ইউনিয়ন পরিষদে দক্ষ ও যোগ্য কর্মকর্তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগোনোর যাত্রায় আছে। ইতিমধ্যে অবকাঠামোগত অনেক উন্নয়ন হলেও স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায় ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের ভোগান্তির লাঘব হয়নি।

সরকার ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বিপদে আপদে প্রান্তিক জনগণ সর্বপ্রথম দ্বারস্থ হয় ইউনিয়ন পরিষদে। নাগরিক সেবা তথা জন্মনিবন্ধন সনদ এবং মৃত্যু সনদসহ বিভিন্ন ধরনের সনদ প্রদান করা হয় ইউনিয়ন পরিষদ থেকে। এ জন্যই ওয়ার্ডভিত্তিক পরিষদের সদস্য এবং এদের পরিচালনায় একজন চেয়ারম্যান রাখা হয়। সাধারণ মানুষের কাজের নিয়োজিত থাকার জন্যই তাদের নির্বাচিত করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনো সেবা নিতে গেলে চরম ভোগান্তির শিকার হতে হয়।

বর্তমান সরকার সকল নাগরিকদের জন্মনিবন্ধন অনলাইনের কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু সনদের জন্য দেওয়া তথ্যগুলোতেই তারা অসংখ্য ভুল করে থাকে। যার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। এ ছাড়াও ভোটার আইডি কার্ডে ভুল এটি যেন সবার জন্য অবধারিত হয়ে গিয়েছে। এটা সরকারের অনেক বড় ব্যর্থতা বলে মনে করি। এই সামান্য ভুল সংশোধনের জন্য আবার নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। যার ফলে মানুষ ধীরে ধীরে ইউনিয়ন পরিষদের প্রতি আস্থা হারাচ্ছেন।

বর্তমান সরকার দেশকে ডিজিটাল, স্মার্ট বললেও বাস্তব কার্যক্রম তার বিপরীত। বিভিন্ন খাতে এমন অদক্ষ লোকের ভুলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা অত্যন্ত দুঃখজনক। সাধারণ জনগণের এই ভোগান্তি কমানোর জন্য দায়িত্বরত ব্যক্তিদের আরো সচেতনতার সঙ্গে কাজ করা উচিত। যেন মানুষকে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে না হয়। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ইউনিয়ন পরিষদগুলোতে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যেন কোনো রকম দুর্নীতি বা পক্ষপাতিত্ব না করে দক্ষ এবং যোগ্য লোককে নিয়োগ করা হয়। যার লক্ষ্য থাকে জনগণের সেবা করা। ভোগান্তি কমানো, বৃদ্ধি করা নয়।

খাদিজা আক্তার
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়