বলা হয়ে থাকে—অভাবে স্বভাব নষ্ট। অভাব যখন মানুষের দরজায় কড়া নাড়ে তখন মানুষের স্বভাব কিংবা স্বপ্ন মুহূর্তে মিশে যায় মাটির সঙ্গে। ধূলিসাৎ হয়ে যায় প্রতিটি আশা–আকাঙ্ক্ষা। তিল তিল করে গড়া স্বপ্ন বিলীন হয়ে যায় নিমেষে। হার মেনে নেয় পরিস্থিতির কাছে।
বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবারের সন্তানদের জন্য এটিই বাস্তবতা। অভাব মানুষকে যেকোনো কাজ করতে বাধ্য করে। বাধ্য করে নিজের সব স্বপ্ন কিংবা আশা মুহূর্তের মধ্যে কবর দিতে। অভাবের কারণে ঝরে যায় অনেক মেধাবী শিক্ষার্থী। যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও এ অভাব তার স্বপ্নপূরণে হয় প্রতিবন্ধক। পড়াশোনা চালিয়ে যাওয়া সবার প্রয়োজন হলেও দিন শেষে যখন তিন বেলা ভাতের জোগানে টান পড়ে, তখন মনে হয়, পড়াশোনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়।
পিতৃহীন ছেলের পড়াশোনা করতে মন চাইলেও চায়ের দোকানে মাসিক বেতনের চাকরি তাকে বড্ড ধমক দেয় তার দায়িত্ব যথাযথ পালন করতে, কৃষিকাজ করে সংসার চালানো বাবাও নিয়মিত পীড়া দেন ছেলেকে তাঁর কাজে সহযোগিতা করতে, কুলির কাজ করে মা-বোনের মুখে ভাত তুলে দিতে না পারলে যে তাঁরা উপোস থাকবেন, সেটা কি ছেলেকে ভাবায় না? মিস্ত্রির কাজ করে সংসারের হাল ধরা পরিবারের বড় ছেলেটিকে পড়াশোনা করতে কি পরিস্থিতি একমুহূর্তের জন্য ভাবায়?
জানি, সব প্রশ্ন কিংবা এসব কথার জবাব আমি কিংবা আমরা দিতে পারব না। কথাগুলোর জবাব দেওয়া সহজ হলেও বস্তুতপক্ষে এসব পরিচালনা করে পরিস্থিতি আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কতটুকু উৎসাহ দেয়, কেবল তা পরিস্থিতির শিকার হলে আমরা বুঝব।
এ বয়সে, পড়াশোনা করার বয়সে এমন ছেলেমেয়ের মানসিক অবস্থা আমরা কখনো বুঝব না। তার কাছে পড়াশোনা করার চেয়ে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া শ্রেয় এবং মুখ্য। কেননা পরিস্থিতি তাকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে পড়াশোনা করার পাশাপাশি যে তাকে খাবারের জোগান দিতে হবে পরিবারের জন্য।
কদিন তাঁদের মুখে খাবার তুলে দিতে ব্যর্থ হলে শুনতে হয়—তুই কি আরও পড়তে চাস? বড় হতে চাস? স্বপ্ন দেখিস বড় হয়ে পণ্ডিত হওয়ার? কী হবে এসব স্বপ্ন দেখে, যা কোথাও গিয়ে কাজ কর—এমন হাজারখানেক কথা আর অপমান। তখন সে না পারে নিজের পড়াশোনা চালিয়ে নিতে, না পারে তাঁদের ছেড়ে একা কোথাও চলে যেতে।
কী এক নিদারুণ কষ্ট আর অসম্ভব চিন্তা মনে করিয়ে দেয় আমাদের এ পরিস্থিতিগুলো। যেখানে ধনী বাবার ছেলের মতো গাড়িতে চেপে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়া আমাদের মতো পরিবারের কপালে জোটে না। জোটে না মাসিক টিউটর দিয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার মতো অসম্ভব ভাগ্য। আর এভাবে ভাবতে থাকি পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার চালানো কতটুকু সম্ভব হয় আমাদের মতো পরিবারের সন্তানদের, শিক্ষার্থীদের। তখন বড্ড কান্নাচাপা হৃদয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বলতে ইচ্ছে করে, এ পড়াশোনা করা আমাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছু নয়।
তৌহিদ-উল বারী
শিক্ষার্থী
বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম