দশম গ্রেডের আন্দোলন প্রাথমিকের শিক্ষকদের আত্মসম্মানের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের দীর্ঘ বঞ্চনার অবসান চেয়ে যতবার তাঁদের যৌক্তিক দাবি আদায় সফলতার কাছাকাছি এসেছে ততবারই চতুরতার পরিচয় দিয়েছে প্রশাসন।

এবারও বলা হয়েছে, তিনবার শিক্ষকদের গ্রেড পরিবর্তন হয়েছে। সুতরাং দেশের এই অবস্থায় দশম গ্রেডের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সুপারিশ পাঠানো যাবে না।

অন্যান্য পেশায় ১৬তম গ্রেড থেকে এক লাফে ১০ম গ্রেডে পৌঁছে যায় অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তিনবার পরিবর্তন হয়েও ১৩তম থেকে যায়। যা একজন সরকারি গাড়িচালকের চেয়েও এক স্তর নিচে। এই চতুরতার কারণ কী?

দেশ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করেছে। আরও বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাহলে ‘দেশের এই অবস্থা’ বলতে কী বোঝানো হয়েছে? এমন মনোভাব কি দেশের ভাবমূর্তি নষ্ট করে না?

অর্ধশত বছরের রাষ্ট্র আমাদের। তলাবিহীন ঝুড়ি থেকে এখন মধ্যম আয়ের দেশে আমরা। অচিরেই উন্নত দেশে পা রাখার স্বপ্ন আমাদের চোখে।

শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তর। শিক্ষার উন্নয়নের সামগ্রিক চিত্র অবলোকন করতে গেলে দৃষ্টি দিতে হবে প্রথম প্রাথমিক শিক্ষার দিকে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে অনেকেই একসঙ্গে কাজ করছে। কিন্তু মূল হচ্ছে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী’।

সদ্য স্বাধীন দেশে সংগত কারণেই প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মেধা এবং শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দেওয়া সম্ভব ছিল না। কিন্তু একটু একটু করে এগিয়ে যাওয়া আর ধাপে ধাপে উন্নয়নের সিঁড়ি অতিক্রম করা দেশে শুধু এসএসসি পাস থাকেনি প্রাথমিক শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপ অতিক্রম করা শিক্ষার্থীরা এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, উন্নত দেশের শিক্ষাপদ্ধতি অনুসরণসহ নানা দিক দিয়ে প্রাথমিক শিক্ষকেরা আজ অনেক পরিণত এবং দক্ষ।

কিন্তু মেরুদন্ড সোজা করে, সত্য এবং ন্যায়ের জন্য, উন্নত জীবনমান নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য যে আত্মমর্যাদা প্রয়োজন তা অনুপস্থিত। প্রাথমিক শিক্ষকদের বেতন সরকারি গাড়িচালকদের স্কেলের বেতনের চেয়ে এক ধাপ  নিচে। শুধু গাড়িচালক নয়, এমন আরও পেশাগত পোস্ট আছে, যেখানে প্রাথমিকের শিক্ষকদের চেয়ে বেশি বেতন। সেসব পেশাকে কোনোভাবে ছোট করছি না।

শিক্ষকদের অবহেলা আর বৈষম্যের চিত্রটা অনেক পুরোনো। সাহিত্য সমাজের দর্পণ। আমাদের সাহিত্য শিক্ষকের ললাটে অঙ্কন করেছে ‘সামান্য’ নামক বিশেষণ।

কালজয়ী চরিত্র ‘পণ্ডিতমশাই’ আর ‘তালেব মাস্টার’। শিক্ষকদের জীবনমান বিশ্লেষণে এ চরিত্র আমরা উপেক্ষা করতে পারি না।

একজন মেধাবী শিক্ষার্থীর কাছে এ দেশ, এ জাতি কেন আশা করবে সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে চির অসম্মান আর দারিদ্র্যকে ধারণ করবে জীবনে?

দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ প্রত্যেকেই তাঁদের উচ্চশিক্ষার ধাপ অতিক্রম করার শুরুটা করেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা থেকে। শত শত বছরের বঞ্চনা ফুলেফেঁপে আজ যে বিশাল আকার ধারণ করেছে তা সমাজের কাছে তুলে ধরে এ অবস্থার পরিবর্তনের জন্য, শৈশবের শিক্ষাগুরুর মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য কোনো দায়বদ্ধতাই কি নেই কারো?

অক্ষরজ্ঞান দান করে বছরের পর বছর এ জাতিকে দয়া করেছেন প্রাথমিকের শিক্ষকবৃন্দ। এবার গুরুদক্ষিণা দেওয়ার পালা।

এইচএসসি পাশ ডেটা এন্ট্রি অপারেটরদের দশম গ্রেড দেওয়া হয় অথচ মাস্টার্স পাশ শিক্ষকদের ক্ষেত্রে ‘দেশের এই অবস্থা’ বলে এড়িয়ে যাওয়া হয়। এভাবে আর কতোদিন?

শিগগিরই দশম গ্রেডের দাবিতে প্রাথমিকের শিক্ষকেরা আন্দোলনে নামবেন। এ আন্দোলনে সর্বস্তরের জনগণকে আমরা পাশে চাই।

শাকিলা নাছরিন
সহকারী শিক্ষক
জুরাইন আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডেমরা, ঢাকা।