‘আমি দীর্ঘ ২৪ বছর আড়াই মাস কারাভোগের পর ১ জানুয়ারি ২০২৩ এ কারামুক্তি লাভ করি। লক্ষ্মীপুর জেলা কারাগারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। এটা জানার পর আমি জেল সুপারের নিকট মৌখিক আবেদন করি এবং কর্তৃপক্ষ আমাকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেয়। পরে আমি সেখানে প্রশিক্ষণ নিয়ে নিজে যেমন শিখেছি, তেমনি অন্যদেরও শিখিয়েছি।’
পুরো বক্তব্যের বক্তা জাহাঙ্গীর আলম, যিনি ২৪ বছর কারভোগ করে চলতি বছরের শুরুতে মুক্তি পান। ১৯৯৮ সালে স্ত্রীকে হত্যার দায়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২০০১ সালে বিজ্ঞ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে জেল আপিল করলে বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গত ২২ মার্চ সমাজসেবা অধিদপ্তরের ‘প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস’ কর্মসূচির আওতায় ‘অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির’ মাধ্যমে লক্ষ্মীপুর প্রবেশন কার্যালয় কর্তৃক তাঁকে পুনর্বাসিত করা হয়। পুনর্বাসনের লক্ষ্যে একটি কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতিসংবলিত ‘বিসমিল্লাহ টেলিকম অ্যান্ড ফটোশপ’ নামে একটি দোকান উপহার দেওয়া হয়। এই পুরো কর্মসূচিকে ‘আফটার কেয়ার সার্ভিস’ নামে আখ্যায়িত করা হয়।
উন্নত জীবন ও যত্নশীল সমাজ বিনির্মাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর দেশে ৫৪টি কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করছে। তার মধ্যে ‘প্রবেশন অ্যান্ড আফটার কেয়ার কার্যক্রম’ অন্যতম।
১৯৬০ সালে ‘প্রবেশন অব অফেন্ডার্স অরডিন্যান্স’ জারি এবং ১৯৬২ সালে দ্বিতীয় পাঁচসালা পরিকল্পনাধীন সংশোধনমূলক এ কার্যক্রম চালু হয় এবং দুটি উন্নয়নমূলক প্রকল্প, যথা প্রবেশন অব অফেন্ডার্স প্রকল্প এবং আফটার কেয়ার সার্ভিস বাস্তবায়ন করা হয়।
বর্তমানে ছয়টি সিএমএম আদালতসহ ৬৪টি জেলায় সর্বমোট ৭০ ইউনিটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬ ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়িত হচ্ছে।
জেলা পর্যায়ে প্রবেশন কর্মকর্তা ছাড়াও সব উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বিভাগীয় জেলার শহর সমাজসেবা কর্মকর্তারা প্রবেশন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কারাগার থেকে মুক্ত ব্যক্তি, প্রবেশনে মুক্তি ও অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি এবং কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের সমাজে পুনরেকত্রীকরণের লক্ষ্যে আফটার কেয়ার কার্যক্রম পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্যগুলো হচ্ছে কাউন্সেলিং, প্রশিক্ষণ, পুনর্বাসন ও পুনরেকত্রীকরণ।
এর আগে লক্ষ্মীপুর জেলা প্রবেশন কার্যালয় কর্তৃক ওই কর্মসূচির আওতায় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত মিলন কামাল নামের আরও একজনকে সেলুনের দোকান উপহার দিয়ে পুনর্বাসিত করা হয়েছে।
পরবর্তী খবর হচ্ছে, মিলন কামাল তাঁর অশীতিপর মা ও নববধূকে নিয়ে আনন্দের সঙ্গে জীবন যাপন করছেন।
লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের ভাষ্যমতে, এই কর্মসূচি একজন অপরাধীকে যেমন কাউন্সেলিং করে সুনাগরিক তৈরি করে, তেমনি প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে তোলে।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এ স্লোগানের ওপর ভিত্তি করে দেশের কারাগারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও লক্ষ্মীপুর কারা কর্তৃপক্ষ জেলা প্রবেশন কার্যালয়ের ‘আফটার কেয়ার সার্ভিস’–এর মাধ্যমে কারাবন্দীদের নৈতিক উৎকর্ষ সাধনে যেমন কাজ করছে, তেমনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির পরিচালনার মাধ্যমে তাঁদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করছে।
কারামুক্তির পর কারাবন্দীরা যেন তাঁদের অর্জিত দক্ষতার সদ্ব্যবহার করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এবং অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সে ক্ষেত্রে জেলা প্রবেশন কার্যালয় আর্থিক সহায়তা দিচ্ছে।
সারা দেশে এই কর্মসূচির সফল বাস্তবায়ন যে হচ্ছে না, তা পরবর্তী দুটি সমীক্ষায় স্পষ্ট।
কারা অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য মোতাবেক, ২০১৭ সালে বাংলাদেশে বিচারাধীন বন্দীদের মধ্যে ১০ হাজার ৫৪৫ জন আগে একবার, ৫ হাজার ৫৭ জন আগে দুবার, ২ হাজার ৪৭৯ জন আগে তিনবার, এভাবে ১৫ বারের অধিক সময় পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১৯ হাজার ৯১২ জন এবং সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৩ হাজার ৩৮৪ জন আগে একবার, ১ হাজার ৫৫০ জন আগে দুবার, ৬৯৭ জন আগে তিনবার এভাবে ১৫ বারের অধিক সময় পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৬ হাজার ৬২ জন। উভয় প্রকার বন্দী মিলে মোট ২৫ হাজার ৯৭৪ জন বন্দী একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন, যা মোট বন্দীর ৩৫ দশমিক ৪৯ শতাংশ।
২০১৯ সালের ঢাকা আহছানিয়া মিশনের একটি গবেষণায় দেখা যায়, মাদকাসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরেও আবার মাদকাসক্ত ব্যক্তিদের ৫২ দশমিক ১ শতাংশ কারাবন্দী হন। তাঁদের মধ্যে ৪৩ শতাংশ একবার, ৪১ দশমিক ৯ শতাংশ দুই থেকে পাঁচবার এবং ১৫ দশমিক ১ শতাংশ পাঁচবারের বেশি আইনগত কারণে গ্রেপ্তার হন (দৈনিক যুগান্তর, ১৯ মার্চ, ২০২২)। দুটি সমীক্ষায় এটা স্পষ্ট, যথাযথ কাউন্সেলিং ও পুনর্বাসনের অভাবে অপরাধের পুনরাবৃত্তি ঘটেছে। সমাজের প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদকাসক্ত কিংবা সাইবার অপরাধের মতো নতুন নতুন অপরাধ যুক্ত হচ্ছে। আতঙ্কের বিষয় হচ্ছে, কিশোর-কিশোরীরা এসব অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।
নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, লিশটেনস্টাইন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোয় অপরাধের পুনরাবৃত্তি কমে যাওয়ায় একের পর এক কারাগার বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের এই দেশগুলোয় কারাগারকে দেখা হয় সংশোধনাগার হিসেবে। তাদের এমন সফলতার পেছনে রয়েছে যথাযথ কাউন্সেলিং ও পরিকল্পিত পুনর্বাসন। আর তাই আফটার কেয়ার সার্ভিস কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রবেশন কার্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ ছাড়া সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসা উচিত। এগিয়ে আসা উচিত স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের।
বর্তমান সরকারের ‘কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন নয়’ দর্শনে প্রত্যেক অপরাধীও যে তার অংশ, এটা বলাই বাহুল্য। বর্তমান সরকারের উন্নত, সমৃদ্ধ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে একজন কারাবন্দীও যে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, লক্ষ্মীপুরের জাহাঙ্গীর তারই প্রমাণ। তাই এটা আশা করতেই পারি, স্মার্ট বাংলাদেশে হোক স্মার্ট সংশোধনাগার; স্মার্ট নাগরিক গড়ার স্মার্ট প্রতিষ্ঠান।
এস ডি টিটু
শহর সমাজসেবা কর্মকর্তা
লক্ষ্মীপুর