মফস্‌সলে কমছে না বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও অনেক জায়গায় বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না। ২০১৫-১৯ সাল পর্যন্ত প্রশাসন ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার কঠোর উদ্যোগে বিগত কয়েক বছর শিথিল ছিল বাল্যবিবাহ। বাল্যবিবাহমুক্ত রাষ্ট্র গড়তে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠন জনসাধারণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের মানুষের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অনেকটা সচেতনতা গড়ে উঠেছিল।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা বাল্যবিবাহমুক্ত হলেও মফস্‌সলে আবার এর মাত্রা বেড়ে যাচ্ছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে আবারও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এই ব্যাধি। প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জে প্রাথমিক থেকে শুরু করে নিম্নমাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যাই এ তালিকায় বেশি।

নানা অজুহাত দেখিয়ে মেয়ে কিশোরী হতে না হতেই মা-বাবা ছেলে দেখা শুরু করেন। তাঁদের ধারণা, মেয়েদের বয়স বেড়ে গেলে বিবাহের উপযুক্ত পাত্র পাওয়া দুষ্কর। নানা কুসংস্কার আর বিভ্রান্তিকর পথ থেকে গ্রামের মানুষেরা আজও অগ্রসর হতে পারেননি। তবে এর জন্য কিছু শিক্ষিত চাকরিজীবীর দায়ও আছে। যাঁরা বিয়ের জন্য পাত্রী হিসেবে কম বয়সী মেয়েকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। এর সঙ্গে গোপনে অধিক হারে যৌতুকও নেওয়া হচ্ছে।

গ্রামের সমাজপতিরা অনেক সময় এসব বিয়ের খবর জেনেও তাঁরা চুপচাপ থাকেন। কখনো কখনো বাল্যবিবাহ সম্পর্কে সমাজের সচেতন মানুষ জানার পর প্রতিবাদ করলে মেয়ের পরিবার থেকে বলা হয়, স্কুলে বা বাড়িতে বখাটে যুবকেরা মেয়েদের বিরক্ত করে। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়েকে দ্রুত পাত্রস্থ করতে হচ্ছে। কোনো কোনো পরিবার থেকে বলা হয়, গরিবের সংসারে মেয়েরা অনেকটা বোঝা। তাই ভালো বা পয়সাওয়ালা অথবা প্রবাসী পাত্র পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। যেখানে নাবালিকা মেয়ের সম্মতিও নেওয়া হচ্ছে না। প্রশাসন ও থানা-পুলিশের আড়ালেই বহু বাল্যবিবাহ এখনো চলমান।

ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ‘এইট বিলিয়ন লাইভস, ইনফিনিট পসিবিলিটিজ’ শিরোনামে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৩ রিপোর্টে দেখা গেছে, বাল্যবিবাহে এখনো দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখানে ১৮ বছর বয়সের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বাড়ার ফলে অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে প্রতি হাজারে ৭৪টি শিশুর জন্ম দিচ্ছেন ১৫ থেকে ১৯ বছর বয়সী মায়েরা। বাল্যবিবাহের সার্বিক প্রভাব পড়ে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যে। বাল্যবিবাহের কারণে মা ও নবজাতক মৃত্যুঝুঁকিও বাড়ছে। উচ্চশিক্ষা অর্জন করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ের পর আর স্কুলে যাওয়া হচ্ছে না অনেকের।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই ব্যাধি দূর করা না হলে হুমকির মুখে পড়বে সমাজ ও দেশ। তাই প্রয়োজন প্রশাসন, থানা ও জনপ্রতিনিধিদের জোরালো পদক্ষেপ নেওয়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক বিভিন্ন সেমিনার, পথনাটকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরা জরুরি।

জি বি এম রুবেল আহম্মেদ
মাদারগঞ্জ, জামালপুর