এইচএসসি পাশের পর চাকরি কেন নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একদিন ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম, গবেষণা বা শিক্ষকতায় আসতে চাও কতজন? মাত্র তিনজন হাত তুলেছিল। বাকিরা মূলত সরকারি চাকরি করতে চায়। তাদের বিভাগের পড়াশোনায় মনযোগ খুবই কম। বিশেষ করে মাস্টার্সে কিছু শিক্ষার্থী ভর্তি হয় শুধুমাত্র ছাত্রত্ব ধরে রেখে হলে থেকে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য।

কেউ কেউ এমনও বলেছে, ‘আমরা তো শিক্ষক হব না, আমাদের কোনো মতে পাস করিয়ে দিন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় তাদের কাছে চাকরিতে পৌঁছাবার একটি সেতু মাত্র। জ্ঞান নয়, তাদের প্রয়োজন একটি সার্টিফিকেট।

এখন প্রশ্ন হলো, শুধু একটি সার্টিফিকেটের জন্য এত সময় আর অর্থ ব্যয় করা কতটুকু যৌক্তিক? যদি সামরিক বাহিনীর মতো বেসামরিকেও এইচএসসি পাসের পরই চাকরি দেওয়া হয় তাহলে নিম্নোক্ত ঘটনা ঘটতে পারে।

১. সরকারের টাকা সঠিক কাজে ব্যয় হবে: যদি এইচএসসির পরই প্রার্থীরা চাকরিতে যোগদান করে তাহলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দশ ভাগের এক ভাগে নেমে আসতে পারে। বর্তমানে এক শ জন শিক্ষার্থীর পেছনে যে ব্যয় হচ্ছে তা দিয়ে দশজনকে বিশ্বমানের শিক্ষা প্রদান করা সম্ভব।

২. অপচয় রোধ এবং দক্ষ জনশক্তি: যদি বিশ্ববিদ্যালয়ে শুধু আগ্রহীরা ভর্তি হয় তাহলে তারা বিশ্বমানের শিক্ষা নিয়ে দক্ষ হয়ে গড়ে উঠবে। আবার যারা চাকরিতে যোগ দেবে তারা নিজ নিজ বিষয়ে প্রশিক্ষণ বা কোর্স করে দক্ষ হয়ে উঠবে। গণিতে অনার্স-মাস্টার্স করা একজন শিক্ষার্থী পুলিশে যোগ দিলে পাঁচ বছরের পড়াশোনা তার কোনো কাজে লাগে না। আবার চাকরিতে এসে তাকে প্রশিক্ষণ নিতে হচ্ছে। যদি এইচএসসির পরই এই শিক্ষার্থী পুলিশে যোগ দেয় তাহলে সে সরাসরি পুলিশের প্রশিক্ষণ গ্রহণ করে সময়, অর্থ ও শ্রম সবই পুরোপুরি কাজে লাগাতে পারবে। রাষ্ট্রও ১৮ বছরের তরুণের শক্তি কাজে লাগাতে পারবে।

৩. হতাশা কমবে: অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী এবং তাদের পরিবার হতাশায় ভুগছে। যদি এইচএসসির পর চাকরি হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের ব্যক্তি ও পারিবারিক জীবনে নিশ্চিত ভাবেই শান্তি আসবে।

এই সুবিধাগুলো বিবেচনায় নিয়ে সামরিক বাহিনীর মতো বেসামরিক সরকারি ও বেসরকারি চাকরিতেও এইচএসসি পাসেই নিয়োগ দেওয়া উচিত। এতে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সকলেই উপকৃত হবে।

সাদিক হাসান
সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।