পরীক্ষার ভয় থেকে মুক্তি পেলেও মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা অপ্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ষাণ্মাসিক মূল্যায়ন কার্যক্রম চালু হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিখনকালীন মূল্যায়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মূল্যায়ন পদ্ধতির ভালো দিক হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রিক যে ভয়ে ভীত থাকত সেই ভয় থেকে মুক্তি পাচ্ছে। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে অসুস্থ প্রতিযোগিতা থেকে মুক্তি পাচ্ছে শিক্ষার্থীরা।

উদ্বেগের বিষয় এখনও অনেক শিক্ষক, অভিভাবকের নিকট প্রতিযোগিতাকেন্দ্রিক শিক্ষা মাথায় গেঁথে আছে। শিক্ষা একটি সামগ্রিক অর্জন এবং সামগ্রিকভাবে এর গ্রহণ ও প্রসারণ ঘটাতে হবে। কিন্তু শিক্ষা যখন প্রতিযোগিতা নির্ভর হয় তখন শিক্ষা একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তির নিকট আবদ্ধ থাকে। শিক্ষাকে প্রসারিত করতে হলে, আধুনিক ও উচ্চতরভাবে সমৃদ্ধ করতে চাইলে, শিক্ষা থেকে প্রতিযোগিতা পদ্ধতি বাদ দিতে হবে, শিক্ষাকে সর্বজনীন করতে হবে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অপ্রস্তুত একটি বিষয়। শিক্ষার্থীরা এই পদ্ধতিতে এখনো অভ্যস্ত না। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি, যার কারণে শিক্ষকেরা নিজেরাই এই পদ্ধতির মূল্যায়ন সম্পর্কে অবগত না।

শিখনকালীন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষকদের মূল্যায়নের একটি ভূমিকা রয়েছে। বর্তমানে বেশির ভাগ শিক্ষক বাণিজ্যিক কোচিং, প্রাইভেট ব্যাচ পরিচালনা করেন। এতে করে যে সকল শিক্ষার্থী শিক্ষকদের নিকট কোচিং, প্রাইভেটে পড়বে তাদের জন্য বিশেষ মূল্যায়ন কিংবা স্বজনপ্রীতি করার আশঙ্কা থাকে।

অন্যদিকে শিখনকালীন মূল্যায়নে অ্যাসাইনমেন্ট থাকায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য ভীষণ কষ্টসাধ্য। বর্তমানে শিক্ষা উপকরণের দাম তুঙ্গে। খাতা, পেনসিল, কলম, রাবার, স্কেলের দাম গত ৬ মাসে দুই দফা বেড়েছে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধানের জন্য আলাদা অ্যাসাইনমেন্ট পেপার, রঙিন কাগজের দামও অনেক বেড়েছে।

তাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান থাকবে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, শিক্ষকদের কোচিং ও প্রাইভেট বন্ধ করে শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। পাশাপাশি মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষার্থীরা যাতে মানসিক চাপ বহন না করে সেদিকটি সতর্কভাবে করুন।

মো. মারুফ হাসান ভূঞা
শিক্ষার্থী
ফেনী সদর