে, পরিবারে আগ্রহের সীমা থাকে না। আর যখন কন্যাশিশু ভূমিষ্ঠ হবে জানতে পারে, তখন নানা বিদ্রূপ বাক্য শুনতে হয় মাকে, যা মা ও শিশুর ওপর মানসিক প্রতিক্রিয়া ঘটে। আর এ বৈষম্য একটি মেয়ের ওপর চলতেই থাকে অবিরত।
সোহানার মতো আরও অনেক মেয়ের স্বপ্ন–আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায় বৈষম্যের তীক্ষ্ণ যুক্তির দোলায়। নারীর প্রতি এ বৈষম্য দূরীকরণে প্রয়োজন সামাজিক সচেতনতা। এ বৈষম্য দূর করতে পারলে দক্ষ ও মেধাবী নারীরা বঞ্চনার শিকার হবে না। দেশের উন্নয়নে তাঁরা তাঁদের মেধা দিয়ে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
মেশকাতুন নাহার
প্রভাষক
সমাজকর্ম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ।
কচুয়া, চাঁদপুর