তরুণ প্রজন্মের মাঝে কেন ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্য যেকোনো জাতির উদ্যমী শক্তি। পুরোনোকে ভেঙে নতুন কিছু করাই তারুণ্যের ধর্ম। স্বভাবতই তরুণেরা নিজেদের চিন্তাভাবনা সবার সামনে উপস্থাপনের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ও অবস্থার জানান দিতে চান। বর্তমানে কম সময়ে অধিকসংখ্যক মানুষের কাছে নিজেকে তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে।

ফলে মুহূর্তেই যেকোনো বার্তা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতার জন্ম হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা লক্ষণীয়। শিশু থেকে বৃদ্ধ—সবাই এখন ভাইরাল শব্দটির সঙ্গে পরিচিত। ভালো কাজের মাধ্যমে ভাইরাল কিংবা সবার কাছে পরিচিত হওয়া দোষের কিছু নয়, বরং প্রশংসার দাবিদার। তবে যদি কোনো কাজের মাধ্যমে নৈতিক অবক্ষয়ের শঙ্কা থাকে, তা উদ্বেগজনক। একইভাবে বর্তমানে তরুণদের ভাইরাল নামক অসুস্থ প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে নৈতিকতা তথা দেশের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে। দিন যতই যাচ্ছে, তা মারাত্মক আকার ধারণ করছে। ভাইরাল হতে প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা কিংবা বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না।

প্রত্যেক মানুষ সমাজে তার অবস্থান জানান দিতে চায় এবং সম্মানের সঙ্গে বাঁচতে চায়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যক্তিগত ছবি, অনুভূতি ও সাফল্যের গল্প শেয়ার করি। এতে আমাদের প্রতি অনেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তবে এখন লিখিত আধেয় থেকে ভিডিও সম্প্রচার বহুল জনপ্রিয়। তা ছাড়া ভিডিও ব্লগিং থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। তাই উচ্চশিক্ষিত থেকে শুরু গ্রামের কৃষক পর্যন্ত ভিডিও ব্লগিংয়ের সঙ্গে জড়িত।

ফেসবুকে রিলস নামে স্বল্প সময়ের ভিডিও ফিচার যুক্ত হয়েছে। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা পারিবারিক দৈনন্দিন কাজ ভিডিও আকারে ধারণ করে প্রচার করছে। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে—এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে ভাইরাল হওয়ার নেশায় তরুণেরা অপসংস্কৃতি দিকে ঝুঁকছেন। ফলোয়ার আর ভিউয়ের নেশায় ভিডিওতে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গিতে অশ্লীলতার দিকে ইঙ্গিত করছেন। এসব দেখে আবার ঘণ্টার পর ঘণ্টা পার করছেন অনেক তরুণ, আসক্ত হচ্ছেন ডিজিটাল ডিভাইসে। ফলস্বরূপ, তরুণদের উন্নত রুচিসম্মত চিন্তাভাবনার পরিবর্তে নিচু মানসিকতা তৈরি হচ্ছে।

বাংলাদেশে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ। নিঃসন্দেহে তরুণেরা আমাদের দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই ভাইরাল হওয়ার এ সংস্কৃতিকে তুচ্ছ বিষয় হিসেবে অবহেলা করার সুযোগ নেই। এ প্রবণতা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে বলা যায়, দেশ ও জাতি যেকোনো সময় ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আক্ষেপ না করে এই সমস্যার প্রতিকারে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি, অসুস্থ এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে সৃষ্টিশীল কাজে মনোযোগী হতে হবে।

ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় অনেক সময় প্রাণনাশের কারণ হয়। এ প্ল্যাটফর্মে ভিউয়ার ও ফলোয়ার হচ্ছে সফলতার মাপকাঠি। তাই নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ভিডিও করতে দ্বিধা করেন না তরুণেরা। ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা, সেতু থেকে নদীতে ঝাঁপ কিংবা সড়কে তরুণের মৃত্যু—এমন সংবাদ প্রায়ই গণমাধ্যমে দেখা যায়। আবার মতের অমিল কিংবা ব্যক্তিগত অপছন্দের কারণে একে অপরকে অশালীনভাবে উপস্থাপন করতে দেখা যায়।

একজন মানুষকে যতটা জঘন্য ও বিকৃত উপায়ে উপস্থাপন করা সম্ভব, তার সবই ভিডিও করা হয়। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হতে সাধারণ মানুষ থেকে দেশসেরা জ্ঞানী-গুণীর পর্যন্ত রক্ষা নেই। ফলে মানুষের স্বাভাবিক জীবনে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া এই ভাইরাল হওয়ার সংস্কৃতির প্রভাবে কখনো রাজনৈতিক সংঘাত, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং সামাজিক অরাজকতা সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে সুশীল শ্রেণির মধ্যে লক্ষ করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম তথা মিডিয়ার প্রতি অনীহা। এ ছাড়া এ প্ল্যাটফর্মে চলমান রাজনীতি, অর্থনীতি, সাহিত্য কিংবা সামাজিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা কমছে, বাড়ছে মিডিয়া ট্রায়াল। দুঃখজনক হলেও সত্য, ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় তরুণেরা বেশ সক্রিয় ভূমিকা রাখছে। তরুণদের এই অবক্ষয়ের কারণে জাতি হতাশায় নিমজ্জিত। গোটা সমাজকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত অন্ধকারের দিকে। তবে আশা কথা, বর্তমানে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে তরুণদের অংশগ্রহণ সন্তুষ্টজনক। সর্বত্র তাদের উপস্থিতি দেখা যাচ্ছে, প্রস্তুত হচ্ছে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের আসনে নিজেদের জায়গা করে নিতে।

বাংলাদেশে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ। নিঃসন্দেহে তরুণেরা আমাদের দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই ভাইরাল হওয়ার এ সংস্কৃতিকে তুচ্ছ বিষয় হিসেবে অবহেলা করার সুযোগ নেই। এ প্রবণতা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে বলা যায়, দেশ ও জাতি যেকোনো সময় ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আক্ষেপ না করে এই সমস্যার প্রতিকারে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি, অসুস্থ এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে সৃষ্টিশীল কাজে মনোযোগী হতে হবে।

মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।