৪০তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশীরা আর কত অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিসিএস নন-ক্যাডার সুপারিশ নীতিমালায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনে স্বপ্নভঙ্গের মুখোমুখি ৪০ তম বিসিএস নন-ক্যাডার তালিকাভুক্ত ৮১৬৬ জন চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবার। নতুন নীতিমালা অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত জমাকৃত পদগুলো পিএসসি ৪০ তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগের জন্য সুপারিশ করবে এবং ৪৫তম বিসিএস থেকে সার্কুলারে নন-ক্যাডার পদের ও উল্লেখ থাকবে।

কিন্তু বাস্তবতা হলো এখন ২০২২ সাল। ২০১৮ সাল পর্যন্ত প্রায় সব নন-ক্যাডার পদ ৩৭তম বিসিএস (সার্কুলার: ২৯ ফেব্রুয়ারি ২০১৬) নন-ক্যাডারদের দেওয়া হল। এরপর ২০১৯, ২০২০, ২০২১ এবং ২৯ মার্চ ২০২২ সাল পর্যন্ত খালি হওয়া নন-ক্যাডার পদগুলো ৩৮তম বিসিএস (সার্কুলার: ২০ জুন ২০১৭) নন-ক্যাডারদের দেওয়া হল। বিপিএসসি’র যেকোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করি কিন্তু এই সিদ্ধান্তটি কোনো বিসিএসের চূড়ান্ত ফলাফলের ৬ মাস পরে না নিয়ে পরের বিসিএস থেকে নিলে অনেক প্রার্থীর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে না বিশেষ করে এটাই যাদের শেষ বিসিএস এবং যারা সম্পূর্ণ বেকার।

উল্লেখ্য, বিপিএসসির ইতিহাসে ৪০তম বিসিএস সবচেয়ে দীর্ঘ সময় পার করা বিসিএস, যার ২০১৮ সালে সার্কুলার হয় এবং ৩০ মার্চ ২০২২ সালে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। চূড়ান্ত ফলাফলের ৬ মাস পার হলেও নন-ক্যাডারের কোনো তালিকা এখনো প্রকাশিত হয়নি। তাছাড়া, ৪০তম বিসিএসের আদলে তৈরি অধিযাচনপত্রের মাধ্যমে জমা হওয়া পদগুলো বিপিএসসি সম্প্রতি মন্ত্রণালয়গুলোতে ফেরত পাঠিয়েছে। এ যেন হঠাৎ বিধি পরিবর্তন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে যাচ্ছি। উন্নত দেশে পরিণত হতে হলে প্রত্যেকটি মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের শূন্য পদগুলো খুব শিগগিরই পূরণ করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক চাওয়ামাত্র সেবা পায়। পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লবে নিজেদের অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হলে কারিগরি শিক্ষা বিভাগকে গুরুত্ব দিতে হবে। এই বিভাগে প্রচুর শিক্ষকসংকট। সংকট নিরসনে এ বিভাগের অধীন সকল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শূন্য পদগুলো পূরণ করতে হবে যা ৩৮তম বিসিএস থেকে উল্লখযোগ্য হারে সুপারিশ পেয়েছে। তাছাড়া প্রতি বছর নতুন নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু হচ্ছে ফলে নতুন পদ সৃষ্টি হচ্ছে। ৩৮তম বিবিএসের মতো ৪০তম বিসিএসেও কারিগরি শিক্ষা বিভাগের জন্য উল্লেখযোগ্য পরিমাণ পদের চাহিদা পিএসসিতে এসে ফেরত গিয়েছে যা খুবই হতাশার।

বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, কারিগরি শিক্ষা বিভাগের শিক্ষক সংকট নিরসনে এই পদগুলো প্রতি অর্থবছরে নিয়োগ দেওয়ার নির্দেশনা রয়েছে। এ পদগুলো যদি ৪৫তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশ করা হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা মতো শিক্ষক পেতে আরও ৪-৫ বছর অপেক্ষা করতে হবে যেখানে প্রতি বছর আরও নতুন চাহিদা সৃষ্টি হবে। তত দিনে শিক্ষক সংকট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে যা দেশ ও জাতির পাশাপাশি আমাদের জন্যও ক্ষতি ডেকে আনবে।

এই সিদ্ধান্ত ৮১৬৬ প্রার্থীকে চরম হতাশায় ঠেলে দিয়েছে বিশেষ করে যাদের কাছে এটাই শেষ বিসিএস। তাছাড়া বিসিএস নন-ক্যাডার থেকে মোট সুপারিশের ৩০-৪০ শতাংশ চাকরিতে যোগদান না করার ফলে ওই পদগুলো এমনিতেই পরের বিসিএসে যোগ হয়। সেই হিসেবেও অনেক পদ পরের বিসিএস পেয়ে যায়। তাই বিপিএসসি’র নিকট একটি মানবিক আবেদন, ৩৫-৩৮তম বিসিএস পর্যন্ত  নন-ক্যাডারের অনুসৃত পদ্ধতি অনুযায়ী যেন ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার সুপারিশ করা হয়।
এ জন্য আমরা ৪০তম বিসিএসের সকল মেধাবী তরুণ প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী ও পিএসসি’র চেয়ারম্যান মহোদয়ের প্রতি আকুল আবেদন করছি।

মোশাররফ হোসাইন
৪০তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী।
চান্দগাঁও, চট্টগ্রাম