একুশ শতকে উন্নয়নশীল দেশের জন্য অন্যতম অর্জন হচ্ছে নারীর ক্ষমতায়ন ও জাগরণ। একসময়ের অবলা ও রান্নাঘরে আবদ্ধ নারীরা আজ সব সামাজিক কুসংস্কার কাটিয়ে পুরুষের সঙ্গে সমানতালে অবদান রাখছেন সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে। এ যেন কবি নজরুলের ‘নারী’ কবিতা আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ উপন্যাসের প্রত্যাশার উজ্জ্বল প্রতিফলন। তবু এই আধুনিক যুগেও আমাদের পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ‘নারী নির্যাতন’ এবং ‘নারীর প্রতি সহিংসতা’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি তিনজনে একজন নারী জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হন। বলা বাহুল্য, সমাজ ও সভ্যতা যতই এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গ পাল্লা দিয়ে নারীর প্রতি সহিংসতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে মাত্রাগতভাবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রতি এই নির্যাতনের হারের পারদ দেশের অন্যান্য যেকোনো স্থানের তুলনায় অনেক বেশি ঊর্ধ্বগামী।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার হার তুলনামূলক কম হওয়ায় মানবাধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রচলিত আইন ও শাস্তি সম্পর্কে গ্রামীণ নারীরা যারপরনাই অজ্ঞ। অনেক নারী এখনো জানেনই না যে দেশে তাঁর সুরক্ষা ও অধিকার আদায় বা সমতা রক্ষায় কোনো আইন রয়েছে। প্রতিনিয়ত নিজ গৃহে পরিবারের অন্য সদস্যদের দ্বারা নির্যাতন আর সহিংসতার শিকার হলেও কখনো সংসার, পরিবারের কথা চিন্তা করে আবার কখনো প্রাণনাশের হুমকির ভয়ে প্রত্যন্ত এলাকার নারীরা এ নিয়ে মুখ খোলেন না। ফলে নারী নির্যাতনের মতো সামাজিক জঘন্য ব্যাধি বেশির ভাগ সময়ই ঘটতে থাকে লোকচক্ষুর আড়ালে, আসে না মিডিয়ার আলোচনায়। অশিক্ষা, দারিদ্র্য, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নারীর প্রতি নেতিবাচক মনোভাব, মাদকের সহজলভ্যতা ইত্যাদি বিষয় প্রত্যন্ত এলাকার নারীদের প্রতি সহিংসতায় মূল কারণ হিসেবে কাজ করে।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর গবেষণা অনুযায়ী, বাংলাদেশের গ্রামাঞ্চলে ৪১ দশমিক ৭০ শতাংশ নারী স্বামীগৃহে নির্যাতনের শিকার হন। গ্রামাঞ্চলে নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ হলো যৌতুক। আমাদের দেশে প্রতিবছরই বিষফোড়ার মতো ক্ষত ছড়াচ্ছে যৌতুকের মতো ঘৃণ্য সামাজিক অপরাধটি। এর জন্য নারীরা শারীরিক, মানসিক নিগ্রহের শিকার তো হচ্ছেনই, অনেক ক্ষেত্রে এই যৌতুকের জন্য ভয়ংকরভাবে হত্যা বা আত্মহত্যার চিত্রও দেখা যায়।
প্রত্যন্ত অঞ্চলের নারীদের প্রতি যৌতুকের অর্থের জন্য শারীরিক-মানসিক নিপীড়নের চিত্র অত্যন্ত ভয়াবহ। এর পরেই আসে নারীদের প্রতি সহিংসতার সবচেয়ে কুৎসিত এবং ভয়ংকরতম মাধ্যম ধর্ষণ। গত বছর দেশে যতগুলো নারী নির্যাতনের খবর প্রকাশিত হয়েছিল, তার ৬৪ শতাংশই ছিল ধর্ষণ। প্রত্যন্ত এলাকার নারীদের অজ্ঞতা, ঘটনা লুকিয়ে রাখার প্রবণতা, ধর্ষণকারী প্রভাবশালী, বিচারহীনতা, নির্যাতিত নারী এবং তাঁর পরিবারের প্রতি হয়রানি, হত্যার হুমকি প্রভৃতি কারণে সেসব অঞ্চলে ধর্ষণ যেন নিত্যদিনের রুটিন। এর পাশাপাশি ভয়াবহভাবে আছে নারী পাচার। অ্যাসিড নিক্ষেপের ঘটনা আগের তুলনায় কমলেও এখনো পুরোপুরি এর থেকে মুক্তি পায়নি সমাজ।
এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের নারীরা কেন এতটা অনিরাপদ? দেশের বিদ্যমান আইনে নারীর প্রতি এসব সহিংসতা বন্ধে কোনো আইন কি নেই? উত্তর, হ্যাঁ অবশ্যই আছে। তবে নারী নির্যাতন বন্ধে সেই আইনের কার্যকারিতা এবং প্রয়োগ ঠিক কতটুকু হয়েছে বা হচ্ছে আসল প্রশ্নটি হওয়া উচিত সেখানে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৮(৪)-এ নারীদের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে। নারী নির্যাতনের ভয়াবহতা প্রতিরোধে আমাদের দেশে বিভিন্ন সময়ে নারী নির্যাতন প্রতিরোধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’, ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০’সহ আরও বহু আইন প্রণীত হয়েছে। নারীদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে বাংলাদেশ সরকার ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা, ২০১৩-২০২৫’ গ্রহণ করে। এই কর্মপরিকল্পনার আওতায় নারী নির্যাতন বন্ধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
এসব আইনে যৌতুকের জন্য হত্যা বা আত্মহত্যায় প্ররোচনা, ধর্ষণ, ইভ টিজিং, নারী পাচারসহ বেশির ভাগ নারী নির্যাতনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে মৃত্যুদণ্ড। এত সব আইন বিদ্যমান থাকার পরও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সহিংসতার শিকার ৯৭ শতাংশ নারী বিচার পান না। নির্যাতিত গ্রামীণ নারীরা বিচারের জন্য থানা পর্যন্ত পৌঁছাতে পারেন না। ফলে প্রত্যন্ত অঞ্চলের নির্যাতিত নারীদের জন্য ন্যায়বিচার পাওয়া নিছকই অকল্পনীয় ব্যাপার। যা বাংলাদেশের বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে।
এমতাবস্থায় প্রত্যন্ত অঞ্চলে নারী নির্যাতনের মূলোৎপাটন করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা দরকার। প্রথমত, সরকারের উচিত বিদ্যমান আইন এবং কর্মপরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা। এর জন্য প্রয়োজন প্রচলিত আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিচারিক নজির স্থাপন করা। তা ছাড়া নারীর প্রতি নির্যাতন নিপীড়ন প্রতিরোধে আইনগত সহায়তা এবং পরামর্শ প্রদানের জন্য গ্রাম্য সালিস না করে বরং প্রতিটি ইউনিয়নে ভিকটিম সাপোর্ট সেন্টার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ওয়ান–স্টপ ক্রাইসিস সেল প্রতিষ্ঠা করে সেখানে বিনা খরচে নির্যাতিতা নারীদের আশ্রয় ও সুরক্ষা প্রদানসহ সকল প্রকার আইনি সহায়তা প্রদানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে।
দ্বিতীয়ত, প্রত্যন্ত অঞ্চলের নারীদের ওপর নির্মম নির্যাতনের চিত্রপট বদলাতে হলে শুধু আইন তৈরি বা প্রয়োগ নয়, পিতৃতান্ত্রিক কর্তৃত্ববাদী সমাজের পুরুষদের নারীদের প্রতি নেতিবাচক মনোভাব বদলাতে হবে। সমাজের পুরুষদের চিন্তা-মগজ-মননে নারীর প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন নারী নির্যাতন বন্ধ ও নারীর অধিকার নিশ্চিতকল্পে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং সেখানে সমাজের শিক্ষিত, সচেতন ও নেতৃত্বস্থানীয় পুরুষদের অংশগ্রহণ নিশ্চিত করা। গবেষক ও সমাজবিজ্ঞানীদের মতে, এসব কর্মকাণ্ডে পুরুষের সম্পৃক্ততা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের বিরূপ দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে। নারীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টি হলে খুব সহজেই সমাজের চিত্র বদলে যাবে।
তৃতীয়ত, সমাজে নারীর সম্মানজনক অবস্থান তৈরি এবং নির্যাতন বন্ধে প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে শতভাগ শিক্ষার আলো ছড়ানো ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিতের বিকল্প নেই। এ জন্য সরকারিভাবে প্রত্যন্ত অঞ্চলে বাধ্যতামূলক শতভাগ নারীশিক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট বিধিমালাসহ আইন তৈরি এবং তার যথাযথ প্রয়োগ করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গ্রামীণ নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের বিনা সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করতে হবে। তা ছাড়া কুটিরশিল্প, সেলাইসহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সহযোগিতা করতে হবে।
প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এসব পদক্ষেপ গ্রহণ ও তা কার্যকর করা, বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করা, সমাজ ও পরিবারের সচেতনতা ও নৈতিকতা বৃদ্ধি করা এবং নারীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ আশাতীতভাবে কমে আসবে বলেই আমার বিশ্বাস।
সানজিদা আরমিন মীম
শিক্ষার্থী, আইন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
ই-মেইল: [email protected]