প্রাচীনতম ব্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম যেন এখন অভিভাবকশূন্য হয়ে পড়েছে। চারদিক ভেসে যাচ্ছে পানির তলায়। অল্প বৃষ্টিতেই কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। রাস্তায় চলাফেরার জন্য দুর্ভোগে জনজীবন। তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। কোথাও বড় বড় গর্তও দৃশ্যমান। এখানে এসেই দুর্ঘটনার শিকার হয় রিকশা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসগুলো। অহরহ ঘটছে এমন ঘটনা। বিশেষ করে রিকশা চলাচল বেশি দুরূহ। রিকশায় করে ছোট গর্তে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই জমে থাকা ময়লা পানিতেই একপ্রকার গোসল করে ফেলেন।
অল্প বৃষ্টিতেই কিছু অঞ্চল পানিতে ডুবে যায়। অথচ একটু সচেতন হলেই এর থেকে রক্ষা পাওয়া যায়। যেসব অঞ্চল পানিতে ডুবতে যায়, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিলেই রাস্তাগুলো সুন্দর হয়ে ওঠে। হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, ষোলোশহর ২ নম্বর, আতুরার ডিপো, কাতালগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, আন্দরকিল্লা, বাকলিয়া, ফুলতলা, চকবাজার, রাহাত্তারপুল, বড় মিয়া মসজিদ, বাদুরতলাসহ শহরের কিছু আবাসিক এবং অলিগলিতে অল্প বৃষ্টিতে পানি জমে থাকে।
এই পানি যাওয়ার যে নালা, তা ময়লা–আবর্জনায় ঠাসা। ময়লায় পুরো নালা এখন ডাস্টবিন। পানি যাওয়ার বিন্দু পরিমাণ ফাঁকা নেই। ফলে অল্প বৃষ্টিতে রাস্তা হয়ে ওঠে একপ্রকার নদী। এ ছাড়া বিভিন্ন খালের কাজের জন্য পানি আটকে আছে। ময়লার পানি রাস্তায় ভেসে যায় এবং দুর্গন্ধ ছড়ায়। এতে নানান রোগ হওয়ার আশঙ্কাও রয়েছে।
শুধু রাস্তায় পানি ওঠে এমন নয়, অনেকের বাসায় পানি ওঠে। নিচতলায় বাসা হওয়ায় রাস্তার পানি বের হতে না পারায় এই পানিগুলো অনেকের বাসায় ঢুকে পড়ে। দুর্ভোগে কাটাতে হয় রাত। ঘরের আসবাব রাখার তেমন ব্যবস্থা নেই। মধ্যবিত্তের দুর্ভোগটা বেশি। ছোট ছোট বাচ্চাদের নিয়েও দুশ্চিন্তা। আবার অনেকেই এই জলাবদ্ধতার জন্য কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। ধীরে ধীরে অ্যাম্বুলেন্স চালাতে হয়।
পানি থাকলে প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা। এসবের প্রতি যেন কারও মাথাব্যথা নেই। মুরাদপুরের প্রকল্পের জন্য হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। ছোট্ট সরু রাস্তায় মানুষ পারাপার করছে। লম্বা লাইন লেগে যায় পার হওয়ার জন্য। ধাক্কাধাক্কিতে অনেক ছোট বাচ্চা, নারী ও বয়স্ক মানুষকে সমস্যায় পড়তে হয়। ফলে গন্তব্যের জায়গায় সময়মতো পৌঁছানো প্রায় হয়ে ওঠে না। বিকল্প রাস্তা বের করে প্রকল্পের কাজ করা উচিত নয় কি?
ময়লা–আবর্জনা শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায়। ময়লাগুলো থেকে যেমন দুর্গন্ধ বের হয়ে রোগ ছড়ায়, তেমনি পানি জমে থাকারও কারণ। তাই এসব ময়লা শহরের বাইরে ফেলার ব্যবস্থা করা উচিত এবং করতে হবে। সময়ের আগেই চট্টগ্রামকে সুন্দর রাখতে পানিনিষ্কাশনের ব্যবস্থার জন্য দ্রুত পদক্ষেপ নিন।
রাস্তায় পানি জমলে স্কুলের শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানে যেতে বেগ পেতে হয়। অনেকেই আবার স্কুলে যায় না, দুর্ঘটনা ও ময়লাযুক্ত নোংরা পানির ভয়ে। কারণ, এতে রোগজীবাণু রয়েছে এবং রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পানিনিষ্কাশনের জন্য নালা ও খাল মানুষের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন এখন ভোগান্তিতে রূপ নিচ্ছে। সামান্য কিছু উদ্যোগ নিলেই এত দুর্ভোগে পড়তে হয় না। যা–ও দু-এক জায়গায় পরিষ্কারের ব্যবস্থা নিচ্ছে, তাতেও কাজের ঘাটতি চোখে পড়ে। সিটি করপোরেশন ও ওয়াসার কাজের জন্য রাস্তায় ছোট–বড় গর্ত করার প্রায় জায়গাগুলো চিহ্নিত করা হয়নি।
অফিস, হাসপাতাল ও বাসাবাড়ির সামনে জমে থাকা ময়লাযুক্ত পানি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ও উদ্বেগের। নোংরা পানির জন্য মানুষের জীবন অতিষ্ঠ। অতিষ্ঠ জীবনকে সচেষ্ট করতে হলে পানিনিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করতে হবে। নালাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। রাস্তায় ছোট–বড় গর্তগুলো চিহ্নিত ও দ্রুত মেরামত করতে হবে। নালা ও খালের কাজগুলো বর্ষাকালের আগেই শেষ করার উদ্যোগ নেওয়া উচিত। না হলে পুরো শহর চলাচলের অযোগ্য হয়ে উঠবে।
ময়লা–আবর্জনা শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায়। ময়লাগুলো থেকে যেমন দুর্গন্ধ বের হয়ে রোগ ছড়ায়, তেমনি পানি জমে থাকারও কারণ। তাই এসব ময়লা শহরের বাইরে ফেলার ব্যবস্থা করা উচিত এবং করতে হবে। সময়ের আগেই চট্টগ্রামকে সুন্দর রাখতে পানিনিষ্কাশনের ব্যবস্থার জন্য দ্রুত পদক্ষেপ নিন।
শহীদুল ইসলাম
বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
হামজারবাগ, পাঁচলাইশ।