গ্যাস–সংকট ও দুর্ভোগ

চিঠিঅলংকরণ: সব্যসাচী চাকমা

ঢাকা শহরের অন্যতম ঐতিহাসিক এলাকা পুরান ঢাকা। অথচ এই পুরান ঢাকার অন্যতম প্রধান ও দীর্ঘদিনের সমস্যা হলো তীব্র গ্যাস–সংকট।

বছরের অধিকাংশ সময় এখানে গ্যাসের সরবরাহ অত্যন্ত অপ্রতুল থাকে। শীতকালে এই সংকট ভয়াবহ আকার ধারণ করে। ফলে কয়েক লাখ মানুষের দৈনন্দিন জীবন হয়ে ওঠে চরম দুর্বিষহ। রান্নাবান্না ও ন্যূনতম গৃহস্থালি কাজে মানুষকে ভোগ করতে হয় সীমাহীন দুর্ভোগ।

একই সঙ্গে পুরান ঢাকাকেন্দ্রিক দেশের অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও কলেজের কারণে বিপাকে পড়ছেন হাজারো শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের এবং মেসে বসবাসকারী।

গ্যাস না থাকায় তাঁরা বাধ্য হয়ে তরল এলপিজির ওপর নির্ভরশীল হলেও ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বাইরে থেকে খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ হাসপাতালমুখী হচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্যও গুরুতর সতর্কবার্তা।

এ অবস্থায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানির দৃষ্টি আকর্ষণ করছি। পুরান ঢাকার সাধারণ মানুষের জীবন ও শিক্ষার্থীদের ন্যূনতম জীবনমানের কথা বিবেচনা করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক—এই প্রত্যাশা।

তাহের নয়ন

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা কলেজ